প্রফেসর ড. ইউনূস সরকারকে ব্যর্থ করা সরকারি কর্মচারীদেরকে যদি বিএনপি সরকার চাকরীবিধি মেনে চলতে বাধ্য করতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে। গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা যে আদি আসল মব করলো, এ বিষয়ে সরকার যদি শুরুতেই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে প্রশাসনিক শৃঙ্খলা নড়বড় হয়ে যেতে পারে এমনকি ক্ষেত্রবিশেষে তা ভেঙেও পড়তে পারে।
মবের জন্য সমালোচিত প্রফেসর ড. ইউনূস সরকারের আমলে যেসব আসল মব হয়েছে, এর কয়েকটি বাদ দিয়ে অধিকাংশই করেছে সরকারি কর্মচারীরা। 'এটা চাই, ওটা চাই' করে দেড় বছরব্যাপী হট্টগোল। কিন্তু পরীক্ষা ছাড়া পাসের দাবিতে ছাত্রদের সচিবালয়ে ঢুকে পড়ার মব যতটা সমালোচিত হয়েছিল, ঠিক ততটা আলোচিত হয়নি সুযোগ সুবধিা বৃদ্ধির দাবিতে সচিবালয় জিম্মি করে কর্মচারীদের মব।
প্রফেসর ড. ইউনূস সরকারের আমলে, বিসিএস ক্যাডার হয়েও এনবিআরের কর্মচারীরা পদ-পদায়নের জন্য যেভাবে রাষ্ট্রকে জিম্মি করে মব করেছিল, তা নজিরবিহীন। শিক্ষকদের কথা বাদই দিলাম। অ্যাডমিন ক্যাডার তো হাতাহাতি পর্যন্ত করেছে। অন্যান্য ক্যাডার সকল আইন কানুন ভেঙে নজিরবিহীনভাবে কর্মবিরত করেছে। প্রতিদিন চাকরি যাওয়ার মত অপরাধ করলেও, ইউনূস সরকার ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি। কারণ তাদের কোন রাজনৈতিক শক্তি ছিল না।
বিএনপি বিপুল ভোটে নির্বাচিত একটি শক্তিশালী সরকার। তাদের পক্ষে কোনোভাবেই কর্মচারীদের আইন ভঙ্গ করা বরদাশত করা ঠিক হবে না। শিথিলতা প্রদর্শনও সমীচীন হবে না। এই শিথিলতা ও বরদশাতের সংস্কৃতি চালু হলে, কর্মচারীদের বেআইনী সভা-সমাবেশকে প্রশ্রয় দিলে, একদিন বিরোধী দলও এতে উস্কানি দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাতে পারে। তাই বাসর রাতেই সরকারকে বিড়াল মারতে হবে, শৃঙ্খলা বিধানে কঠোর হতে হবে।
প্রফেসর ড. ইউনূস সরকারের চুক্তিভিত্তিক নিয়োগকৃত গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তি নির্বাচিত সরকার বাতিল করে পছন্দসই যে কাউকে গভর্নর নিয়োগ দিতেই পারে। সেই নিয়োগ ভালো না মন্দ সেটা সময়ই বলে দিবে। তবে বাংলাদেশ ব্যাংকে যে আন্দোলন হয়েছে, এর প্রধান কারণ ছিল ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা। তাদের দাবি ছিল, বদলির আদেশ বাতিল করতে হবে, নইলে গভর্নরকে পদত্যাগ করতে হবে। বদলির আদেশ বাতিল না করার সাথে গভর্নরের পদত্যাগের কী সম্পর্ক, তা আমি বুঝতে পারিনা।
ভাবা যায়! কর্মচারীরা বদলি আদেশ বাতিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করছে! অথচ আইনানুযায়ী, কর্মচারীরা বদলির আদেশ মানতে বাধ্য। না মানলে সরকারি চাকরি থাকবেনা- এটাই স্বাভাবিক।
আমি যতটুকু জানতে পেরেছি, তাদেরকে বদলি করার যুক্তিসঙ্গত ও বিধিসম্মত কারণও রয়েছে। তাদের বদলি বিনা কারণে হয়নি। তারা গত ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন ডেকে গভর্নরকে স্বৈরাচার আখ্যা দেন। তাদের বক্তব্য ছিল রাজনৈতিক নেতাদের মত। বাংলাদেশ ব্যাংকের কর্মচারী হয়ে তারা এ ধরনের বক্তব্য রাখতে পারেন না। তাদের মূল দাবি ছিল, এসআইবিএল এবং এক্সিম ব্যাংককে দুর্বল ৫ ব্যাংকে একিভূত করা যাবে না। এ দাবীতো তারা নিয়ম মেনে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারতেন। সে দাবি মানা না মানা নীতিনির্ধারণী মহলের; তাদের নয়।
আমার সীমাবদ্ধতা বা ব্যর্থতা যে, আমি মোটেই বুঝতে পারছি না, বেসরকারি পাঁচটি ব্যাংক মার্জ হলে বাংলাদেশ ব্যাংকের সরকারি কর্মচারীদের কী ক্ষতি বা কী লাভ? এখানে বিগত সরকারের অবৈধ সুবিধাপ্রাপ্ত অলিগার্কদের চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতার আশংকা উড়িয়ে দেয়া যায় না।
আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কেবলমাত্র এবং একমাত্র অলিগার্কদের লুটপাটে। বিএনপি যদি এদের মদদ দেয়, তবে অর্থনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে তারাই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
টিবিএসের খবর অনুযায়ী আন্দোলনের নেতৃত্ব দেওয়া তিন কর্মকর্তা হলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। যতটুকু জানা গেছে, তিন জনই আওয়ামীপন্থী নীল দলের নেতা।
এই ক্রীড়ানকদের বিএনপির অনেকে মদদ দিচ্ছে বলেও জনশ্রুতি রয়েছে। গভর্নর বিদায়ের আগে বলে গেছেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে ব্যাংক দখলদারদের কাছে সেই ব্যাংকগুলো ফেরত দিতে চাপ দেওয়া হচ্ছে।
তবে বাস্তবতা হচ্ছে, অর্থনীতিকে বাঁচাতে হলে এই লুটেরাদের হাতে ব্যাংক ফেরত দেওয়া কোন ভাবেই সমীচীন হবে না। বিগত সরকার পাঁচটি ব্যাংককে একীভূত করার যে সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান নির্বাচিত সরকার তা পুন:মূল্যায়ন করে সিদ্ধান্ত নিবেন।
সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং তার উপদেষ্টা আহসান উল্লাকে গতকাল যেভাবে মব করে ব্যাংক ছাড়া করা হয়েছে, তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। প্রথম আলোর খবরে বলা হয়েছে, আহসান উল্লার ঘাড় ধরে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। এ সময় নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীর আহমেদসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকে কে গভর্নর হলো, এর চেয়ে বেশী জরুরি হলো বাংলাদেশ ব্যাংককে সাবেক অলিগার্কদের প্রভাব মুক্ত রাখা। ব্যাংক লুটেরাদের কঠোর হস্তে দমন করা। যারা একজন গভর্নরকে অপদস্ত করতে পেরেছে, কাল এরা বর্তমান গভর্নরকেও অপদস্ত করতে পারবে টাকার গরমে। তখন সাবলীল ভাবে দেশ চালনো কঠিন হয়ে পড়বে। এসব কর্মচারীদের আন্দোলনের পরপরই গভর্নর পরিবর্তনে, ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কানাঘোষা চলছে, বাংলাদেশ ব্যাংক আবারও লুটেরাদের দখলে ফিরতে যাচ্ছে।
আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর এ মুহূর্তের করণীয় হলো, আইন ভঙ্গ করে আন্দোলন, সমাবেশ করা এবং গভর্নর ও তার উপদেষ্টাকে হেনস্তা করা কর্মচারীদের চাকরিচ্যুত করে বাড়ি পাঠিয়ে দেয়া। তাহলে, এই দুঃসাহস আর কেউ করবে না। বিরোধীদলেরও উচিত, অন্তত ব্যাংক লুটেরাদের ঠেকাতে এই ইস্যুতে সরকারকে সমর্থন করা। ব্যাংক লুটেরাদের ঠেকাতে পারলে, দেশ থাকবে। তখন সরকার ও বিরোধী দল থাকবে। এসব লুটেরাদের যারা ফেরাতে চায়, তারা থাকলে অর্থনীতি, দেশ, সরকার সবাই পরবে মহাসংকটে।
লেখক: মো: মুখলেছুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ।
