অনলাইন সন্ত্রাস আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশনকে এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। নির্বাচন শুরু না হতেই একদলের সমর্থকরা আরেক দলের নেতাদের চরিত্র হনন করছে। নির্বাচনি সিডিউল ঘোষণা হওয়ার পর এই অপসংস্কৃতি ভয়াবহ রূপ নেবে। প্রতিদিন নিয়ে সংঘাতও দেখা দেওয়ার সম্ভাবনা ব্যাপক। ফলে নির্বাচনি পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রক্রিয়ায় আরও ভয়াবহ রূপ দেবে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)! \r\n৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী কয়েকমাসের শুরু হয়ে গেছে বিভিন্ন দল এবং নেতাদের চরিত্র হনন প্রক্রিয়া। বিভিন্ন নেতিবাচক সংবাদ, যার সঙ্গে দল বা দলের নেতা জড়িত নয়।
সেগুলো ভিন্ন দল এবং দলের নামে ফটো কার্ড বানিয়ে অনলাইনে প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি এআই ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দলের নেতাদের মুখ দিয়ে দল বিরোধী কথা প্রচার করছে। এছাড়া, রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এডিট করে বিকৃতভাবে অনলাইনের মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে। ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। \r\nনির্বাচন শুরু হওয়ার আগেই অনলাইন সন্ত্রাস বন্ধ করতে হবে। যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দুরূহ হয়ে পড়বে। ফলে নির্বাচনে জনগণের আকাক্সক্ষা প্রতিফলিত না হওয়ার সম্ভাবনাই বেশি। \r\n১১ নভেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটা বক্তব্য নিয়ে দেশে তুমুল আলোড়ন চলছে।
ঐ সভায় তিনি বলে বলেছেন, তাঁরা নির্বাচিত হলে আওয়ামী লীগ নেতাদের সকল মামলা তুলে নেওয়া হবে। দেশের সকল মিডিয়া এবং বিবিসি বাঙলা-ও এটা প্রচার করে। অবশেষে মির্জা ফখরুল বিবৃতির মাধ্যমে বিষয়টি খণ্ডন করেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ ১১ নভেম্বর ২০২৫ বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। \r\nমির্জা ফখরুল বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব।
কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি । বিবৃতি দেয়ার আগেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতারা এ নিয়ে ব্যাপক নেতিবাচক মন্তব্য করেছেন। যার মধ্য দিয়ে দল এবং দলের ভাবমূর্তি দেশের জনমানুষের কাছে ক্ষুণ্ন হয়েছে। তবে সংবাদটি ভুল উপস্থাপন করার জন্য কোনো সংবাদ প্রতিষ্ঠান এ নিয়ে দুঃখ প্রকাশ করেনি।\r\nসম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) একটা সংবাদ ভুল উপস্থাপন করার জন্য মহাপরিচালক এবং বার্তা প্রধান পদত্যাগ করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিবিসির গুরুত্বপূর্ণ তথ্যচিত্রভিত্তিক অনুষ্ঠান প্যানোরামা র একটি পর্বে ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এই অভিযোগের জেরেই বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন। যা আমাদের দেশে কল্পনাতীত। দেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলোকে আরও সতর্ক হতে হবে। টিভি চ্যানেলের উপস্থাপকেরা এমন সব প্রশ্ন তৈরি করেন, যা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং একটা বড় দলের বিপক্ষে যায়। যে দলের স্বৈরাচারী শাসনের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতি। অথচ আগের স্বৈরশাসন সম্পর্কে কিছুই বলা হয় না। টিভি কর্তৃপক্ষ বেছে বেছে এমন সব লোক আনেন যারা এ কাজে পারদর্শী। এক-এগারোর সরকারের সময়কার সংস্থার ভাড়াটে লোকেদেরই সমাগম বেশি। তাঁরা বিদ্বেষ প্রসূত অসত্য কথা বলেন, দেশের কল্যাণে গঠনমূলক কথা বলেন না। এতে মানুষের এক অংশ বিভ্রান্ত হয়। আরেক অংশ বিক্ষুব্ধ হয়।
\r\nপ্রতিদিন আমরা দেখছি, কাউকে না কাউকে মিডিয়া ট্রায়ালে দাঁড় করানো হচ্ছে! অভিযুক্তের বিরুদ্ধে লঘু অপরাধে সর্বোচ্চ অভিযোগ আনা হচ্ছে। এমন সব কথা উল্লেখ থাকে যা অভিযুক্তের সঙ্গে যায় না। কিংবা এআই-এর মাধ্যমে অনলাইনে নিউজের নামে একটা গল্প ছাড়া হলো। অথচ অভিযুক্তর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। একবারের জন্যও ভাবা হচ্ছে না, লোকটির সামাজিক অবস্থান। কিংবা রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা। \r\nবাকস্বাধীনতা বা তথ্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরাও এটা বিশ্বাস করি, যেখানে কোনো সেন্সরশিপ থাকবে না। তবে পাশাপাশি এটাও বলা আছে, প্রতিটি ব্যক্তির প্রাইভেসির প্রতি সম্মান জানানো এবং তাদের অধিকারের প্রতি খেয়াল রাখা উচিত। এসব বিবেচনা করেই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অনলাইনের মাধ্যমে সামাজিক সন্ত্রাস যেন সৃষ্টি না হয়। বিশেষ করে নির্বাচনের আগে এটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে দল এবং নেতার প্রতি সমর্থকরা অন্ধ থাকে। নির্বাচনের সময় যদি এই অনলাইন সন্ত্রাস অব্যাহত থাকে, তাহলে দেশে বিপর্যয় দেখা দিতে পারে।\r\nলেখক : সিনিয়র সাংবাদিক
