ব্যাংক খাত নিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার ক্ষমতায় এসেই লোন প্রভিশনিং নিয়ে বিআরপিডি সার্কুলার ১৫ জারি করে। এ কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ের শেষ পাঁচ বছরে যে পরিমাণ লোন প্রভিশনিং এবং লোন রিসিডিউল নিয়ে পরিপত্র ও সার্কুলার জারি করা হয়েছে, আওয়ামী সরকারের পুরো শাসনামলেও তা করা হয়নি। বিগত সরকারের শেষ সময়ে এসে যত সার্কুলার ও পরিপত্র জারি করা হয়েছে, তার পুরোটাই রাজনৈতিক বিবেচনায়, যা ব্যাংক খাতগুলোকে আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে গেছে। একজন ব্যবসায়ী যখন রাজনীতিবিদ হয় এবং সে নীতি পরিবর্তন করতে পারে, তখন তার মধ্যে এক ধরনের প্রভূত্বমূলক আচরণ লক্ষ করা যায়। বিগত সরকারের সময়ে বিশেষ করে জুনের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে যে পরিমাণ পরিপত্র জারি করে ব্যবসায়ীদের ফায়দা দেওয়া হয়েছে, তা কখনোই কোন সরকারের সময় দেওয়া হয়নি। প্রশ্ন হলো, কেন এই সুবিধা দেওয়া হলো? উত্তর অনেকেরই জানা, তাই সে বিষয়টি নিয়ে আলোচনা আর করার প্রয়োজন বোধ করলাম না। আমাদের আলোচনার বিষয় ভিন্ন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক সরকার নয় এবং কোন রাজনৈতিক ব্যবসায়ী দ্বারা প্রভাবিত নয়। তবুও এই সরকারের সময় লোন প্রভিশনিং ও রিশিডিউলিং করার জন্য তিন তিনটি পরিপত্র ও সার্কুলার জারি করা হয়, শুধু দেশের ব্যাংক খাতকে স্বস্তি দেয়ার জন্য। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিআরপিডির সার্কুলার মাধ্যমে বলা হয় ২ শতাংশ জামানোতে খেলাপি ঋণ নিয়মিত করা যাবে। বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছে বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান চালু ও চাঙ্গা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, দুই শতাংশ নগদ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবে, উক্ত ঋণটি পরিশোধের জন্য দশ বছর সময় দেয়া হবে এবং ঋণটি পরিশোধের জন্য আরো দুই বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে বিরতি সুবিধা পাবে। যারাই সুবিধা নিতে চান তারা ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করবেন।

এখানে দুটি বিষয় সমালোচনা করতেই হয়, এক. ডলারের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার এমন ব্যবসায়ী অর্থাৎ আমদানি ও রপ্তানিকারকের জন্যই বিশেষ সুবিধা কিন্তু ডলারের মূল্য বৃদ্ধি পায় ২০২২ সাল থেকে এবং সরকার পতন হয় ২০২৪ সালের আগস্টে। দ্বিতীয় যে বিষয়টি তা হলো, বিগত সরকারের সময়ে জামায়াত বা বিএনপিপন্থী ব্যবসায়ীরা কতটুকুই ব্যবসা-বাণিজ্য করতে পেরেছেন? কারণ, সরকারই বলছে, বিগত সরকার ছিল ফ্যাসিস্ট। যদি করেও থাকে তাদের হারটা কতটুকু? সুতরাং এর সুবিধাটা কার জন্য দেয়া হলো এবং এর ভবিষ্যতই বা কি?

সার্কুলারে যা পরিবর্তন হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পুনঃতফসিলের আবেদন পাওয়ার পর ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে তা নিষ্পত্তি করতে হবে। ঋণ পুনঃতফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আবার কেউ যদি এককালীন বা অ্যামিকেবল সেটেলমেন্ট করে তাহলে আরো এক বছর সময় পাবে।

এখানেও দুটি বিষয় সামনে আসে: এক. কেউ যদি মনে করে ২ শতাংশ নগদ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করবে, তাহলে করতে পারবে। এর জন্য সবমিলিয়ে ১২ বছর সময় পাবে। কিন্তু এর ভবিষ্যতটা কি, ইতিপূর্বে ১৬ মে ২০১৯ সালে একই ধরনের সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক যা বিআরপিডি সার্কুলার ৫। উইকিপিডিয়া তথ্য বলছে, ২০১৯ সালে বাংলাদেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ১৮৩ কোটি টাকা। পাঁচ বছর পরে এসে তথ্য বলছে ৫ লক্ষ ৩০ হাজার কোটি টাকার উপরে খেলাপি ঋণ। তার মানে এর ভবিষ্যৎ খুব বেশি একটা ভালো নয়।

তবুও কেন এই সার্কুলার? তা একটু ব্যাখ্যা করা যাক, ধরুন মি. ঢ তার পরিচালিত গ্রুপ অফ কোম্পানি ণ, যার আন্ডারে আরো ৪০টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু ণ কোম্পানিটি ঋণ খেলাপি এবং ওই কোম্পানির চেয়ারম্যান বা ডিরেক্টর মি. ঢ, এ কারণেই তার ঋণটি খারাপ হওয়াতে সে আর অন্য প্রতিষ্ঠানের নামে ঋণ নিতে পারছে না। আবার মি. ঢ তার অন্যান্য প্রতিষ্ঠান প্রফিটে থাকলেও, সে ণ কোম্পানিকে লোকসান দেখিয়ে ঋণটিকে পূর্ণ তফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকে তাগাদা দিচ্ছে। এসব ক্ষেত্রে যা হয় ঋণটি ফান্ড ডাইভারসেশন হয় নতুবা বিদেশে অর্থ পাচার হয়, যা অর্থনীতির জন্য কখনোই কাম্য নয়। সবাই যে একই রকম তাও নয়, কিন্তু ভালোর পরিমাণ অত্যন্ত কম। এখানে খুঁজে বের করতে হবে কে প্রকৃত অর্থেই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিকে সুবিধা দিতে আপত্তি নেই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্তের সুবাদে আরো সুবিধা নেয়ার চেষ্টা করে, সেটি হবে দেশের অর্থনীতির জন্য বিপত্তি। আইন সংশোধনের পূর্বে এই পুরো বিষয়গুলো খতিয়ে দেখা উচিত বলে মনে করে অনেক বিশেষজ্ঞ। আবার ধরুন মি. ঢ এর ণ কোম্পানির খেলাফি ঋণের পরিমাণ দশ কোটি টাকা এবং এর আউটস্ট্যান্ডিং ১২ কোটি টাকা। ঋণটিকে যখন পূর্ণ তফসিল করা হবে তখন অনারোপিত সুদ যোগ হয়ে প্রিন্সিপাল গিয়ে দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ থেকে ১৪ কোটিতে। হয়তো সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমে গেল, কিন্তু তার দীর্ঘ মেয়াদে কখনো সুফল বয়ে আনবে না। যদিও সারকুলারে বলা হয়েছে, প্রকৃত আদায় ব্যতিরেকে পুনঃতফসিলকৃত ঋণ হিসাবের বিপরীতে ইতঃপূর্বে সংরক্ষিত স্পেসিফিক প্রভিশন (Specific Provision) ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে তা সাধারণ প্রভিশন সংরক্ষণের নিমিত্ত স্থানান্তর করা যাবে।

দ্বিতীয় যে বিষয়টি অ্যামিকেবল সেটেলমেন্ট বা এককালীন ঋণ পরিশোধের ক্ষেত্রে এক বছর সময় দেয়া হবে। অর্থাৎ এখানে ঋণ গ্রহিতাকে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি যা ব্যাংকের কাছে মর্টগেজ ছিল, তা মুক্ত করে দেয়া হলো। এখন ঋণ গ্রহীতা হয়তো ঋণটি পূর্ণ পরিশোধ হয়ে যাবে, যা ব্যাংকে কখনোই খেলাপি হিসেবে ফিরে আসবে না।

সার্কুলারটি যদি দেশের উন্নয়নের স্বার্থে এবং লাইনচ্যুত ব্যাংকিং খাতকে লাইনে ফেরানোই মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ভালো। তবুও প্রশ্ন থেকেই যায়, এটি কতটা আশার আলো জোগাবে? আর যদি খাদের কিনারায় থাকা ব্যাংক খাতকে রক্ষার জন্য অর্থাৎ প্রভিশনিংয়ের খপ্পরে পড়ে কিছু ব্যাংক ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে, সেই দুর্বলতা থেকে রক্ষা করা। সেটিও এক অর্থে ভালো। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, পূর্বের অভিজ্ঞতা যেহেতু ভালো নয়, তাই বর্তমান অভিজ্ঞতা সুখকর হবে না। যদিও বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং তবুও দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করণ দেশ ও জাতির জন্য কল্যাণজনক নয় কি? তবুও ভালো কিছুর আশায় রইলাম। স্বস্তি ফিরুক ব্যাংকিং খাতে স্বস্তি ফিরুক দেশের অর্থনীতিতে। কারণ, ব্যাংকই অর্থনীতির প্রাণ।

লেখক: ব্যাংকার ও কলামিস্ট aktarrofikul@gmail.com