ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারাও জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে হামলার ইচ্ছা প্রকাশ্যে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ ধরনের হুমকি আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের পরিপন্থি হলেও বিশ্ব সম্প্রদায় এ ব্যাপারে নীরব। আন্তর্জাতিক মহলের এই নিষ্ক্রিয়তা কার্যত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভবিষ্যতে ইরান কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করতে উৎসাহিত করতে পারে। একইভাবে গাজায় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের ক্ষেত্রেও এই নীরবতা ইসরায়েলকে আরও আগ্রাসী হওয়ার সাহস জোগাচ্ছে।

এমন পরিস্থিতিতে বর্তমান বিশ্বব্যবস্থা যেন ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে চলছে। অন্যদিকে, আত্মরক্ষার সক্ষমতা যেসব রাষ্ট্রের দুর্বল, তারা সহজেই বহিঃশক্তির আগ্রাসনের শিকার হওয়ার ঝুঁকিতে থাকে। এই বাস্তবতায় কেবল সংলাপ, কূটনীতি কিংবা সমঝোতার ওপর নির্ভর করে শক্তিধর রাষ্ট্রগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া সম্ভব– এমন ধারণা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বরং কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সম্ভাব্য প্রতিপক্ষকে এই বার্তা দিতে হবে– সামরিক আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখালে তার মূল্য দিতে হবে অত্যন্ত চড়া।

এ প্রসঙ্গে লিবিয়া, ইরাক ও উত্তর কোরিয়ার উদাহরণ প্রায়ই সামনে আসে। বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ওয়াশিংটন লিবিয়া ও উত্তর কোরিয়ার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে শুরু করে এবং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগের জন্য চাপ দেয়। এক পর্যায়ে লিবিয়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় যায় এবং নিরাপত্তার নিশ্চয়তা এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিনিময়ে দেশটি তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে এবং গণবিধ্বংসী অস্ত্র ও সরঞ্জাম যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়ে দেয়। ক্ষেপণাস্ত্রের ভান্ডারও প্রায় ধ্বংস করে। কিন্তু পরে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালিসহ যেসব ইউরোপীয় দেশ লিবিয়াকে নিরাপত্তা সহযোগিতার নিশ্চয়তা দিয়েছিল, তাদের নেতৃত্বাধীন জোটই লিবিয়ায় সামরিক অভিযান চালায়। এর পরিণতিতে দেশটির বর্তমান পরিস্থিতি সবারই জানা। ইরাকও আন্তর্জাতিক পরিদর্শকদের সহযোগিতা করেছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় এবং দেশটি দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মধ্যে পড়ে। উত্তর কোরিয়া অবশ্য ভিন্ন পথ বেছে নেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনায় প্রত্যাশিত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির পথে এগিয়ে যায়। দেশটির অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হওয়া সত্ত্বেও দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিধর রাষ্ট্রকে সম্ভাব্য পরিণতি ও ঝুঁকির বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হয়। ইরান একই বাস্তবতা উপলব্ধি করেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ইরানের কৌশল হলো সম্ভাব্য হামলার মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া, যাতে কোনো পক্ষ সহজে সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস না পায়।

তা ছাড়া ইরানের অভ্যন্তরেও সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। এর আগে অনেকেই মনে করতেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ইরান কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তা অনিশ্চিত। এমনকি ধারণা ছিল, বড় ধরনের হামলা হলে ইরান হয়তো মাত্র দুই-তিন সপ্তাহ প্রতিরোধ করতে পারবে। কিন্তু সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা সে ধারণা অনেকটাই বদলে দিয়েছে।

একইভাবে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ইরানের যে দ্বিধা আগে ছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। দেশটির সামরিক ও রাজনৈতিক মহলে এ ধারণা ক্রমেই জোরালো হচ্ছে, সম্ভাব্য হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনাসহ অন্যান্য সামরিক সম্পদেও আঘাত হানার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো সামরিক সংঘাতে অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে সেসব দেশের সামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা নিয়েও ইরানের আত্মবিশ্বাস বেড়েছে। এসব কারণে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বুঝতে পেরেছে, ইরানের বিরুদ্ধে হামলা এখন আর সহজ কোনো সামরিক অভিযান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই; বরং এর সম্ভাব্য প্রতিক্রিয়া ও মূল্যও হামলাকারী পক্ষকে বিবেচনায় নিতে হবে।

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার জোরালো হুমকি দিলেও সম্ভাব্য পরিণতি বিবেচনায় শেষ পর্যন্ত তিনি সেই ঝুঁকিপূর্ণ পথে নাও যেতে পারেন বলে মনে করছেন যুদ্ধ বিশ্লেষকরা। তবে ওয়াশিংটন যদি সত্যিই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এর পরিণতি শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও ভয়াবহ হয়ে উঠতে পারে।

খন্দকার মো. মাহফুজুল হক: আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক