চিন্তাশীল সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক আবদুল গফুর আমাদের জাতীয় ইতিহাসের এক শতাব্দীকালের সাক্ষী ছিলেন। জাতীয় বিনির্মাণ, প্রতিষ্ঠা ও স্বাধীনতা এই শতাব্দীরই অর্জন। এসবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন অধ্যাপক আবদুল গফুর। ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলা খানগঞ্জ ইউনিয়নের খোর্দ্দদাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নামে হাজি হাবিল উদ্দিন মুনশি ও মায়ের নাম শুকুরুন্নেসা খাতুন। ১৯৪৫ সালে স্থানীয় মইজুদ্দিন হাই মাদরাসা থেকে মাধ্যমিক ও ১৯৪৭ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হন। তিনিসহ এ বিভাগে তখন মাত্র তিনজন শিক্ষার্থী ছিলেন। অন্য দুজন হলেন নুরুল ইসলাম পাটোয়ারী ও মমতাজ বেগম।

ভাষা আন্দোলন শুরু হলে আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি অংশ নেওয়ার ফলে লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটলেও ১৯৬২ সালে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর ছাত্রাবস্থাতেই ১৯৪৭ সালে পাক্ষিক জিন্দেগিতে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৪৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তমদ্দুন মজলিশের বাংলা মুখপত্র সাপ্তাহিক সৈনিক পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় তিনি পত্রিকাটির সম্পাদকম-লীর সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ১৯৫৭ সালে দৈনিক মিল্লাত ও ১৯৫৮ সালে দৈনিক নাজাত পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ১৯৭১ সালের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনি দৈনিক আজাদ পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। এরপর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইংরেজি দৈনিক পিপল, ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত দৈনিক দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠিত হলে তিনি পত্রিকাটির ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের দারুল উলুমের (ইসলামিক একাডেমি) সুপারিনটেন্ডেট হিসেবে কাজ করেন। পরবর্তী সময় এক বছর চট্টগ্রামে জেলা যুবকল্যাণ অফিসার হিসেবে কাজ করেন। ১৯৬৩ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আবুজর গিফারী কলেজে শিক্ষকতা করেন। ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশনা পরিচালক ছিলেন।

অধ্যাপক আবদুল গফুর পূর্ব তৎকালীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিশ পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দানের দাবিতে সোচ্চার ছিলেন। এ সময় এর প্রতিষ্ঠাতা আবুল কাসেমের সঙ্গে অগ্রণী সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল গফুর। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সৈনিক পত্রিকার বিশেষ সংখ্যার শিরোনাম ছিল ‘শহীদ ছাত্রদের তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত, মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্র সমাবেশে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ’। ফলে ২৩ ফেব্রুয়ারি পুলিশ পত্রিকাটির অফিস অবরোধ করে সম্পাদক অধ্যাপক আবদুল গফুর ও প্রকাশক আবুল কাসেমকে গেফতার করার চেষ্টা করে। তবে এ চেষ্টা ব্যর্থ হয়। অধ্যাপক আবদুল গফুরের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ হচ্ছে: ব্যক্তিগত সম্পত্তি ও ইসলাম, বিপ্লবী উমর, কর্মবীর সোলায়মান, সমাজকল্যাণ পরিক্রমা, কোরআনি সমাজের রূপরেখা, খোদার রাজ্য, ইসলাম কি এ যুগে অচল, ইসলামের জীবন দৃষ্টি, রমজানের সাধনা, ইসলামের রাষ্ট্রীয় ঐতিহ্য, আসমান-জমিনের মালিক, শাশ্বত নবী, আমাদের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ আমার স্বাধীনতা, স্বাধীনতার গল্প শোনো, আমার কালের কথা (স্মৃতিচারণামূলক, ২০০০)।

বেদনাক্রান্ত মনে বলতে হচ্ছে, ২০০৫ সালে তিনি একুশে পদক পেলেও স্বাধীনতা পদক পাননি। সেটা পাওয়ার একশ ভাগ হক ছিল তাঁর। তিনি বাংলা একাডেমি পুরস্কারও পেতে পারতেন, যা পাননি। তিনি দলবাজ ছিলেন না। হয়তো এ কারণেই কোনো সরকারই তাকে উপযুক্ত সম্মান দেয়নি। জীবনের শেষ কয়েক বছর বার্ধক্যজনিত ও অন্যান্য কারণে শয্যাশায়ী ছিলেন তিনি। অধ্যাপক আবদুল গফুর ছিলেন প্রকৃত ভাষাসৈনিক ও স্বাধীনতাযোদ্ধা। তার মর্যাদা, সম্মান ও দুর্দিনে সহায়তা না পাওয়া কতটা কষ্টের, তা বলার অপেক্ষা রাখে না। কথায় বলে, যে দেশ গুণীর মর্যাদা ও সম্মান দেয় না, সে দেশে গুণীর জন্ম হয় না। আমাদের দেশে প্রকৃত গুণীজনের সংখ্যা কত, তা হয়তো গোনা যাবে। অধ্যাপক আবদুল গফুরের তুল্য গুণীজন কি এখন দেশে আছে? আমাদের হৃদয়ের মানুষ, বহু গুণের অধিকারী ভাষাসৈনিক আবদুল গফুর ৯৬ বছর বয়সে রাজধানীর স্বামীবাগের আজগর আলী হাসপাতালে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

লেখক: কবি ও সাংবাদিক।