নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে অজস্র প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব– প্রায় প্রতিটি দলই ভোটের আগে এমন সব অঙ্গীকার তুলে ধরে, যা শুনতে আশাব্যঞ্জক, কিন্তু বাস্তবায়ন প্রশ্নে থেকে যায় বড় সংশয়। ভোটারদের মনে তাই পুরোনো প্রশ্নটি আবার জেগে ওঠে– এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত; আর দলগুলো কতটা আন্তরিকভাবে তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ?

নির্বাচনী ইশতেহার মূলত একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দলিল। এতে দল তাদের নীতিগত অবস্থান, অগ্রাধিকার খাত এবং উন্নয়ন কৌশল তুলে ধরে। ইশতেহার হওয়া উচিত বাস্তবভিত্তিক, পরিমাপযোগ্য এবং সময়সীমা নির্ধারিত প্রতিশ্রুতির সমন্বয়। কিন্তু বাস্তবে দেখা যায়, অধিকাংশ ইশতেহারেই থাকে উচ্চাভিলাষী লক্ষ্য, কিন্তু সেগুলো অর্জনের রূপরেখা অস্পষ্ট। কীভাবে অর্থায়ন হবে, কোন আইনি বা প্রশাসনিক সংস্কার লাগবে, কী বাধা আসতে পারে– এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা কমই থাকে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ব্যবধান নতুন নয়। অতীতের নির্বাচনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষমতায় যাওয়ার পর দলগুলো ইশতেহারের কিছু অংশ বাস্তবায়ন করলেও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গীকার আংশিক বা পুরোপুরি অপূর্ণ থেকে যায়। এর পেছনে নানা কারণ রয়েছে। যেমন– প্রশাসনিক সীমাবদ্ধতা, অর্থনৈতিক চাপ, বৈশ্বিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা; কখনও কখনও সদিচ্ছার অভাব।

তবে এটাও সত্য, সব প্রতিশ্রুতি সমানভাবে অবাস্তব নয়। অনেক সময় বড় প্রকল্প বা সামাজিক সুরক্ষা কর্মসূচি ইশতেহার থেকেই বাস্তব রূপ পেয়েছে। সমস্যা হলো, ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা কম থাকে। কোন প্রতিশ্রুতি আগে, কোনটি পরে, তা নিয়ে জনগণের কাছে স্পষ্ট বার্তা পৌঁছায় না। ফলে ভোটাররা বুঝতে পারেন না, দলটি সত্যিই তাদের দেওয়া অঙ্গীকার পূরণে কতটা অগ্রসর হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহি। নির্বাচনী ইশতেহারকে আইনগতভাবে বাধ্যতামূলক দলিল হিসেবে দেখা হয় না। ফলে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য রাজনৈতিক বা আইনি শাস্তির মুখে পড়তে হয় না দলগুলোকে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটই একমাত্র বড় জবাবদিহির মাধ্যম। কিন্তু ভোটারদের সামনে ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নিরপেক্ষ ও সহজবোধ্য মূল্যায়ন খুব কমই হাজির করা হয়। রাজনৈতিক দলগুলোও সচরাচর নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের হার প্রকাশ করে না, যা খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংবাদমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি প্রচার নয়, বরং আগের ইশতেহারের কতটা বাস্তবায়িত হয়েছে, তার তথ্যভিত্তিক পর্যালোচনা তুলে ধরা প্রয়োজন। এতে ভোটাররা তুলনামূলক মূল্যায়ন করতে পারবেন। উন্নত গণতন্ত্রগুলোতে ম্যানিফেস্টো ট্র্যাকার বা প্রতিশ্রুতি পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে, যা আমাদের দেশেও চালু করা যেতে পারে। রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিবদ্ধতার প্রশ্নে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও নীতি নির্ধারণ প্রক্রিয়া থাকা জরুরি। অনেক সময় ইশতেহার প্রণয়ন করা হয় সীমিত পরিসরে; শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে। তৃণমূলের মতামত, বিশেষজ্ঞ পরামর্শ বা বাস্তব তথ্যের প্রতিফলন সেখানে কম থাকে। ফলে ইশতেহার হয়ে ওঠে বেশি প্রচারধর্মী, কম কর্মযোগ্য। অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ইশতেহার তৈরি হলে তা বাস্তবায়নের সম্ভাবনাও বাড়ে।

ভোটারদের মনস্তত্ত্বও এখানে ফ্যাক্টর। বড় প্রতিশ্রুতি ভোট টানতে সাহায্য করে– এটি রাজনৈতিক বাস্তবতা। তাই দলগুলো অনেক সময় জানার পরও যেসব প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবসম্মত নয়, তবু তা ইশতেহারে রাখে। এই প্রবণতা বদলাতে হলে ভোটারদের মধ্যেও বাস্তবসম্মত প্রত্যাশা ও নীতিনির্ভর ভোটদানের সংস্কৃতি জোরদার করতে হবে।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল