রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। কিন্তু দুঃখজনকভাবে এ সময় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করে। সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই রমজানে বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। প্রথমত, সরকারের সক্রিয় ভূমিকা অপরিহার্য। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর তদারকি জোরদার করতে হবে, যাতে কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে। পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ আরো বৃদ্ধি করতে হবে।
টিসিবির ট্রাক সেল ও বিশেষ কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিতরণ করলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হবে। এছাড়া প্রয়োজনীয় পণ্যের আমদানিতে শুল্ক সাময়িক কমানো এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদার ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, গুদাম তদারকি এবং শাস্তির বিধান কার্যকরভাবে প্রয়োগ করলে মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা উচিত। তৃতীয়ত, ব্যবসায়ীদেরও নৈতিক দায়িত্ব রয়েছে। রমজান আত্মসংযমের শিক্ষা দেয়; এ সময়ে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করা উচিত।
ন্যায্য লাভে পণ্য বিক্রি করলে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে। দীর্ঘমেয়াদে সৎ ব্যবসায়ীরাই মানুষের আস্থা অর্জন করেন। সবশেষে, ভোক্তাদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয়ভাবে বেশি পণ্য কিনে মজুত না করা, বাজারদর যাচাই করে কেনাকাটা করা এবং অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো, এসব দায়িত্বশীল আচরণ বাজার স্থিতিশীল রাখতে সহায়ক। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করলে বাজারে অস্থিরতা কমানো সম্ভব। মূলত, সাধারণ মানুষের জীবনমানের কথা বিবেচনায় মূখ্য ভূমিকা সরকারকেই পালন করতে হবে। রমজান কখন আসবে সেটা একবছর আগে থেকেই জানা থাকে। সে সময় বিবেচনায় রেখে বাজারে সব ধরনের পণ্যের সিন্ডিকেট ভাঙতে জোরালো পদক্ষেপ এবং মাঠ পর্যায় থেকে বাজারে আসা পর্যন্ত মধ্যবর্তী পর্যায়গুলোতে কঠোর নজরদারি বেশ সুফল দেবে। পরিশেষে বলা যায়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ একটি সম্মিলিত দায়িত্ব। সরকার, ব্যবসায়ী ও ভোক্তার সমন্বিত প্রচেষ্টা এবং সচেতনতাই একটি স্থিতিশীল ও মানবিক বাজারব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তখনই রমজানের প্রকৃত শিক্ষা—সংযম, সহমর্মিতা ও ন্যায়—বাস্তবে প্রতিফলিত হবে।
রাজারহাট, ড়গ্রাম থেকে
