সাংবাদিকতা একটি মহান পেশা। সংবাদপত্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে বিবেচনা করা হয় চতুর্থ স্তম্ভ হিসেবে। রাষ্ট্রের অপর তিনটি স্তম্ভ হলো- জাতীয় সংসদ, প্রশাসন ও বিচার বিভাগ। রাষ্ট্রের কোনো স্তম্ভই পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। তবে একটি ঝুঁকিপূর্ণ পেশা। সংবাদপত্রকে প্রতিটি সূর্যোদয়েই পাঠক তথা দেশের নাগরিকদের সমীপে উপস্থিত হতে হয়। প্রতিটি দিনই তাকে দিতে হয় সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠার পরীক্ষা। সংবাদপত্র সতত তাই জবাবদিহির মুখোমুখি। বলাবাহুল্য, সত্য, সেবা, সাংবাদিকতা- এই তিন একসূত্রে গাঁথা। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিক আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চললে নিশ্চিত হয় দেশের সেবা ও মানব কল্যাণ।
সাংবাদিকের কণ্ঠরোধ করতে গিয়ে তাকে প্রাণে মেরে ফেলার ঘটনা তাই মহাঅপরাধ।\r\nদেশ ও সমাজের কল্যাণ এবং উন্নতির নেপথ্যে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা বর্তমানে প্রতিষ্ঠিত। পক্ষপাতহীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উপকৃত হয় মানুষ। যারা কোনো না কোনোভাবে অনৈতিকতা ও অপরাধের সঙ্গে যুক্ত তারাই সংবাদমাধ্যমকে ভয় পায়। নিজ অপকর্মের সংবাদ প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই তারা গণমাধ্যমের গলা টিপে ধরতে চায়। আক্রমণ চালায় সাংবাদিকদের ওপর। আমরা যদি বিশ্বের প্রেক্ষাপটে বিচার করি তবে দেখব অপরাধ, মতানৈক্য ও দমন-পীড়নের খবর চাপা দেওয়ার জন্য সরকার ও অপরাধীদের পুরানো কৌশলের পাশাপাশি নতুন নতুন সব হুমকির মোকাবিলা করতে হচ্ছে সাংবাদিকদের। বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন।
বিশ্বের উন্নত দেশে স্বাধীন সংবাদপত্র বড় দৃষ্টান্ত হয়ে উঠলেও বাংলাদেশে প্রভাবশালী ও অর্থনৈতিক বিচারে ক্ষমতাবান মহল সাংবাদিকতার জন্য বারবার হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিকূলতা মোকাবিলা করেই দেশে সাংবাদিকতার প্রভূত উন্নতি হয়েছে। এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও কেউ অপকর্ম করে রেহাই পায় না। সে সংবাদটি কোনো না কোনো সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে। বিগত অর্ধ দশকে দেশে ডিজিটাল পদ্ধতির ব্যাপক প্রসারের ফলে অনলাইনে অত্যন্ত অল্প সময়ের ভেতর কোনো সুখবর বা দুঃসংবাদ রাষ্ট্র হয়ে যায়। আর মুহুর্মুহু এর প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাংবাদিকতার এসব সফলতার পাশাপাশি সাংবাদিক নির্যাতন কিন্তু থেমে নেই। \r\nসম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস আক্রান্ত দুটি কাগজের সম্পাদককে ফোন করে আশ্বস্ত করেছেন এই বলে যে, সরকার আপনাদের পাশে আছে । পক্ষান্তরে টিআইবি অভিমত প্রকাশ করেছে, গণমাধ্যমে আক্রমণের দায় সরকার এড়াতে পারে না । সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ওই ঘটনায় গভীর উদ্বগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই আক্রমণ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় এবং দায়িত্বহীনতারও স্পষ্ট বহিঃপ্রকাশ। \r\nগণতন্ত্রের অভিযাত্রা সুগম রাখা, সমাজ তথা গণমানুষের বাস্তব পরিস্থিতি উপস্থাপন, তাদের কণ্ঠস্বর ঊর্ধ্বে তুলে ধরা এবং সব ধরনের অন্যায়, দুর্বৃত্তপনা ও নৈরাজ্যের স্বচ্ছ চিত্র তুলে ধরার স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা দান অত্যন্ত জরুরি। এর ব্যতিক্রম হলে দেশ যেমন উল্টো পথে যাত্রা করে, তেমনি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
