দুই সপ্তাহ আগে বর্তমান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি প্রধানমন্ত্রী পদে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাঁর এ পদক্ষেপ সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির ক্ষমতায় ফিরে আসার পথ কার্যকরভাবে প্রশস্ত করেছে। এ অবস্থা শুধু বাতিল রাজনৈতিক নেতার পুনঃপদায়ন নয়; ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর রাষ্ট্র হিসেবে ইরাকের পুনর্গঠনের ব্যর্থতারও প্রতিফলন।

সাম্প্রদায়িক রাজনীতি আল-মালিকির প্রত্যাবর্তন ইরাকের জন্য কী বার্তা দেয়, তা বোঝার জন্য তাঁর ইতিহাস পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সমর্থন নিয়ে ২০০৬ সালের নভেম্বরে আল-মালিকি ক্ষমতায় বসেন। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত তাদের নিজস্ব ভুল নীতির রেকর্ডকেই তুলে ধরে, যা ছিল এ অঞ্চল এবং এর ইতিহাস সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। আল-মালিকি তাঁর প্রথম দুই মেয়াদে এক ধরনের শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা ২০০৩-পরবর্তী অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দৃষ্টিভঙ্গি পরিকল্পিতভাবে ভেঙে দেয়। তিনি বাথ পার্টি থেকে মুক্তির নামে রাজনৈতিক ও সামাজিক স্তরে সুন্নি জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার নীতি অনুসরণ করেছিলেন। মূলত সাদ্দাম হোসেনের অনুগতদের অপসারণের উদ্দেশ্যে আল-মালিকি প্রক্রিয়াটি সাম্প্রদায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, ২০১০ সালে প্রধানমন্ত্রী বাথ পার্টি উৎখাতের আইনটি ব্যবহার করে ৯টি দল এবং ৪৫০ জনেরও বেশি প্রার্থীকে সংসদীয় নির্বাচন থেকে নিষিদ্ধ করেছিলেন, যাদের বেশির ভাগই সুন্নি। তাঁর নেতৃত্বে গঠিত নিরাপত্তা ব্যবস্থা ‘সন্ত্রাসবাদ’-এর মিথ্যা অভিযোগ এনে মধ্যপন্থি সুন্নি রাজনীতিবিদদের গ্রেপ্তার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে। ২০১৩ সালে কিরকুক প্রদেশের আল-হাউইজা শহরে সংঘটিত গণহত্যা তার একটি উদাহরণ।

আল-মালিকির অধীনে বাগদাদে সুন্নিদের বাড়িঘর থেকে পরিকল্পিতভাবে উচ্ছেদ করা হয়। অন্যদিকে তারা শিয়া অধ্যুষিত অঞ্চলগুলো সুগঠিতভাবে গড়ে তোলে। এটি ছিল রাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতায় বিশেষ জনগোষ্ঠীকে নির্মূল এবং নিজেদের অনুকূলে আনার এক ধরনের তৎপরতা। নির্মূলের এই নীতির কারণে সাম্প্রদায়িক রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছিল, সেখানে জাতিগত ও ধর্মীয় পরিচয় সমাজের প্রধান বিভাজনকারী হয়ে ওঠে এবং জাতীয় ঐক্য ক্ষুণ্ন করে। দেশকে ঠেলে দেয় গৃহযুদ্ধে। সুন্নি সম্প্রদায়ের ওপর ক্রমাগত আক্রমণ ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। ফলে সহজেই তারা প্রথমে আল কায়দা ও আইএসআইএলের মতো চরমপন্থি সংগঠন দ্বারা ব্যবহৃত হয়।

দুর্নীতি ও অব্যবস্থাপনা ২০১৮ সালে ইরাকি পার্লামেন্টের স্বচ্ছতা ও জবাবদিহি বিষয়ক কমিশন অনুমান করেছিল, মার্কিন হামলার পর থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দুর্নীতির কারণে ৩২০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। আল-মালিকি সেই ১৫ বছরের মধ্যে আট বছর ক্ষমতায় ছিলেন। তাঁর ঘনিষ্ঠদের অপচয় ও বিলাসী জীবনযাপন, বিপুল অর্থ দিয়ে জমি কেনা এবং প্রতারক বা শেল কোম্পানি ও গোপন ব্যাংকে অর্থ জমা রাখার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আল-মালিকির অধীনে বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করা হয়েছিল। এর ফলে জবাবদিহির যে কোনো প্রক্রিয়া অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তা বলয় ও সামরিক বাহিনীতেও ছিল ব্যাপক অব্যবস্থাপনা। প্রায় ১০০ বিলিয়ন ডলার মার্কিন তহবিলের মধ্যে ইরাকি সেনাবাহিনীর মধ্যে বছরের পর বছর দুর্নীতি ও কর্মহীনতার কারণে ২০১৪ সালের বিপর্যয় ঘটে, যখন আইএসআইএল (আইএসআইএস) বাহিনীর কাছে সামরিক ইউনিটগুলো ছত্রভঙ্গ হয়ে পড়ে।

আল-মালিকির প্রত্যাবর্তন আল-মালিকি গত ১১ বছর রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ছিলেন না, বরং তিনি ছিলেন রাজনৈতিক বন্দোবস্তের কেন্দ্রবিন্দুতে। তা ছাড়া মার্কিন প্রশাসনের ধারাবাহিক নজরদারিতে তিনি নিজের চূড়ান্তভাবে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সব পরিকল্পনা ও প্রস্তুতি সাজিয়ে নিয়েছিলেন। তাঁর তৃতীয় মেয়াদে সম্ভবত সাম্প্রদায়িক বিভাজন আরও তীব্র হবে এবং দুর্নীতি আরও বাড়বে। আল-মালিকির প্রত্যাবর্তন আঞ্চলিকভাবেও তাৎপর্যপূর্ণ। সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন এবং হিজবুল্লাহর ভয়াবহ দুর্বলতার পর ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা ও আর্থিক সম্পদে পরিণত হয়েছে ইরাক।

জসিম আল-আজ্জাউ: বিশ্লেষক ও সাংবাদিক; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম