বাংলাদেশের সামনে এমন কিছু মুহূর্ত আসে, যখন একটি সিদ্ধান্ত শুধু সরকারের সিদ্ধান্ত থাকে না, তা হয়ে ওঠে দেশের স্বার্থ। প্রস্তাবিত চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এখন ঠিক তেমনই একটি বিষয়। এটি কোনো একটি দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর সাধারণ প্রকল্প নয়; এটি হতে পারে বাংলাদেশের অর্থনীতিকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত বাজারের সঙ্গে যুক্ত করার একটি ঐতিহাসিক সুযোগ। গত ২৬ জুন ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের প্রস্তাব সামনে আসে। এরপর থেকে এই করিডোর নিয়ে দেশে নতুন করে আলোচনা শুরু হয়। চীনের প্রস্তাবের গুরুত্ব এখানেই যে, বাংলাদেশকে শুধু একটি বাজার হিসেবে নয়, বরং আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের একটি সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমার মতে, বাংলাদেশের উচিৎ, এই সুযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া। কারণ, আমরা যদি অর্থনৈতিকভাবে সত্যিকার অর্থে শক্তিশালী হতে চাই, তাহলে শুধু দেশের অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। আমাদের পণ্য নতুন বাজারে যেতে হবে, বিদেশি বিনিয়োগ দেশে আনতে হবে, আমাদের বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করতে হবে এবং বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে অন্য দেশগুলো আমাদের বাজারের জন্য যেমন আগ্রহী হয়ে উঠবে, তেমনি আমাদের ভূগোল ও অবকাঠামোর প্রয়োজনীয়তার কারণেও বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে চাইবে। এই করিডোর সেই সুযোগ তৈরি করতে পারে।

চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে পণ্য আসবে, বাংলাদেশের বন্দর ব্যবহার করে তা বিশ্বের অন্য বাজারে যেতে পারবে। একইভাবে বাংলাদেশী পণ্যও চীন, মিয়ানমার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার যাওয়ার সুযোগ পাবে। ভবিষ্যতে এই যোগাযোগ থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো আসিয়ান দেশগুলোর অর্থনীতির সঙ্গেও আরও বিস্তৃত বাণিজ্যিক সংযোগ তৈরি করতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ যেন শুধু অন্য দেশের পণ্য পরিবহনের রাস্তা না হয়। বাংলাদেশকে হতে হবে উৎপাদন, বাণিজ্য, লজিস্টিকস ও বিনিয়োগের কেন্দ্র। এই পার্থক্যটি আমাদের বুঝতে হবে।

এই করিডোর বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও মোংলা বন্দরের গুরুত্ব অনেক বেড়ে যাবে। বন্দরের পাশে আধুনিক গুদাম, কোল্ড স্টোরেজ, লজিস্টিকস হাব, শিল্পাঞ্চল ও রপ্তানিমুখী কারখানা গড়ে উঠবে। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী যদি বাংলাদেশে বিনিয়োগ করে উৎপাদিত পণ্য এখান থেকে আঞ্চলিক বাজারে পাঠাতে পারে, তাহলে করিডোরের অর্থনৈতিক মূল্য কয়েকগুণ বেড়ে যাবে। তবে এই করিডোর বাস্তবায়নে বাধাও কম নয়। ভারত, যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন বাধা এবং মিয়ানমারের চলমান নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি এক্ষেত্রে অনেকে বাধা হিসেবে দেখছেন। এই বাস্তবতাকে করিডোর বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, সীমান্ত পরিস্থিতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা সহজে অতিক্রম করার বিষয় নয়।

প্রশ্ন হচ্ছে, বাধা আছে বলে কি বাংলাদেশ এ সুযোগ হাতছাড়া করবে? করা উচিৎ? আমার মতে, কখনোই নয়। বরং বাধার কারণেই আমাদের আরও পরিকল্পিতভাবে এগোতে হবে। পুরো করিডোর একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলে ধাপে ধাপে এগোতে হবে। বাংলাদেশ তার অংশের সড়ক, রেল, স্থলবন্দর, কাস্টমস ও বন্দর অবকাঠামো আগে থেকেই প্রস্তুত করতে পারে। মিয়ানমারের পরিস্থিতি যখন যে পর্যায়ে অনুমতি দেবে, তখন সেই অনুযায়ী পরবর্তী অংশ এগিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ অন্য দেশের সমস্যার কারণে বাংলাদেশের প্রস্তুতি থেমে থাকা উচিৎ নয়। এখানে আরেকটি বড় সংস্কার জরুরি। সেটা হচ্ছে কাস্টমস ব্যবস্থা। একটি ট্রাক সীমান্তে গিয়ে যদি দিনের পর দিন কাগজপত্রের জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে আধুনিক মহাসড়ক বানিয়েও লাভ নেই। তাই ডিজিটাল কাস্টমস, সিঙ্গেল উইনডো, আগাম পণ্য যাচাই, স্বয়ংক্রিয় তথ্য বিনিময় এবং দ্রুত পণ্য ছাড়ের ব্যবস্থা করতে হবে। করিডোরের গতি শুধু রাস্তার গতি নয়, প্রশাসনের গতিও নির্ধারণ করবে।

এই করিডোরের সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গির বিষয়টি জড়িয়ে আছে। অবশ্য গত জুলাই মাসে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্টভাবেই বলেছেন, ভারতসহ অন্য দেশ চাইলে ভবিষ্যতে এই করিডোরে সাথে যুক্ত হতে পারে। তার এই বক্তব্য, এই করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে একটি সবুজ সংকেত। এই করিডোরের সাথে যত বেশি দেশকে যুক্ত করা যায়, তত বেশি বাংলাদেশের লাভ। চীন, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর—এই বিশাল অর্থনৈতিক অঞ্চলের মাঝখানে বাংলাদেশ যদি একটি কার্যকর সংযোগকেন্দ্র হতে পারে, তাহলে আমাদের ভৌগোলিক অবস্থানই অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। পৃথিবীর অন্যান্য দেশ এভাবেই নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়েছে। সিঙ্গাপুরের সাফল্য শুধু তার আয়তনের কারণে নয়; তার বন্দর, লজিস্টিকস, বাণিজ্যিক পরিবেশ ও আন্তর্জাতিক সংযোগ তাকে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। মালয়েশিয়া ও থাইল্যান্ডও আঞ্চলিক সংযোগকে শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত করেছে। তাহলে, বাংলাদেশ কেন পারবে না?

আমাদের আরও একটি বিষয় নিশ্চিত করতে হবে, করিডোর যেন শুধু ট্রানজিটের রাস্তা না হয়, বাংলাদেশের শিল্পায়নের রাস্তা হয়। করিডোরের দুই পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। চীন বা অন্য দেশের কাঁচামাল এসে বাংলাদেশে প্রক্রিয়াজাত হবে, বাংলাদেশি শ্রমিক কাজ করবে, স্থানীয় উদ্যোক্তা সরবরাহকারী হবে এবং তৈরি পণ্য আঞ্চলিক বাজারে যাবে। এতে শুধু ট্রানজিট ফি নয়, কর্মসংস্থান, কর, রপ্তানি ও বিনিয়োগ, সবই বাড়বে। এ কারণেই আমি মনে করি, এই প্রকল্পকে এখন আর ‘হলে ভালো হয়’ ধরনের কোনো ঐচ্ছিক প্রকল্প হিসেবে দেখার সুযোগ নেই। জাতীয় অর্থনৈতিক স্বার্থে এটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোতে হবে। তবে সেই অগ্রযাত্রা হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব, পরিবেশ, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রেখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে তাই একটি বড় সুযোগ রয়েছে। তাঁর চীন সফরের মধ্য দিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেটিকে এখন কূটনৈতিক বৈঠক থেকে বের করে একটি সু¯পষ্ট জাতীয় অর্থনৈতিক পরিকল্পনায় নিয়ে যেতে হবে। কোন রুট হবে, কত বিনিয়োগ লাগবে, কোন বন্দর কীভাবে যুক্ত হবে, কাস্টমস কীভাবে একীভূত হবে, কত কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশ কী অর্থনৈতিক সুবিধা পাবে, এসবের পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরির কাজ এখনই শুরু করা দরকার।

বিশেষজ্ঞরা বহু বছর ধরে আঞ্চলিক যোগাযোগের গুরুত্বের কথা বলে আসছেন। গবেষক ও নীতিবিশেষজ্ঞরা বারবার বলে আসছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো গেলে আঞ্চলিক বাণিজ্যে আমাদের ভূমিকা বহুগুণ বেড়ে যাবে। এখন নতুন প্রেক্ষাপটে সেই চিন্তাকে বাস্তব অবকাঠামো ও অর্থনৈতিক পরিকল্পনায় রূপ দেওয়ার সময় এসেছে। আমার মতে, বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এই ধরনের আঞ্চলিক করিডোর আমাদের করতেই হবে। যত বাধা আসুক, তার সমাধান খুঁজতে হবে। মিয়ানমারে সমস্যা থাকলে কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে হবে। অর্থের সমস্যা থাকলে ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে। অবকাঠামোর সমস্যা থাকলে আগে বাংলাদেশের অংশ প্রস্তুত করতে হবে। কাস্টমসের সমস্যা থাকলে প্রশাসনিক সংস্কার করতে হবে। কারণ, সুযোগ সবসময় দরজায় কড়া নাড়ে না।

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের যে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে, তা বাস্তবায়িত হলে একদিন হয়তো আমাদের দেশের মানুষ বিদেশের বাজারের দিকে শুধু ক্রেতা হিসেবে তাকাবে না; বাংলাদেশের পণ্য, বন্দর, শিল্প, লজিস্টিকস ও বিনিয়োগের প্রয়োজনেই অন্য দেশগুলো বাংলাদেশের দিকে তাকাবে। সেই অবস্থানে পৌঁছানোই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। চীন থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অর্থনৈতিক সেতু যদি বাংলাদেশ নির্মাণ করতে পারে, তাহলে সেটি শুধু একটি করিডোর হবে না, এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক আত্মনির্ভরতার নতুন দরজা। তাই এই দরজা খোলার কাজ এখন থেকেই শুরু করতে হবে।

লেখক : রাজনীতিবিদ কলামিস্ট।