নদীমাতৃক বাংলাদেশে নদী বিধৌত জীবনচক্র গড়ে উঠেছে এ অঞ্চলের সমাজ সভ্যতায় হাজার বছরের পথ-পরিক্রমায়। নদীর একপাড় ভাঙে আরেক পাড় গড়ে- এই তো নদীর খেলা। নদী ব্যবস্থাপনায় পোল্ডার নির্মাণ একটি আধুনিক পদ্ধতি। কিন্তু তা যদি হয় অপরিকল্পিত, তবে তা দেশের পরিবেশ, মৎস্য ও কৃষি সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বাংলাদেশে নদী ব্যবস্থাপনায় পোল্ডারের ব্যবহার নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে নেওয়া হলেও এখানে এর ব্যবহার অনেক ক্ষেত্রেই অপরিকল্পিত, অব্যবহৃত এবং হিতে বিপরিত হয়েছে। নেদারল্যান্ডসের নদী-প্রবাহের বৈশিষ্ট্য এবং জলবায়ু পরিস্থিতি বাংলাদেশ থেকে একেবারে ভিন্ন। সে কারণে সেখানে ব্যবহৃত পোল্ডার পদ্ধতি বাংলাদেশে প্রয়োগ করতে গিয়ে আমরা নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছি।
যার ফলে নদীর গভীরতা কমে গিয়ে পলি জমতে শুরু করেছে। এর ফলে নদী ভরাট হয়ে মৃতপ্রায় হয়ে যাচ্ছে এবং মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য আবাসস্থল হচ্ছে সংকুচিত। নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত এবং এর ফলে একাধিক পরিবেশগত ও মানবিক সংকট সৃষ্টি করছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, যশোর এবং চলনবিলের মতো অঞ্চলে পোল্ডারের প্রভাব একেবারে ভয়াবহ হয়ে উঠেছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া গবেষণাহীন পোল্ডার ব্যবহারের ফলস্বরূপ নদীর মৃত্যু ও ভরাট হয়ে যাচ্ছে। পোল্ডারের কারণে জলাবদ্ধতা, অথবা অপরিকল্পিতভাবে পোল্ডার তৈরি করার কারণে নদী এবং জলাশয়ের পানি প্রবাহ স্বাভাবিকভাবে চলতে পারে না। যার ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে ভুগছে পানির সংকটে।
জলাবদ্ধতা বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন ও জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা বৃদ্ধি বিশেষত উপকূলীয় অঞ্চলে, সেখানে পোল্ডারের কারণে মিঠা পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সমুদ্রের লবণাক্ত পানি সহজেই ঢুকে পড়ছে। এর ফলে কৃষিজমি ও পানির উৎস লবণাক্ত হয়ে উঠছে, যা সুপেয় পানির সংকট সৃষ্টি করছে। খুলনা ও সাতক্ষীরার কৃষকরা বিশেষ করে এই সমস্যায় ভুগছেন। কারণ মিঠা পানি কমে যাওয়ার কারণে চিংড়ি চাষ ছাড়া অন্য ফসলের উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় জনগণের জীবন ও জীবিকা বিপন্ন হচ্ছে। \r\nঅনুসন্ধানে জানা যায়, পোল্ডারের কারণে নদীর পানি ধারণক্ষমতা হ্রাস পাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় পোল্ডার পদ্ধতির অপরিকল্পিত ব্যবহার পরিবেশগত বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নদী ভরাট হওয়া, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, কৃষি সংকট এবং পানির সংকট এসবই এর ফলস্বরূপ। এটি শুষ্ক মৌসুমে পানির সংকট তীব্রতর করছে। যার প্রকট নেতিবাচক প্রভাব কুষি, কৃষক ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও রুটিরোজগারে স্পষ্টভাবে পড়ছে। আমরা মনে করি, সবকিছুই বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী না করে- দেশের ভূগাঠনিক বাস্তবতার আলোকে বিজ্ঞানসম্মত কার্যকরী পদক্ষেপ নেওয়া আবশ্যক।
