বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘির একটি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একটি কুকুরের পা ভেঙে পুকুরের সিঁড়িতে ফেলে রাখা হয়েছে। এর কারণ, এক ক্ষুধার্ত কুমিরের সহজ খাবার বা ‘টোপ’ হিসেবে কুকুরকে খাওয়ানো। বাঁচার কোনো উপায় নেই তার। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া দেহ নিয়ে পালানোর মতো একবিন্দু শক্তিও অবশিষ্ট নেই! কুকুরটি শুধু অশ্রুসিক্ত ও করুণ চোখ দুটি মেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে চারপাশে। হয়তো কুকুরটি শেষবারের মতো একটু করুণা ভিক্ষা করছিল সৃষ্টির সেরা জীব ‘মানুষের’ কাছে!
কুমিরটি ধেয়ে আসছে তার দিকে...। ডাঙায় দাঁড়িয়ে এক দল বিকৃত মানসিকতার মানুষ সেই নির্মম দৃশ্য উপভোগ করছিল, মোবাইল ফোনে ধারণ করছিল সেই যন্ত্রণাময় মুহূর্ত; আর তারা এ ঘটনায় মজা নিচ্ছিল। এই দৃশ্য শুধু একটি কুকুরের চরম অসহায়ত্বের নয়, বরং এটি আমাদের ভেতরের নষ্ট হয়ে যাওয়া মনুষ্যত্বের এক কঙ্কালসার রূপ!
পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্ব তার বুদ্ধি বা পেশিশক্তিতে নয়; বরং তার বিবেক, বিবেচনা এবং হৃদয়ানুভূতির মধ্যেই নিহিত। কিন্তু যখন সেই মানুষ অন্য একটি প্রাণের চরম কষ্ট ও মৃত্যুর গোঙানির মাঝে বিনোদন খুঁজে পায়, তখন মানুষ আর হিংস্র পশুর মধ্যে পার্থক্য কোথায়? বাগেরহাটের ঘটনাটি আদৌ বিচ্ছিন্ন বিষয় নয়। প্রায়ই আমাদের চারপাশের দেয়ালে বা সামাজিক মাধ্যমে কানকাটা কুকুর, লেজে আগুন ধরিয়ে দেওয়া বিড়াল কিংবা পিটিয়ে রক্তাক্ত করা কোনো অবলা প্রাণীর ছবি ও ভিডিও ভেসে ওঠে। এই মানসিকতা মানসিকভাবে অসুস্থ সমাজের স্পষ্ট লক্ষণ। যেসব মানুষ পাড়ে দাঁড়িয়ে এই করুণ দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছিল, তারা হয়তো ভাবছে, সরাসরি কোনো অপরাধ করেনি। কিন্তু তারা কি আসলেই নিষ্পাপ? সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান বলে, একটি নির্মম অপরাধ সংঘটিত হওয়ার সময় যারা পাশে দাঁড়িয়ে স্রেফ তামাশা দেখে, তাদের এই নীরবতা ও নিস্পৃহতা অপরাধীর দুঃসাহস বহুগুণ প্রসারিত করে। এই নীরব দর্শক আসলে অন্যায়ের একেকজন মৌন সমর্থক। যেখানে অন্যায়ের প্রতিবাদ করার কথা ছিল, সেখানে তারা মোবাইল ফোনে সেই যন্ত্রণাময় ভিডিও ধারণ করেছে স্রেফ বিনোদনের আশায়। এই মানসিক বিকৃতি প্রমাণ করে, আমাদের সমাজের একটি বড় অংশ কতটা অসংবেদনশীল!
একটি প্রাণীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যারা তামাশা দেখে, তারা সমাজের জন্যও অত্যন্ত বিপজ্জনক। আজ যে মানুষটি একটি পশুর ওপর নির্মমতা চালিয়ে উল্লাস করছে, কাল সে কোনো দুর্বল শিশু কিংবা অসহায় মানুষের ওপর একই হিংস্র আচরণ করবে। অপরাধপ্রবণ মন এভাবেই ছোট থেকে বড় হিংস্রতার দিকে পা বাড়ায়।
বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে আমরা প্রতিনিয়ত আধুনিক হচ্ছি। কিন্তু দিন শেষে আমাদের ভেতরের মায়া-মমতা ও অতি সাধারণ মানবিক বোধটুকু কর্পূরের মতো উবে যাচ্ছে। ছোটবেলা থেকেই যদি আমাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সকল প্রাণের প্রতি সদয় হওয়ার শিক্ষা না দেওয়া হয়, তবে এই সমাজ আরও বেশি নিষ্ঠুর হয়ে উঠবে।
ধর্ম, দর্শন, নৈতিকতা– সব জায়গাতেই জীবের প্রতি দয়া করার তাগিদ দেওয়া হয়েছে। অন্য প্রাণীর কষ্টকে নিজের মনের ভেতর অনুভব করতে পারাই হলো মানুষের আসল পরিচয়। বাগেরহাটের সেই অসহায় কুকুরটির বোবা চাহনি আমাদের সমাজের প্রত্যেক বিবেকবান মানুষের হৃদয়ে বিশাল ক্ষত তৈরি করেছে। সেই চোখগুলো যেন আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে গেছে– তোমরা কি শুধুই নিজের স্বার্থ আর আনন্দে মগ্ন থাকা এক দল নিষ্ঠুর দ্বিপদ প্রাণী, নাকি তোমাদের হৃদয়ে এখনও মানবিকতার আলো অবশিষ্ট আছে? আসুন, প্রাণের প্রতি সহমর্মী হয়ে নিজেদের সমাজকে আরেকটু বাসযোগ্য করি। কারণ, বন্যেরা বনে সুন্দর হলেও মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার বুকভরা মানবিকতায়।
দীপা দত্ত: সংবাদকর্মী
