(দ্বিতীয় পর্ব)
সীমান্ত নিরাপদ করতে হবে: পার্বত্য চট্টগ্রামের সঙ্গে মিয়ানমারের আরাকান ও চিন রাজ্যের সীমান্ত রয়েছে। এর মধ্যে আরাকানে মিয়ানমারের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এর প্রায় পুরোটাই সেখানকার বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির দখলে। চিন রাজ্যটির অধিকাংশ এলাকা সেখানকার বিদ্রোহী গোষ্ঠি চিন ন্যাশনাল ফ্রন্টের দখলে। রাজ্য দুটির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে মিয়ানমারের সেনাবাহিনী যেমন বারবার হামলা চালায়, তেমনি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠিগুলো লাগাতার সশস্ত্র হামলা পরিচালনা করে থাকে। এসব হামলা পাল্টা হামলার ঘটনায় সেনাবাহিনীর বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদের মজুত রাজ্য দুটির বিদ্রোহীদের হস্তগত হয়েছে।
রাজ্য দুটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের বড় অংশই দুর্গম, সেই সুযোগে উভয় দেশের সশস্ত্র গোষ্ঠিগুলো এসব অস্ত্র, মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালানি কারবার করে থাকে। অন্যদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেপ্টেম্বর মাসেই মিজোরামের মুখ্যমন্ত্রী আমেরিকা সফরে গিয়ে ভারত, মিয়ানমার এবং বাংলাদেশের সন্নিহিত অঞ্চল নিয়ে বৃহত্তর কুকি চিন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিলেন। তারও আগে বান্দরবানে গঠিত হয়েছে কুকি চিন জনগোষ্ঠির সশস্ত্র সংগঠন কেএনএফ, যাদের তা-ব এবং হিং¯্রতা দেশবাসী ইতোমধ্যে প্রত্যক্ষ করেছে।
অপরদিকে, পার্বত্য চট্টগ্রামের উত্তর-পশ্চিম সীমান্তের অপর পাশ থেকে ত্রিপুরা রাজপরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এমনকি চট্টগ্রাম ও কক্সবাজার দখল করে গ্রেটার টিপরা ল্যান্ড গঠন করবেন তারা। ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং তার মাদার সংগঠন আরএসএসের পান্ডারা তো ফেনী চিকেন নেক বিচ্ছিন্ন করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার দখলে নেয়ার হুঙ্কার হরহামেশাই দিয়ে থাকে। এছাড়াও ভারতে অবস্থানরত চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠির নেতৃস্থানীয়রা প্রায়ই পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উসকানি দিয়ে থাকে। তাদের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে কোনো অঘটন ঘটার পর সেটাকে আবার তারা ফুলিয়ে ফাঁপিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ করে।
এমনকি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে থাকে। এসব প্রতিকূলতা থেকে পার্বত্য চট্টগ্রামকে নিরাপদ রাখতে হলে সীমান্তের নিরাপত্তা অব্যশই নিñিদ্র করতে হবে। এর জন্য যত দ্রুত সম্ভব সীমান্ত সড়ক নির্মাণ সম্পন্ন করতে হবে। তিন জেলার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও করতে হবে মসৃণ। সীমান্তে বিজিবির বিওপি বাড়াতে হবে। পার্বত্য চট্টগ্রাম যেহেতু দুর্গম এবং এর ভেতরে ও বাইরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠির তৎপরতা বিদ্যমান, তাই দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জারি রাখতে হবে। সবার আগে সার্বভৌমত্ব: পার্বত্য চট্টগ্রামে প্রতিক্রিয়াশীল গোষ্ঠি সবসময়ই সক্রিয় ছিল।
সুলতানী আমল, মুগল আমল এমনকি ব্রিটিশ আমলেও। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির সময় রাঙ্গামাটিতে ভারতের এবং বান্দরবানে মিয়ানমারের পতাকা উড়ানো হয়েছিল। ১৭ আগস্ট সেই পতাকা নামিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেকারণে আজো ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন স্থানে এই দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেনি এ অঞ্চলের বৃহত্তর অংশ। অল্পকিছু মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিলেও চাকমা সার্কেল চিফ ত্রিদিব রায়ের নেতৃত্বে চাকমাদের বড় অংশটি যোগ দেয় পাকিস্তানি আর্মির সঙ্গে। আবার দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরই সেখানকার নেতৃবৃন্দ স্বায়ত্তশাসনের দাবি নিয়ে হাজির হন ঢাকায়। একপর্যায়ে গোপনে তারা সশস্ত্র শান্তিবাহিনী গঠন করেন, অন্যদিকে প্রকাশ্যে রাজনীতিতে যুক্ত থাকতে যোগ দেন বাকশালে।
১৯৭৫ সালের পটপরিবর্তনের পর সিপাহি-জনতার অভ্যুত্থানে যখন জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, তখন তারা আবারো স্বায়ত্তশাসনের দাবি নিয়ে হাজির হন। জিয়াউর রহমান তাদের কাছে কিছু সময় চেয়ে বলেছিলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হোক, তারপর তিনি এ ব্যাপারে সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন। কিন্তু তারা সময় না দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাস শুরু করে দেন। মুক্তিযুদ্ধের শুরুতে জিয়াউর রহমান চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপর দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে রাঙ্গামাটি, নানিয়ারচর, মহালছড়ি হয়ে রামগড়ে পৌঁছান, সেখান থেকে ফেনী নদী পার হয়ে ত্রিপুরায় যান। তাছাড়া মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের অধীন ছিল পার্বত্য চট্টগ্রাম, আর এ সেক্টরের কমান্ডার ছিলেন জিয়াউর রহমান।
তাই তিনি পার্বত্য চট্টগ্রামের মানচিত্র, দুর্গমতা, জনগোষ্ঠিগুলোর চিন্তাধারা ও সীমান্ত পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। একই সঙ্গে ১৫ আগস্টের পটপরিবর্তনের কারণে প্রতিবেশী ভারতের মনোভাব সম্পর্কেও স্পষ্ট ধারণা করতে পেরেছিলেন। সেকারণেই তিনি সবার আগে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়েছিলেন। আর তা নিশ্চিত করতে জনবিন্যাসের প্রতি দৃষ্টি দেন, পাশাপাশি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীকে ঢেলে সাজিয়েছিলেন। একই সঙ্গে স্থানীয়দের ভাগ্যোন্নয়নে ট্রাইবাল কনভেনশন গঠন, উন্নয়ন বোর্ড এবং কালচারাল ইনিস্টিটিউট প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেন। শুধু তা-ই নয়, ঘন ঘন পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল সফর করে সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছিলেন।
দেশদ্রোহিতার অভিযোগে সন্তু লারমা কারাগারে থাকায় তার স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের প্রত্যাশায় আন্তরিকতার নিদর্শন হিসেবে কারাগার থেকে সন্তু লারমাকেও মুক্তি দিয়েছিলেন। যদিও মুক্তি পাওয়ার পর তিনি আর সরকারের সঙ্গে যোগাযোগ রাখেননি। পার্বত্য চট্টগ্রামে আজো বাংলাদেশের সার্বভৌমত্ব কীভাবে অটুট আছেÑ এই প্রশ্নে অভিজ্ঞ এবং দেশপ্রেমিক যে কারো জবাব হবে একটাই। আর সেটা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগসমূহই। আজকের দিনেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমুখি সেই একই নীতি-কৌশলের বাইরে চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই।
জাতিগত বৈষম্য দূর করতে হবে: বিদ্যমান বিভিন্ন আইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে দুই শ্রেণির মানুষ বসবাস করেন। এক. উপজাতি এবং দুই. অউপজাতি। ২০২২ সালের জনশুমারি মতে, তিন পার্বত্য জেলার মোট জনসংখ্যা ১৮৪২৮১৫ জন। এর মধ্যে বাঙালি (অউপজাতি) ৯২২৫৯৮ (৫০.০৬%) জন এবং অবাঙালি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) ৯২০২১৭ (৪৯.৯৪%) জন। আইন অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হবেন উপজাতীয়, ৩৩ জন করে সদস্যের মধ্যে ২২ জন করে হবেন উপজাতীয়, অপউপজাতি হবে মাত্র ১১ জন। আঞ্চলিক পরিষদেও একই অবস্থা। উচ্চ শিক্ষায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ সকল প্রতিষ্ঠানে উপজাতি শিক্ষার্থীরা কোটা পায়।
তারপর উচ্চশিক্ষিত হয়ে পার্বত্য চট্টগ্রামের সরকারি সকল নিয়োগে তারা অগ্রাধিকার পায় এবং সারাদেশের নিয়োগের ক্ষেত্রেও কোটা পায়। অপরদিকে, অউপজাতি তথা বাঙালিরা একই দুর্গম পরিবেশে থেকে এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার পর উচ্চশিক্ষায় তাদের কোনো কোটা নেই, নিয়োগের ক্ষেত্রেও তারা মৌলিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদে তাদের ন্যায্য অধিকার চাওয়ারও সুযোগ নেই। উপজাতিরা আয়করমুক্ত, তাই ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসায় তাদের একচেটিয়া প্রভাব, অপরদিকে বাঙালিদের আয়কর দেয়া বাধ্যতামূলক, তাই নিজেদের নামে ঠিকাদারী ও অন্যান্য ব্যবসা করে প্রতিযোগিতায় টিকে থাকা দুরহ। সেকারণেই তাদের টিকে থাকতে কোনো না কোনো উপজাতির নামের লাইসেন্স ভাড়া নিয়ে কাজ করতে হয়।
পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও অপউপজাতিদের মধ্যে এমন জাতিগত বৈষম্যের তালিকা লিখে শেষ করা যাবে না। পাহাড়ে বৈষম্যের শিকার কি শুধু অউপজাতিরাই? না, উপজাতিদের মধ্যেও বৈষম্য রয়েছে। কারণ, উপাজাতি বলতে একক কোনো গোষ্ঠি নয়, ১২-১৩টি জনগোষ্ঠির মানুষকে একত্রে উপজাতি হিসেবে চিহ্নিত করা হয়। এদের মধ্যে চাকমারা সংখ্যায় বেশি এবং সবচেয়ে প্রভাবশালী। তাদের মধ্যে উচ্চ শিক্ষিতের সংখ্যাও যেমন বেশি, তেমনি সরকারের এমন কোনো মন্ত্রণালয় বা দপ্তর নেই যেখানে তাদের অবস্থান সুদৃঢ় নয়। চাকমাদের পরে আছে মারমা এবং ত্রিপুরাদের অবস্থান। তবে তারা চাকমাদের তুলনায় এখনো বহু পিছিয়ে রয়েছে। এদের বাইরে খেয়াং, তঞ্চঙ্গা, মুরং, খুমী, বোম, পাংখো, লুসাইসহ অন্য জনগোষ্ঠিগুলো এখনো প্রান্তিক পর্যায়েই রয়ে গেছে। উচ্চ শিক্ষা এবং সরকারি নিয়োগে উপজাতি কোটা এবং অগ্রাধিকারের সুবিধা তাদের নাগাল পর্যন্ত খুব-একটা পৌঁছায় না, তার আগেই দখল করে নেয় অপেক্ষাকৃত বহু এগিয়ে থাকা চাকমারা। উপজাতি এবং অউপজাতি বৈষম্য, আবার উপজাতিদের মধ্যে অগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠিগুলোর মধ্যে এসব বৈষম্য বিরাজমান রেখে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা দূরাশা ছাড়া আর কিছু নয়। এসব জাতিগত বৈষম্য বিলোপ করে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমমর্যাদায় সকলকে সমান সুযোগ-সুবিধার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। (চলবে)
লেখক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও সাংবাদিক sayedibnrahmat@gmail.com
