রাজস্ব আদায়ের ক্ষেত্রে বর্তমানের যে গুরুতর সংকট আমরা প্রত্যক্ষ করছি, তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি একটি গভীর কাঠামোগত ব্যাধি, যা আমাদের কর-জিডিপি অনুপাতকে বিশ্বের সর্বনিম্ন পর্যায়গুলোর একটিতে (৬.৮ শতাংশ) নামিয়ে এনেছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে শুল্ক-কর আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৬০ হাজার কোটি টাকার বেশি পিছিয়ে থাকা নির্দেশ করে যে, আমাদের কর আহরণ ব্যবস্থা চরমভাবে ইনইফিশিয়েন্ট বা অদক্ষ। হিসাববিজ্ঞানের কনজারভেটিজম প্রিন্সিপাল বা রক্ষণশীলতার নীতি অনুযায়ী, সম্ভাব্য আয়কে কখনোই নিশ্চিত ধরে ব্যয় পরিকল্পনা সাজানো উচিত নয়। অথচ বাংলাদেশে বছরের পর বছর উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা ধরে বাজেট সাজানো হয়েছে, যা শেষ পর্যন্ত বিশাল ঘাটতি তৈরি করেছে।
অর্থনীতিবিদ আর্থার লাফারের লাফার কার্ভ তত্ত্বের আলোকে আমরা দেখি যে, করের হার অতিরিক্ত বাড়িয়ে দিলেই রাজস্ব বাড়ে না, বরং এতে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। বাংলাদেশের প্রেক্ষাপটে করের হার বাড়ানোর চেয়ে করের জাল বা ট্যাক্স নেট সম্প্রসারণ করা এখন সময়ের দাবি। বর্তমানে অর্থনীতির একটি বড় অংশ এখনো করের আওতার বাইরে রয়ে গেছে, যা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এলিট ক্যাপচার বা প্রভাবশালীদের কর বিমুখতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। আগামী বাজেটে এই রাজস্ব সংকট কাটাতে কর প্রশাসনের আধুনিকায়ন, অটোমেশন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বাধীন কর কর্তৃপক্ষ গঠন করা অপরিহার্য। নতুবা আয়ের তুলনায় ব্যয়ের এই ক্রমবর্ধমান ব্যবধান সরকারকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিতে পারে।
\r\nঋণের চক্র আজ বাংলাদেশের অর্থনীতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ঋণের সুদ পরিশোধ করতেই বাজেটের একটি বিশাল অংশ ব্যয় হয়ে যাচ্ছে। সরকারি ঋণের পরিমাণ যখন ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায় গিয়ে ঠেকে, তখন পল ক্রুগম্যানের ডেট ওভারহ্যাং তত্ত্বটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই তত্ত্ব অনুযায়ী, একটি দেশের ঋণের বোঝা যখন এতই বেড়ে যায় যে, তা পরিশোধের সক্ষমতাকে অতিক্রম করে, তখন বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন। কারণ, তারা মনে করেন ভবিষ্যতে তাদের ওপর উচ্চ করের বোঝা চাপানো হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ (৫ লাখ ৪৯ হাজার ৩২৬ কোটি টাকা) বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সংকুচিত করছে, যা অর্থনীতির পরিভাষায় ক্রাউডিং আউট ইফেক্ট হিসেবে পরিচিত।
যখন সরকার নিজেই ব্যাংক থেকে বড় অংকের ঋণ নেয়, তখন উদ্যোক্তারা উচ্চ সুদেও প্রয়োজনীয় মূলধন পান না, যা দীর্ঘমেয়াদে জিডিপি প্রবৃদ্ধিকে শ্লথ করে দেয়। অন্যদিকে, বৈদেশিক ঋণের ক্ষেত্রে ডলারের বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) বৃদ্ধির ফলে দায় পরিশোধের চাপ বেড়েছে বহুগুণ। হিসাববিজ্ঞানের ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অনুযায়ী সরকারের উচিত দেশের প্রকৃত ঋণের পরিমাণ এবং দায় পরিশোধের সময়সূচি জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা। আগামী বাজেটের সংযম পরিকল্পনায় অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ গ্রহণ বন্ধ করা এবং দীর্ঘমেয়াদি বন্ডের মাধ্যমে অভ্যন্তরীণ ঋণের কাঠামো পুনর্গঠন করা। যাতে ব্যাংক খাতের ওপর সরাসরি চাপ কমে আসে।
\r\nপরিচালন ব্যয় এবং সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের ওপর জনতুষ্টিবাদী বা পপুলিস্ট নীতির চাপ থাকে, যার প্রতিফলন আমরা দেখি মহার্ঘ ভাতা বা বিশেষ আর্থিক সুবিধার দাবির মধ্যে। কিন্তু সামষ্টিক অর্থনীতির বিচারে, ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন ব্যয় যখন রাজস্ব আয়ের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে রাষ্ট্র তার সামর্থ্যরে বাইরে ব্যয় করছে। রাষ্ট্রবিজ্ঞানের পাবলিক চয়েস থিওরি অনুযায়ী, রাজনীতিবিদরা প্রায়ই দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার চেয়ে স্বল্পমেয়াদি নির্বাচনী জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দেন।
বেতন-ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত যদি কেবল রাজনৈতিক সন্তুষ্টির জন্য হয়, তবে তা মুদ্রাস্ফীতিকে আরও উসকে দেবে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে। হিসাববিজ্ঞানের কস্ট-বেনেফিট অ্যানালাইসিস বা ব্যয়-সুবিধা বিশ্লেষণের আলোকে বিচার করলে দেখা যায়, অনুৎপাদনশীল খাতে ব্যয়ের চেয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগই অর্থনীতির জন্য শ্রেয়। আগামী বাজেটে পরিচালন ব্যয় কমাতে হলে প্রশাসনের আকার যৌক্তিকীকরণ, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যানবাহনের মতো বিলাসদ্রব্য ক্রয়ে কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। অন্যথায় সরকারি কোষাগারের শূন্যতা পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা আরও অসহনীয় হয়ে উঠবে।
\r\nবিএনপি নেতৃত্বে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বর্তমান আর্থিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা। এক কোটি কর্মসংস্থান সৃষ্টি বা নতুন পে-স্কেল বাস্তবায়নের মতো প্রতিশ্রুতিগুলো শুনতে আকর্ষণীয় হলেও বর্তমানের ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে এগুলোর বাস্তবায়ন প্রায় অসম্ভব। অর্থনীতির টাইম ইনকন্সিস্টেন্সি তত্ত্ব অনুযায়ী, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনের পরে নীতি বাস্তবায়নের মধ্যে যে ফারাক তৈরি হয়, তা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।
সরকারের পক্ষ থেকে যদি তড়িঘড়ি করে বড় ধরনের প্রকল্প বা জনতুষ্টিবাদী ব্যয় বাড়ানো হয়, তবে তা ফ্রেডরিখ হায়েকের (ঋৎরবফৎরপয ঐধুবশ) সতর্কবার্তা অনুযায়ী বাজার ব্যবস্থায় বিকৃতি ঘটাবে এবং মুদ্রাস্ফীতিকে এমন পর্যায়ে নিয়ে যাবে, যা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে, কর্মসংস্থান কেবল সরকারি নিয়োগ দিয়ে সম্ভব নয়, বরং বেসরকারি খাতের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করাই হলো প্রকৃত সমাধান। ইশতেহার বাস্তবায়নের চাপে যদি সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ব্যয় মেটানোর চেষ্টা করে, তবে তা মুদ্রার মান কমিয়ে দেবে এবং ডলার সংকটের আগুনে ঘি ঢালবে। তাই নতুন সরকারের উচিত হবে গ্র্যাজুয়ালিজম বা ধাপে ধাপে সংস্কারের পথে হাঁটা, যেখানে প্রথম দুই বছর কেবল স্থিতিশীলতা আনয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
পরবর্তী বছরগুলোতে আর্থিক সক্ষমতা সাপেক্ষে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোনো হবে। \r\nসামাজিক সুরক্ষা খাতের সংস্কার বর্তমান সংযম পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। কারণ কঠোর আর্থিক কৃচ্ছ্রসাধনের সবচেয়ে বড় প্রভাব পড়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এন্টাইটেলমেন্ট বা অধিকার তত্ত্ব অনুযায়ী, রাষ্ট্র যদি তার সংকটের সময়ে দরিদ্রতম মানুষকে ন্যূনতম সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তবে সেই উন্নয়নের কোনো সামাজিক বৈধতা থাকে না। বাংলাদেশের বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির বাজারে প্রান্তিক মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। এমতাবস্থায় বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ কমানো সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে এখানে হিসাববিজ্ঞানের ম্যাটেরিয়ালিটি বা গুরুত্বের নীতি প্রয়োগ করে দেখা গেছে যে, সামাজিক সুরক্ষার অনেক বরাদ্দই ভুল জায়গায় যাচ্ছে বা রাজনৈতিক বিবেচনায় বণ্টন হচ্ছে। বেনিফিশিয়ারি লিকেজ বা সুবিধাভোগীদের তালিকায় অনিয়ম দূর করা গেলে বিদ্যমান বরাদ্দ দিয়েই প্রকৃত দরিদ্রদের আরও বেশি সহায়তা দেওয়া সম্ভব। আগামী বাজেটে ওএমএস কার্যক্রম জোরদার করা এবং সরাসরি নগদ অর্থ হস্তান্তরের আওতা বাড়ানো প্রয়োজন। যাতে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা হলেও স্থিতিশীল থাকে। \r\nলেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়
