জাতীয় নির্বাচন এগিয়ে আসছে। রাজপথে নেমেছে নেতা-কর্মীরা। মাইকে ভেসে উঠছে প্রতিশ্রুতির বাণী। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে শহরের দেওয়াল। প্রার্থীরা ছুটে চলেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। ভোটারদের মন জয়ের লড়াই চলছে পুরোদমে। এই উৎসবমুখর পরিবেশের ভেতরে লুকিয়ে আছে এক উদ্বেগজনক বাস্তবতা। নির্বাচনী প্রচারণায় ফিরে এসেছে আক্রমণাত্মক ভাষা। প্রতিপক্ষকে হেয় করা, ব্যক্তিগত আক্রমণ আর কুৎসা রটানো যেন নির্বাচনী কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে।

যে জনগণ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা আবারও দেখছে পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির পুনরাবৃত্তি। বিশেষত তরুণ প্রজন্মের কাছ থেকে যে নতুন ধরনের রাজনৈতিক আচরণের প্রত্যাশা ছিল, তা পূরণ হচ্ছে না। প্রশ্ন উঠেছে, রাজনীতিতে কি আদৌ কোনো পরিবর্তন এসেছে? নাকি শুধু মুখ বদলেছে, মুখোশের আড়ালে রয়ে গেছে একই চেহারা? বাংলাদেশের রাজনীতিতে আক্রমণাত্মক ভাষা নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে রাজনৈতিক মঞ্চে শোনা গেছে কটূক্তি, হুমকি এবং অপমানজনক মন্তব্য। প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার যে অপসংস্কৃতি গড়ে উঠেছে, তা রাজনীতিকে বিষাক্ত করে তুলেছে। নেতারা প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং ধ্বংস করার লক্ষ্য মনে করেন। ফলে নির্বাচনী বক্তৃতায় নীতি বা কর্মসূচির চেয়ে বেশি স্থান পায় গালমন্দ।

প্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার বদলে ব্যস্ত থাকেন প্রতিপক্ষের দুর্নাম করতে। এই ধরনের আচরণ শুধু রাজনীতিকেই কলুষিত করে না, বরং সমাজেও তৈরি করে বিভাজন। ভোটাররা বিভ্রান্ত হন এবং রাজনীতি সম্পর্কে তাদের আস্থা কমে যায়। অনেকেই মনে করতে থাকেন, রাজনীতি মানেই হলো কাদা ছোড়াছুড়ি। এ থেকে মুক্তির কোনো পথ নেই। সাম্প্রতিক প্রচারণায় আক্রমণের ভাষা আরও নিষ্ঠুর এবং ব্যক্তিগত হয়ে উঠেছে। আগে হয়ত রাজনৈতিক নীতি বা দলীয় অবস্থান নিয়ে সমালোচনা হতো। কিন্তু এখন আক্রমণ হচ্ছে প্রার্থীর ব্যক্তিগত জীবন, পরিবার এমনকি চেহারা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ফেসবুক, টুইটার বা ইউটিউবে ছড়িয়ে পড়ছে অপপ্রচার, মিথ্যা খবর এবং বিকৃত ভিডিও।

প্রতিপক্ষকে হেয় করার জন্য মিম, কার্টুন এবং কুৎসিত ভাষা ব্যবহার করা হচ্ছে। অনেক সময় এসব বিষয়বস্তু এতটাই আপত্তিকর হয় যে, তা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু রাজনৈতিক সমর্থকরা এসব ছড়িয়ে দিতে কোনো দ্বিধা করছেন না। তারা মনে করেন, যে কোনো উপায়ে প্রতিপক্ষকে দুর্বল করতে পারলেই নিশ্চিত হবে জয়। এই মানসিকতা রাজনীতির পচন ত্বরান্বিত করছে। তরুণ প্রজন্মের কাছ থেকে ভিন্ন কিছু আশা করা হয়েছিল। সাম্প্রতিক গণ-আন্দোলনে তরুণরা দেখিয়েছে তারা পরিবর্তন চায়। তারা চায় একটি সুস্থ, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা। অনেক তরুণ এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন। ভোটাররাও আশা করেছিলেন, এই তরুণরা পুরোনো রাজনীতির ধারা ভাঙবেন। তারা নীতিভিত্তিক প্রচারণা চালাবেন এবং ভদ্র ভাষায় জনগণের কাছে পৌঁছাবেন।

কিন্তু বাস্তবতা হতাশাজনক। অনেক তরুণ ও নতুন প্রার্থীও পুরোনো কায়দায় প্রচারণা চালাচ্ছেন। তারাও প্রতিপক্ষকে আক্রমণ করছেন এবং হুমকি ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। ফলে যে পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, তা অধরাই থেকে যাচ্ছে। তরুণরা যদি পুরোনো রীতিতেই চলেন, তাহলে আশা কোথায়? রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে তাদের প্রার্থী এবং কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করার। দলীয় নেতাদের উচিত সুস্থ প্রচারণার নির্দেশনা দেওয়া এবং আক্রমণাত্মক ভাষা পরিহার করার আহ্বান জানানো। অনেক ক্ষেত্রে দেখা যায়, নেতারা নিজেরাই এই ধরনের আচরণে জড়িত থাকেন। তারা জনসভায় প্রতিপক্ষকে কটাক্ষ করেন এবং কর্মীদের উৎসাহিত করেন আরও আক্রমণাত্মক হতে।

এর ফলে দলের সাধারণ কর্মী এবং সমর্থকরা মনে করেন, এটাই স্বাভাবিক রাজনৈতিক আচরণ। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য শীর্ষ নেতৃত্বের উদাহরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যদি ভদ্র ও মার্জিত ভাষায় প্রচারণা চালান, তাহলে নিচের স্তরেও তার প্রভাব পড়বে। কিন্তু নেতৃত্ব যদি নিজেই দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলে পরিবর্তন আশা করা বৃথা। নির্বাচন কমিশনেরও দায়িত্ব রয়েছে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করার। আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে, প্রার্থীরা অশালীন বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে পারবেন না। কিন্তু এই নিয়ম কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক সময় আচরণবিধি লঙ্ঘন হলেও কার্যকর শাস্তি দেওয়া হয় না। ফলে প্রার্থীরা নির্ভয়ে নিয়ম ভাঙতে থাকেন।

নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হতে হবে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য এবং ঘৃণামূলক বক্তব্যও পর্যবেক্ষণ করা প্রয়োজন। প্রযুক্তির যুগে নির্বাচন কমিশনকে অনলাইন প্ল্যাটফর্মেও নজরদারি বাড়াতে হবে। তবেই সুষ্ঠু এবং শালীন নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন মিডিয়া যদি আক্রমণাত্মক বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকে, তাহলে তা নিয়ন্ত্রণে সহায়ক হবে। অনেক সময় গণমাধ্যম চাঞ্চল্য সৃষ্টির জন্য বিতর্কিত বক্তব্যকে হাইলাইট করে। এতে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে এবং সমাজে বাড়ে বিভাজন। দায়িত্বশীল সাংবাদিকতা প্রয়োজন, যা সংবাদের নৈতিক দিক বিবেচনা করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

সাংবাদিকরা যদি প্রার্থীদের নীতি এবং কর্মসূচির ওপর বেশি মনোযোগ দেন, তাহলে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। গণমাধ্যম যদি আক্রমণাত্মক রাজনীতিকে উৎসাহিত করে, তাহলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠা কঠিন হবে। তাদের উচিত নির্বাচনী প্রক্রিয়াকে আরও তথ্যভিত্তিক এবং বিশ্লেষণধর্মী করে তোলা। ভোটারদেরও সচেতন হতে হবে। তারা যদি আক্রমণাত্মক ভাষা ব্যবহারকারী প্রার্থীদের প্রত্যাখ্যান করেন, তাহলে রাজনীতিবিদরা তাদের আচরণ পরিবর্তন করতে বাধ্য হবেন। ভোট শুধু একটি অধিকার নয়, এটি দায়িত্বও। ভোটাররা যদি শুধু দলীয় পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ভোট দেন, তাহলে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন না। বরং তাদের উচিত প্রার্থীর যোগ্যতা, সততা এবং কর্মসূচি বিবেচনা করা।

যারা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন নীতিহীন প্রচারণা চালান, তাদের শাস্তি দিতে হবে ভোট না দিয়ে। ভোটাররা যদি সচেতন থাকেন, তাহলে প্রার্থীরা বুঝবেন যে, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। সামাজিক চাপ সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা সম্ভব। জনগণকেই এই পরিবর্তনের নায়ক হতে হবে। শিক্ষা ব্যবস্থায়ও রাজনৈতিক শিক্ষার প্রয়োজন। স্কুল-কলেজে শিক্ষার্থীদের গণতন্ত্র, নাগরিক দায়িত্ব এবং সুস্থ রাজনৈতিক আচরণ সম্পর্কে শেখানো উচিত। তরুণরা যদি ছোটবেলা থেকেই বুঝতে পারে যে, রাজনীতি মানে সেবা এবং দায়িত্ব, তাহলে তারা বড় হয়ে সঠিক রাজনৈতিক মূল্যবোধ ধারণ করবে। বিতর্ক প্রতিযোগিতা, মক পার্লামেন্ট এবং নাগরিক সচেতনতা কর্মসূচির মাধ্যমে তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা যায়। তারা যদি দেখে যে পার্থক্য থাকা সত্ত্বেও শ্রদ্ধাবোধ এবং সৌজন্য বজায় রাখা সম্ভব, তাহলে ভবিষ্যতে তারা উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। তবে তার জন্য শিক্ষানীতিতেও পরিবর্তন আনতে হবে। রাজনীতিতে পরিবর্তন একদিনে আসে না। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, গণমাধ্যম, ভোটার এবং সাধারণ নাগরিক সবাইকে দায়িত্ব নিতে হবে। আক্রমণাত্মক ভাষা এবং বিষাক্ত রাজনীতির বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে হবে এবং তাদের হাতে সুস্থ রাজনীতির বীজ তুলে দিতে হবে। নির্বাচন শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া। যদি এই প্রক্রিয়া বিষাক্ত থাকে, তাহলে ভবিষ্যৎও অন্ধকার হবে।

কিন্তু যদি সবাই মিলে পরিবর্তনের জন্য কাজ করি, তাহলে আশার আলো দেখা সম্ভব। অশালীন শব্দচয়ন, গালমন্দ ও ঘৃণাসূচক ভাষার পরিবর্তে শিষ্টাচার বজায় রেখে রাজনীতির সুস্থ ধারার অনুশীলন সবার জন্য মঙ্গলজনক। সময় এসেছে রাজনীতিকে ঘৃণা ও প্রতিহিংসা থেকে থেকে মুক্ত করে ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে গড়ে তোলার। এই দায়িত্ব আমাদের সবার। যথোচিত ভাষা প্রয়োগ এক্ষেত্রে সহায়ক হবে। লেখক : অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়