বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনো নেতার জনপ্রিয়তা বা শ্রেষ্ঠত্ব কেবল ক্ষমতার দাপট দিয়ে মাপা যায় না; বরং তা নির্ধারিত হয় ত্যাগ, সহনশীলতা এবং চরম সংকটে তাঁর নেওয়া ভূমিকার ওপর। সম্প্রতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভায় বিশিষ্টজনদের বক্তব্যে সেই সত্যই পুনরায় উদ্ভাসিত হয়েছে। বক্তারা যেভাবে তাঁকে ‘অপরাজেয়’ ও ‘মমতাময়ী’ হিসেবে অভিহিত করেছেন, তা কেবল একজন প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং এটি বর্তমান ও আগামীর কলুষিত রাজনীতির জন্য একটি শক্তিশালী বার্তা।

বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল কণ্টকাকীর্ণ। আশির দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তে এসে দীর্ঘ কারাবাস ও বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা—প্রতিটি পদক্ষেপে তিনি যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন, তা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। গবেষক মহিউদ্দিন আহমেদের ভাষায়, তাঁর জীবন যেন ত্যাগ ও উত্থানের এক মহাকাব্য। তবে তাঁর চরিত্রের সবচেয়ে উজ্জ্বল দিকটি ফুটে উঠেছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে। বছরের পর বছর রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেও তিনি প্রতিহিংসার পথ বেছে নেননি। ৭ আগস্টের সেই ঐতিহাসিক বাণীতে তিনি ধ্বংসের বিপরীতে শান্তির যে ডাক দিয়েছিলেন, তা দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ভাষায় ‘বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত’।

আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত ‘বিজয়ী’ পক্ষ ‘বিজিত’ পক্ষের ওপর প্রতিশোধ নিতে উন্মুখ থাকে। কিন্তু বেগম জিয়া শিখিয়েছেন কীভাবে ব্যক্তিগত বেদনাকে ছাপিয়ে জাতীয় ঐক্য ও উদারতাকে স্থান দিতে হয়। তাঁর এই মানসিকতা আজ সকল রাজনীতিকের জন্য ধারণ করা জরুরি। বিশেষ করে নিউ এজ সম্পাদক নূরুল কবীর যখন তাঁর ‘পরিমিতিবোধ ও রুচিশীলতা’র প্রশংসা করেন, তখন তা বর্তমানের কুরুচিপূর্ণ ও কাদা ছোড়াছুড়ির রাজনীতির মুখে এক বড় চপেটাঘাত হিসেবে প্রতিভাত হয়। রাজনৈতিক প্রতিপক্ষের চরম নির্যাতনের মুখেও তিনি কখনো শালীনতা হারাননি, যা একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের পরিচয়।

শোকসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন, তা মূলত বেগম জিয়ার আজীবনের লড়াই অর্থাৎ ‘ভোট ও ভাতের অধিকার’ পুনরুদ্ধারেরই প্রতিধ্বনি। যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের ভাষায়, উৎসবমুখর পরিবেশে মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবেই এই মহান নেত্রীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। অন্যদিকে, অধ্যাপক ড. আসিফ নজরুলের বক্তব্যে উঠে এসেছে অতীতের সেই ‘উদ্ভট বিচার’ ও অবিচারের চিত্র, যা শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে অপসারিত হয়েছে।

বেগম খালেদা জিয়া এখন আর কেবল বিএনপির চেয়ারপারসন নন, বরং তিনি একটি দর্শনের নাম—যে দর্শনের মূলে রয়েছে দেশপ্রেম, আপসহীনতা এবং ক্ষমাশীলতা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান যেমনটি বলেছেন, জিয়া দম্পতি মানুষের হৃদয়ে যে শীর্ষ স্থান দখল করেছেন, তা আমৃত্যু অটুট ছিল। বর্তমান তরুণ প্রজন্মের কর্মীদের জন্য তাঁর এই নিঃস্বার্থ আত্মত্যাগ হতে পারে পথ চলার দিশারি।

বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র যদি সত্যিই সুসংহত করতে হয়, তবে বেগম জিয়ার সেই প্রতিহিংসাহীন ও উদার রাজনীতির পাঠ আমাদের পাঠ্যপুস্তকের মতো আত্মস্থ করতে হবে। ঘৃণা নয়, বরং ভালোবাসার রাজনীতিই হোক নতুন বাংলাদেশের ভিত্তি।

শেখ ফরিদ

কবি ও গণমাধ্যমকর্মী