শাহবাগ চত্বরে একটি রাজনৈতিক দলের সমাবেশ চলছে, চতুর্দিকে মাইকের উৎকট শব্দ, রাস্তায় চলছে অগণিত যানবাহন– হর্নের প্রকট ধ্বনি। এমন সময় রাস্তার পাশে রিক্সার উপরেই গভীর ঘুমে আচ্ছন্ন এক রিক্সাচালক– এত এত আওয়াজের মাঝে, যান্ত্রিক শহরে নির্বিঘ্নচিত্তে এমন প্রশান্তির ঘুম বিস্ময়কর! গায়ে চিত্ত-দারিদ্র্যের ছাপ, নিতান্তই সাধারণ– অথচ মনে বাজছে স্বর্গীয় সুখের ফোয়ারা। এমন চিত্র নিত্য-নৈমিত্তিক চোখে পড়ে। \r\nআরও দেখা যায়, রাস্তা ও রেলাইনের ধারে কিংবা ওভারব্রিজের নিচে, এক চিলতে নরম কোমল স্নিগ্ধ ঘুমের পসরা সাজিয়ে নিদ্রা যায় উদ্বাস্তু লোকজন। ছালার বস্তা মুড়িয়ে শীতের তীব্র প্রকোপেও চোখ বুজলেই ঘুমের সান্নিধ্য পেয়ে যান তাঁরা– অথচ চারপাশে কত হইহুল্লোড় আর যান্ত্রিক আওয়াজ!
\r\nছাদহীন, ঘরহীন এই মানুষগুলো শক্তিশালী, তারা আস্ত আকাশ, রাতের অত্যুজ্জ্বল নক্ষত্র আর নরম মখমল জোছনার একচ্ছত্র মালিক। চারপাশের তিক্ততা, গরমে সেদ্ধ হওয়া কিংবা প্রবল শীতে কুঁকড়ে যাওয়ার মাঝেও তাদের ঘুম আসে– এরচেয়ে সার্থক সুখ আর কী হতে পারে! \r\n সুখ সুখ করে করে হা-হুতাশ, বৃথা সে সুখের আশ এবং সুখের আশায় মানুষের ঘুম হয় না, অন্যদিকে সুখী মানুষের ঘুমের সমস্যা হয় না! লাইন দুটি গাঢ় গভীর। হা-হুতাশ করে সুখের দেখা যেমন মেলে না, আবার যে সুখের আশায় ঘুম হয় না সেটাও প্রকৃত সুখ নয়। অতি সহজ অথচ কী চরম পরম স্বতঃসিদ্ধ কথা দুটি! \r\nসুখ বিমূর্ত হৃদয়বৃত্তির অস্ফুটে, স্নিগ্ধ অনুভূতি, স্বর্গীয় অনুভবের সুগন্ধি মোড়ানো অমৃত সুখের ঘ্রাণে হৃদয়ে প্রশান্তির ফল্গুধারা বয়ে যাওয়া হলো সুখ।
এই প্রশান্তি প্রাণখুলে হাসার, মনখুলের বলার, চারপাশ ও জীবনের সীমাবদ্ধা বা অপূর্ণতা মেনে বা মানিয়ে নিয়ে প্রাণপণে উপভোগ্য করে তোলার। অল্পের মাঝেই নান্দনিক উপভোগ প্রবণতা দীর্ঘসময়ের সুখ সঞ্চয়।\r\nসুখ বৈচিত্র্যময়, সুখের রেশ গতিশীল, কখনো স্থীর, কখনো ক্ষণস্থায়ী। দ্রুত সাফল্যের দ্রুত সুখ দ্রুতই ফুরিয়ে যায়। টেকসই সুখ আসলে চাইলেই ওই ঘুমে চলে আসাটুকু, প্রকৃত সুখী মানুষ চোখ বুজলেই প্রশান্তির ঘুম চলে আসে।\r\nতবে ব্যতিক্রমও আছে। ব্যক্তি, দর্শন ও দৃষ্টিভঙ্গি ভেদে সুখ আপেক্ষিক, আবার পরিবেশ, সময় ও পরিস্থিতি নিরিখে সুখের অর্থ বদলে যায়। কেবল টিকে থাকাটাও কখনো হয়ে যায় বিলাসিতা– তখন চাইলেও প্রশান্তির ঘুম আসে না, কিন্তু সে নির্ঘুম নির্মমতার মাঝেও অদ্ভুত সুখ নিহিত!
কখনো কখনো বৈষয়িক অর্থ, বিত্ত-বৈভব, শানশওকতের জৌলসও হতে পারে সুখের অনুষঙ্গ। সুখের মানদণ্ডে সমাজ ও বুদ্ধিজীবী বা সাহিত্যাঙ্গন এসবকে মামুলি হিসেবে বিবেচনা করতে চান– অথচ একটি সুস্থ স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ জীবনের জন্য এগুলো অপরিহার্য। \r\nকবি নিতান্তই অর্থের গুরুত্ব উপেক্ষা করেন, বহুমানুষের মুখে অর্থ অনর্থের মূল এসব মামুলি বুলি শোনা যায়। খোঁজ নিলে জানা যাবে, তিনি জীবনে টাকার অভাবই অনুভব করার মতো সময় ও সুযোগ পাননি। তবে যে কোনো উপায়ে দ্রুত উপার্জন প্রবণতা ভয়ংকর, এক্ষেত্রে সুখের বদলে অগত্যাই নৈরাশ্যবাদ গ্রাস করে। \r\nমোদ্দাকথা, সৎ উপার্জনের বিপুল অর্থ আর সৎ প্রবৃত্তি থাকলে সুখ কেনা যায়। কেবল জানতে হবে সুখের হাট কোথায় বসে! ক্রয়ক্ষমতার নিরিখে সুখের ক্রয়-বিক্রয়ে বৈচিত্র্য থাকতে পারে।
কেউ যদি বৃহত্তর পর্যায়ে মানুষ, সমাজ, রাষ্ট্রের সৎ উপকার করতে চায়, তবে তার অর্থ লাগবে। অতএব, তিনি বিত্তবান হলে অন্যের উপকার করার মাঝে স্বর্গীয় সুখ অনুভব করতে পারেন। প্রকটভাবে প্রচলিত আছে একটা কথা, যে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তারা জানে না সুখ কোথা থেকে কিনতে হয়। \r\nএ বাক্যটা ফেলনা নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই ধ্রুব তারার মত সত্য। কিছু বিমূর্ত ব্যাপার ব্যতিত টাকাটা সুখ, সাসাজিক ও রাষ্ট্রীয় গ্রহণযোগ্যতার মানদণ্ড হয়ে দাঁড়ায়। তখন সুখের সঙ্গায়ন অনেক সময় পাল্টে যায়।
মুমূর্ষু মায়ের চিকিৎসা হচ্ছে না, পেট ক্ষুধায় চৌচির, বেকার যুবকটির প্রেমিকা চলে গেছে, বাড়িতে ফেরা হচ্ছে না লজ্জায়, ঈদ আসলে চোখ ভিজে আসে, শীতের সময় শরীর কাঁজু হয়ে গেলে, পাড়াপ্রতিবেশীর তীব্র শ্লেষে জগৎ সংকুচিত হয়ে আসে, ভয়ংকরভাবে পৃথিবী তার আসল রূপ দেখায়। সুতরাং তাদের অসুখের কারণ কেবল অর্থসংকট। \r\nব্যক্তির আত্মবিশ্বাসের তরতর ওঠানামা হতে পারে কেবল ভালো, মানসম্পন্ন পোশাক থাকা না থাকার ওপর। এই ভালো পোশাকের জন্য ভালো অর্থের প্রয়োজন। আমাদের বদ্ধমূল সিস্টেম, সামাজিক দৃষ্টিকোণ ও বাস্তবতা সুখের উপলব্ধিসীমা নির্ধারণ করে দেয়। পকেটশূন্য খুব ভালো মানুষ, প্রতিভাবান, মেধাবীর জন্য করুণা হবে, সহানুভূতির উদ্রেক হবে, সহমর্মিতা বা বিপুল মুগ্ধতা থাকবে– কিন্তু দিনশেষে কেউই গুনবে না। \r\nটাকা দিয়ে চাইলেই অনেক কিছু করা যায়, আবার অনেক বিত্তবানও চাইলেই শান্তিতে ঘুমাতে পারেন না। সেটি ব্যক্তির সমস্যা, সৎ উপার্জনে বিলিনিয়ার হলে এবং বৃহত্তর পরিসরে অন্যের উপকার করতে পারলে তাঁর ঘুমের সমস্যা হওয়ার কোনো কারণ নাই। অতএব টাকার বিনিময়ে ঘুমের মতো স্বর্গীয় সুখ কেনা যেতে পারে বলাটা মোটেও অত্যুক্তি নয়। \r\nযে রিক্সাচালক, ভবঘুরে বা উদ্বাস্তু আজ রাস্তায় ঘুমাচ্ছেন প্রশান্তিতে আর প্রাণভরে শ্বাস ফেলছেন, তিনিও ভারসাম্যপূর্ণ একটি উন্নত জীবন চান। ভাগ্যের পরিবর্তনের স্বপ্ন দেখেন। যে প্রশান্তির ঘুম শাহবাগের রাস্তায় দিলেন, অভীন্ন ঘুম হোটেল ইন্টারকন্টিনেন্টালেও দিতে পারবেন যদি সে সামর্থ্য হয়। তখন সুখের মানদণ্ড বদলে যাবে।\r\nলেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
