ষাটের দশক থেকে যে কজন মননশীল ও বিজ্ঞ সাংবাদিক বুদ্ধিবৃত্তিক তৎপরতা ও রাজনৈতিক চিন্তাভাবনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের মধ্যে সৈয়দ আবুল মকসুদের নাম তালিকার শীর্ষে থাকবে। তিনি একাধারে কলাম লেখক, গবেষক ও গণবুদ্ধিজীবী। ফলে তাঁর জীবনযাপন এবং তৎপরতার সঙ্গে হাল আমলের ‘সিনিয়র সাংবাদিক’দের তুলনা একেবারেই বেমানান। এ কারণে তিনি সাংবাদিক হিসেবেও অনন্য ও অতুলনীয়।
সৈয়দ আবুল মকসুদ জন্মেছিলেন ঠিক দেশভাগের আগের বছর– ১৯৪৬ সালের ২৩ অক্টোবর। ষাটের দশকে তাঁর কর্মজীবন শুরু হয় সাংবাদিক হিসেবে, কিন্তু বিস্তৃত লেখনীর মধ্য দিয়ে তিনি এই পরিচয় ছাড়িয়ে যান। লিখেছেন ৪০টির বেশি বই– সমাজ, সংস্কৃতিসহ নানা বিষয়ে গবেষণাগ্রন্থ। এ বিচিত্র পড়াশোনার কারণেই তাঁর কলামগুলো হয়ে উঠেছে ভিন্ন স্বাদের। হাল আমলের রাজনৈতিক সংস্কৃতি তাঁর কলামে যেন একেকটি অনবদ্য গল্প, যেখানে ইতিহাসের মালমসলা অনায়াসে জায়গা করে নিয়েছে। এর সঙ্গে হাস্যরসাত্মক ভঙ্গিতে উঠে এসেছে ক্ষমতাসীন গোষ্ঠীর ভণ্ডামি ও কপটতা।
সৈয়দ আবুল মকসুদ পেশাজীবনে সরকারি প্রতিষ্ঠানেও চাকরি করেছেন– সাংবাদিক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস); কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠীর তোষণে নিজেকে বিলিয়ে দেননি। ২০০৪ সালের কথা। বিএনপি তখন রাষ্ট্রীয় ক্ষমতায়। লেখক হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে উগ্রবাদী গোষ্ঠী। এর প্রতিবাদে মকসুদ ক্ষুরধার কলাম লিখে চাকরি ছাড়তেও দ্বিধা করেননি। ঘটনাটি হলো, তৎকালীন বিএনপি সরকারের তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীরা কলামটি পাঠ করে ক্রুদ্ধ হন। তৎক্ষণাৎ তারা বাসসপ্রধানের মাধ্যমে আবুল মকসুদকে রাজনীতিবিষয়ক কলাম লিখতে নিষেধ করেন। এতে ১৫ মিনিটের মধ্যেই মকসুদ পদত্যাগপত্র পেশ করেন। তাতে লিখেছিলেন, ‘লেখালেখি অথবা চাকরি– দুটোর মধ্যে একটি বেছে নিলে প্রথমটিই নেব।’ … ‘সেদিন পরম আনন্দে তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন– আমার পাওনা-দেনা পরিশোধের ব্যবস্থা না করেই।’ এই হলেন সৈয়দ আবুল মকসুদ, যাঁকে কোনো একক ফ্রেমে বাঁধা সম্ভব নয়– যেমনটা আমাদের হাল আমলের লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকরা আজ ‘নিরপেক্ষ’ কিংবা বেনামে রাজনৈতিক দলের আজ্ঞাবহ হিসেবে কাজ করছেন।
এই অনন্য ব্যক্তিত্বের কারণেই আবুল মকসুদ যে কোনো সময়ের ক্ষমতাসীন গোষ্ঠীর দুর্নীতি, নিপীড়নের বিরুদ্ধে কলম ধরতে পেরেছিলেন। ২০০৯ সালের ১৭ মার্চ প্রকাশিত একটি কলাম ছিল ‘কপালং কপালং কপালং মূলং’। এতে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির আমলে আইনশৃঙ্খলার ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন। তিনি লিখেছেন, ‘২০০১ সালের নির্বাচন-পরবর্তী [বিএনপির আমল] দুই মাসে যত নেতাকর্মী নিহত হয়েছিলেন, এবার নির্বাচনের পরের [২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের শাসনামল] দুই মাসেও সে রকম ঘটনা কম ঘটেনি। শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ঘাট, বাস টার্মিনাল প্রভৃতি দখল করতে কালবিলম্ব হয়নি। দল ক্ষমতায় গেলে দেশের বুকের ওপরে হামলে পড়তে হয় তা একবার দেখেছিলাম ২০০১ সালে, আর হামলে পড়া কারে বলে তা দেখছি এবার। দোষ কারও নয়, কপাল!’ (সৈয়দ আবুল মকসুদ, নির্বাচিত সহজিয়া কড়চা– একুশের চেতনা, স্বাধীনতা, মুক্তি ও গণতন্ত্র, পাঠক সমাবেশ, ২০১৯, পৃ. ১৭৫) এভাবে সৈয়দ আবুল মকসুদের লেখা হয়ে উঠেছে প্রতিটি সরকারের দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল হিসেবে। এসব কারণে বিশেষত তাঁর কলামগুলো সবসময় পাঠকের জন্য প্রাসঙ্গিক।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ও জাতীয় নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলার অবনতি এবং হাটবাজার দখলের পরিস্থিতি দেখলেও তিনি ক্ষমতাসীন সরকারকে কটাক্ষ করে হয়তো বলতেন, ‘কপালং কপালং কপালং মূলং! আজ এই প্রতিভাবান সাংবাদিক-গবেষকের জন্মদিন! তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, দৈনিক সমকাল
