আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে ২০০৯ সালে। এর পরপরই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের কাছে বলেছিলেন, ‘আমাদের দেশে অসম্ভব বিত্তশালী কিছু রাক্ষস সৃষ্টি হয়েছে।’ আরেক অনুষ্ঠানে তিনি এও বলেছিলেন, ‘নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার অনুযায়ী, সরকারের স্বচ্ছতার স্বার্থে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব অবশ্যই জাতির সামনে তুলে ধরা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ফেব্রুয়ারি থেকেই সম্পদের হিসাব সরকারের কাছে জমা দিতে বলা হবে।’ (একাধিক জাতীয় দৈনিক: ১৪ জানুয়ারি ২০০৯)।

এরপর সরকারের পক্ষ থেকে মন্ত্রী ও সংসদ সদস্যদের আয় এবং সম্পদের হিসাব বিবরণী প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্পিকারের কাছে জমা দেওয়ার জন্য দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরও অধিকাংশ ব্যক্তি নির্লিপ্ত থাকেন। সময় গড়াতে গড়াতে দুই বছর পার হয়ে যায়। ২০১১ সালের মার্চ মাসে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিবরণীতে মন্ত্রীদের সম্পদ-সম্পত্তি বিষয়ে মোট ১৭টি তথ্য যুক্ত করতে বলা হয়। কিন্তু কে শোনে কার কথা! বাস্তবে টানা তিন মেয়াদে (২০০৯-২০২৪) দীর্ঘ ১৫ বছরে কাজের কাজ কিছুই হয়নি। আসলে দল ক্ষমতায় থাকা অবস্থায় অনিয়ম-দুর্নীতি ও বড় অঙ্কের টাকা নয়ছয়ের প্রকৃত পরিস্থিতি জানাও অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। জোরালো কোনো বাধা বা কঠিন শাস্তির ব্যবস্থা না থাকায় যে যেখানে যেভাবে পেরেছেন, বিপুল পরিমাণ টাকা ও অপরিমেয় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে (২০০৯-২০১৩) সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে ক্ষমতাসীন হয়। সেবার সরকার গঠনের পর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্য ও সাংসদদের আয় এবং সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কেবল তাই নয়, মন্ত্রী ও সাংসদদের নিকটাত্মীয়দের সম্পদের হিসাব জমা দেওয়ার তাগিদ দেন তিনি। কিন্তু নতুন সরকারের প্রথম বছরেই সম্পদ-সম্পত্তির হিসাব দাখিল করা-না করা নিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের মাঝেই দেখা দেয় নানা মতভেদ। ফলে পাঁচ বছরের পুরো মেয়াদ অতিবাহিত হলেও এ সম্পর্কে বিস্তারিত জানার আর কোনো সুযোগই হয়নি।

সরকারের মেয়াদ শেষে একে একে মন্ত্রী, সাংসদ ও তাদের স্ত্রীর মালিকানায় থাকা সম্পদের বিবরণ প্রকাশিত হয় পত্রপত্রিকায়। মন্ত্রী ও সাংসদরা একেকজন পাঁচ বছরে (২০০৯-২০১৩) কী বিশাল সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন, তার অনেকটাই সর্বসাধারণের গোচরে আসে। এরূপ চিত্র দশম সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে স্বেচ্ছায় দেওয়া তাদের হলফনামা থেকে বেরিয়ে আসে। সংশ্লিষ্টদের মধ্যে অনেকেরই সম্পদের পরিমাণ নাকি প্রকাশিত বিবরণের চেয়ে অনেক গুণ। আরও চাঞ্চল্যকর তথ্য, মন্ত্রী ও সাংসদদের মধ্যে কারও কারও স্ত্রী এ সময় সম্পদের পরিমাণে স্বামীকেও ছাড়িয়ে যান! নগদ অর্থ, ব্যাংক ব্যালান্স, বাড়ি-গাড়ি, আবাদি জমি, প্লট-ফ্ল্যাট, বহুতল ভবন, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শেয়ারে বিনিয়োগ, বীমা, সঞ্চয়পত্র– কোনদিক দিয়ে তাঁরা পিছিয়ে! মন্ত্রী-সংসদ সদস্যরা স্বেচ্ছায়, সজ্ঞানে এবং নিজ হাতে নির্বাচন কমিশনে জমা দেওয়া অঙ্গীকারনামায় যেসব সম্পদের উল্লেখ করেছেন, তা সর্বসমক্ষে প্রকাশ হতে দেখে এতেই মন্ত্রী ও সংসদ সদস্যরা বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আমরা আর অতীতমুখী হতে চাই না। সামনেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন। জানি না, খ্রিষ্টীয় নতুন বছরে বিজয়ী কোন দল কিংবা কার নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। তবে নির্বাচনের আগেই দল ও প্রার্থীদের কাছ থেকে সবার সম্পদের বিবরণ এবং দুর্নীতি দমনে অঙ্গীকার চাই। অতীতের মতো কেবল কথার কথা নয়, কাজেও তা দেখাতে হবে। একই সঙ্গে ‘রাক্ষস সৃষ্টির মেশিন’ও অচল করা চাই।

বিমল সরকার: অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক