বিশ্বের বহু দেশ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। সাধারণত এসব দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিপ্লবী ও বিরোধী পক্ষের মধ্যে তেমন মতবিরোধ দেখা যায় না। কারণ যা ঘটেছে তা জনগণের প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এই নিয়মের ব্যতিক্রম। স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশের সমন্বিত ও নিরপেক্ষ ইতিহাস নেই।

নিবন্ধটি লেখার আগে আমি বাংলাদেশের নানা গবেষকের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তারা মূলত ১৯৭১-৭৫ সালের রাজনৈতিক সময়ের দিকেই ইঙ্গিত করেছেন। তাদের মতে, ১৯৭১-৭৫ ছিল বাংলাদেশের অস্থিরতম রাজনৈতিক সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন রাষ্ট্রশক্তির কেন্দ্রবিন্দু। ১৯৭৩ সালের নির্বাচনে কার্যত কোনো বিরোধী দল ছিল না। অপরদিকে সরকারের অতিরিক্ত ক্ষমতা ব্যবহারের ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। পরে শেখ মুজিব একদলীয় রাষ্ট্রব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন এবং সব রাজনৈতিক দল ও সংবাদমাধ্যম নিষিদ্ধ করেন।

১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশ সামরিক শাসনের অধীনে ছিল– প্রথমে জিয়াউর রহমান, পরে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে। সামরিক শাসকরা ইতিহাসের মৌলিক উপাদান পরিবর্তন করেন। বিশেষত, এরশাদ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংবিধানে সংযোজন করেন, যা বাংলাদেশ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে মৌলিকভাবে পরিবর্তিত করে। ১৯৯০-এর পর থেকে বাংলাদেশ গণতন্ত্র অনুশীলন করলেও আজ তা জনগণের কাছে ক্রমশ দূরবর্তী স্মৃতিতে পরিণত হচ্ছে। নির্বাচিত সরকারগুলোর আচরণ অনেক ক্ষেত্রেই ছিল স্বৈরশাসনের মতো। আমরা সবাই শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক জোটের অধীনে দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত।

মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে রচিত বইগুলোর ভিত্তিতে তা করা যেতে পারে। হেগেল তিন ধরনের ইতিহাসের কথা বলেছেন– মূল ইতিহাস, প্রতিবিম্বিত ইতিহাস এবং দার্শনিক ইতিহাস (হেগেল, ১৮৩৭)। একই কাঠামো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বোঝাতেও প্রয়োগ করা যেতে পারে।

উদারপন্থি লেখালেখিতে মুক্তিযুদ্ধ ‘মূলধারা ’৭১’ বাংলাদেশের নিরপেক্ষ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বই। এর লেখক মঈদুল হাসান ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি যুদ্ধ-সম্পর্কিত নথি ও উপাদানে অধিকতর প্রবেশাধিকার পেয়েছিলেন। হাসানের মতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জাতীয় সংগ্রামের নামে লেখা হয়েছে। বইটির ভূমিকা অংশে তিনি দেশের স্বাধীনতার পেছনের কয়েকটি কারণ উল্লেখ করেন। প্রধান কারণ ছিল ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান। যার ফলে ‘পাকিস্তান’ নামক প্রকল্পের ভেতরে বহু ভাষা, সমাজ, জাতিসত্তা, ইতিহাস ও ধর্মের বিকাশ ঘটে। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে এক ধরনের সমঝোতা।

তবে সুসংহত রাষ্ট্র কাঠামোর রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যকর নেতৃত্বের অভাবে বাধাগ্রস্ত হয়। ‘১৯৭১: ভেতরে বাইরে লিখেছেন এ. কে. খন্দকার। তিনি মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন; পরে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু গবেষকের মতে, এ. কে. খন্দকার অকপটে ১৯৭১-এর প্রকৃত চিত্র তুলে ধরেছেন। কিন্তু মানুষ একমত হয়নি তাঁর সেই বক্তব্যের সঙ্গে, যেখানে তিনি বঙ্গবন্ধুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানকে ২৫ মার্চের অপারেশনের আগে শক্তি অর্জন করতে সুযোগ দেওয়ার অভিযোগে। তাদের বিশ্বাস ছিল, ১৯৭১-এর যুদ্ধকালে বঙ্গবন্ধুই ছিলেন সবচেয়ে নিষ্কলুষ ব্যক্তি। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আন্তরিকভাবে শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের অবস্থান ও মনোভাবের কারণে তা সফল হয়নি। ইয়াহিয়া খান ছিলেন ভণ্ডামিপূর্ণ আচরণে লিপ্ত। ভুট্টো ছিলেন ভণ্ড। পশ্চিম পাকিস্তানের সামরিক কর্মকর্তারাও ভণ্ডামি করেছিলেন। বঙ্গবন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ ও রক্তপাত এড়াতে চেয়েছিলেন।

গোলাম মুরশিদ মুক্তিযুদ্ধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেন ‘মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস’ ২০১০ সালে। তাঁর লেখায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিরপেক্ষভাবে লেখা হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে রচিত হয়নি। মুক্তিযোদ্ধাদের লেখায় তাদের ব্যক্তিগত ভূমিকার ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছ, বহু ক্ষেত্রে তা অতিরঞ্জিত হয়েছে। গবেষকরা অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকে। ফলে নিরপেক্ষ ইতিহাস পাওয়া যায়নি (প্রথম আলো, ২৮ জানুয়ারি ২০১০)।

জাতীয়তাবাদকেন্দ্রিক লেখালেখিতে মুক্তিযুদ্ধ রাজনীতিবিদ অলি আহাদের ‘জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫’ এবং সেক্টর কমান্ডার এম. এ. জলিলের ‘মেজর জলিল রচনাবলী’ উভয় বইই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোচনা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে শুরু করে। জলিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ-উত্তর শেখ মুজিবের ভূমিকার সমালোচনা করেছেন, বিশেষ করে তাঁর সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কথা তুলে ধরে। অন্যদিকে অলি আহাদও শেখ মুজিব সরকার দ্বারা একইভাবে উপেক্ষিত হয়েছিলেন। ফলে তাদের অবদান ও ঐতিহাসিক বর্ণনা অধিকতর জাতীয়তাবাদী হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী লীগ ও অন্যান্য বামধারার রাজনৈতিক দলের জোটের কারণে জাতীয়তাবাদকেন্দ্রিক লেখালেখি আরও বেশি জনপ্রিয় হচ্ছে।

মুক্তিযুদ্ধবিরোধীদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য লেখা প্রকাশ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ‘পলাশী থেকে বাংলাদেশ’ নামে একটি বই লিখেছেন। এই বইয়ে তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ সকলেই পাকিস্তান আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বাংলাদেশের আন্দোলনের নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ। ছাত্রজীবনে আমি তাদের সমসাময়িক ছিলাম। পাকিস্তান আন্দোলনে তাদের ভূমিকা কতটা শক্তিশালী ছিল, তার সরাসরি সাক্ষী আমি নিজেই’ (আযম ১৯৯৩)।

এই বক্তব্যের মাধ্যমে তিনি ১৯৭১ সালে নিজের ভূমিকাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, তিনি ১৯৭১ সালে যা করেছেন, তা ভুল ছিল না। কারণ শেখ মুজিবও ১৯৪৭ সালে পাকিস্তান দাবি করেছিলেন। একই ধরনের আরও বেশ কিছু প্রকাশনা রয়েছে, যা ১৯৭১ সালের ঘটনাবলির পাল্টা বয়ান হিসেবে হাজির হয়। এর মধ্যে রয়েছে আবুল আসাদের ‘একশ বছরের রাজনীতি’।

উপসংহার যদি মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ধরনের লেখালেখি থাকে, তাহলে সহজেই বোঝা যায়, সেখানে পক্ষপাতদুষ্ট ইতিহাস রয়েছে। সর্বত্রই পক্ষপাত। এটি ঘটছে কারণ, আমাদের দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসও পরিবর্তিত হয়েছে। এ কারণেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারেনি। কেউই আমাদের মুক্তিযুদ্ধের আসল ইতিহাস নির্ভুলভাবে জানে না। এখন বাংলাদেশকে সঠিক অবস্থানে পৌঁছাতে হবে। এখানে রাজনীতি আছে, কিন্তু ইতিহাস নেই। রাজনৈতিক আগ্রাসন ইতিহাসজুড়ে একটি পুনরাবৃত্ত ঘটনা। প্রকৃত ও নির্ভরযোগ্য লেখা অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনীতিমুক্ত ইতিহাসের ধারা আরও শক্তিশালী হবে। মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের একটি মনোবিশ্লেষণমূলক ইতিহাসও লেখা প্রয়োজন।

মো. নিয়ামত আলী: পিএইচডি গবেষক, কমপ্যারেটিভ স্টাডিজ, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র mdniamotali2023@fau.edu