আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীতে গুলিবর্ষণ, লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ সব মিলিয়ে আতঙ্কগ্রস্ত ভোটার, প্রার্থী ও প্রশাসন। যখন প্রার্থী ও সাধারণ মানুষ সমানভাবে শঙ্কিত, তখন কেবল বিবৃতি আর চিঠি দিয়ে দায়িত্ব শেষ করা যায় না।
নির্বাচন কমিশন ও সরকার যতই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলুক, বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে প্রতিনিয়ত এই ধারণাই শক্ত হচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে যে অশনিসংকেত সুস্পষ্ট হয়ে উঠছে, তার নাম একটাই, টার্গেট কিলিং। সাম্প্রতিককালের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি সংঘবদ্ধ ও প্রশিক্ষিত সন্ত্রাসী চক্র ওৎ পেতে আছে। আমাদের দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় অনেক প্রার্থীর গাড়ি নেই, ব্যক্তিগত বডিগার্ড নেই। রাষ্ট্র যদি সকল প্রার্থীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে না পারে- তবে নির্বাচন হবে কাদের জন্য? নির্বাচনী প্রচার মানেই গণসংযোগ, জনসমাবেশ। সেখানে ‘সাধারণ মানুষের বেশে’ দুর্বৃত্ত ঢুকে পড়লে আগাম সতর্কতা প্রায় অসম্ভব। নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলো একযোগে নির্বাচনি মাঠের নিরাপত্তা জোরদারের দাবি তুলেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এটি সাধারণ কোন দাবি নয়; এটি জীবনরক্ষার আহ্বান। জুলাই-আগস্টের গণআন্দোলনে লুট হওয়া বিপুল অস্ত্রের অধিকাংশ এখনো উদ্ধার হয়নি, পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে পলাতক শেখ হাসিনা গংয়ের উসকানি ও অনুপ্রবেশকারীদের অস্ত্রের ঝনঝনানিতে নতুন করে আতঙ্কের বাতাস বইছে এবং একের পর এক টার্গেট কিলিং রাষ্ট্রীয় নিরাপত্তাকে ভঙ্গুর করে তুলছে। গত শুক্রবার ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে গুলি করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
হত্যাচেষ্টার এই মূল সন্দেহভাজনের জামিন প্রক্রিয়া নিয়ে জনমনে বিচারব্যবস্থা ও রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারনার জন্ম দিয়েছে। যদিও আইন পেশায় যে কোন আইনজীবি তার মক্কেলের পক্ষে অবস্থান নিতে পারবেন তবুও কিছু মামলায় সম্পৃক্তি আইনজীবীদের বিতর্কিত করে দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ‘প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে’ ভয়ংকর এক দৃষ্টান্ত স্থাপন করে। এটি কি রাষ্ট্রের নিরাপত্তা ব্যর্থতার স্বীকারোক্তি নয়? গণতান্ত্রিক নির্বাচনে প্রার্থীকে অস্ত্র ধরতে উৎসাহিত করা মানে নির্বাচনী মাঠকে অস্ত্রের ময়দানে রূপান্তর করা। এর পরিণতি কী হতে পারে, তা অনুমান করা কঠিন নয়।
প্রধান উপদেষ্টার বক্তব্য ‘প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে’ পরিস্থিতির ভয়াবহতা আরও নগ্ন করেছে। এই মুহূর্তে টার্গেট কিলিংয়ের আতঙ্ক কেবল নির্বাচনকে নয়, রাষ্ট্রের নৈতিক ভিত্তিকেও কাঁপিয়ে দিচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আতঙ্কই রাজনীতির ভাষা হয়ে উঠবে। আর তখন একটি ভোট নয় গণতন্ত্রই রক্তাক্ত হবে, এমনটি কাম্য হতে পারে না।
