সউদী আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন নজরুল ও সুইটি আক্তার। অতি সাধারণ এই দুই প্রবাসী শ্রমজীবী সে দেশের রাজপরিবার, সরকার কিংবা স্থানীয় নাগরিকদের জন্য ন্যূনতম কোনো হুমকি ছিলেন— এমনটি ভাবার কোনো যৌক্তিক কারণ নেই। কিংবা তাদের প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে সউদী প্রশাসন বা আদালত সংক্ষুব্ধ হয়ে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দিয়েছে— এমন দাবিও ভিত্তিহীন। বিভিন্ন সংবাদমাধ্যম ও দণ্ডিতদের পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্য স্পষ্ট বলছে, পবিত্র মক্কার ‘মসজিদুল হারাম’-এর সীমানায় সংঘটিত এক গুরুতর অপরাধের অভিযোগে দীর্ঘ সাড়ে তিন বছরের পুঙ্খানুপুঙ্খ আইনি প্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন; যা সম্প্রতি কার্যকর হয়েছে।

সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, অপরাধ সংঘটিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। যথাযথ তদন্ত শেষে প্রস্তুতকৃত অভিযোগনামার ভিত্তিতে বিচার প্রক্রিয়া পরিচালিত হয় এবং অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইসলামি আইনের ‘তাজির’ (বিচারকের বিবেচনাভিত্তিক শাস্তি) ধারায় মক্কা অঞ্চলে সাজা কার্যকর করা হয়। অপরাধের স্থানটির পবিত্রতা ও ভয়াবহতা বিবেচনায় এ ঘটনার ভিডিও ধারণ ও মুঠোফোনে সংরক্ষণের অপরাধে জড়িত আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সউদী সরকার ঘটনার বিস্তারিত বিবরণ জনসম্মুখে প্রকাশ করেনি। এর পেছনে গভীর বিচক্ষণতা ও স্পর্শকাতরতার বিবেচনা ছিল বলেই মনে হয়। কারণ, মক্কার পবিত্র মসজিদুল হারামের সাথে সম্পৃক্ত এমন এক জঘন্য অপরাধের আদ্যোপান্ত প্রকাশ্যে এলে বিশ্বজুড়ে কেবল বাংলাদেশের ভাবমর্যাদাই ক্ষুণ্ন হতো না, বরং সউদী আরবে অবস্থানরত প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশির সম্মান ও জীবিকা ঝুঁকিতে পড়ত। উপরন্তু, বিস্তারিত তথ্য অপ্রকাশিত থাকায় দণ্ডিতদের নিরপরাধ পরিবারগুলোও লোকলজ্জা ও তীব্র সামাজিক ঘৃণার মুখোমুখি হওয়া থেকে বেঁচে গেছে। তাছাড়া, এমন ঘটনার ব্যাপক চর্চা হলে আরও অনেকের শয়তানী প্ররোচণায় প্রলুব্ধ হওয়ার ঝুঁকি থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন যে, উক্ত বিচার কাজে যাথাযথ আইনি প্রক্রিয়া অনুসৃত হয়েছে কি না। অথচ দণ্ডিতদের পিতামাতার পারিবারিক বক্তব্য থেকেই পরিষ্কার, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই তারা সন্তানদের গ্রেপ্তারের বিষয়টি জানতেন। গ্রেপ্তারের পর থেকেই নির্দিষ্ট সময় পর পর পরিবারকে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়া হতো, এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক দিন আগেও তারা স্বজনদের সাথে কথা বলেছেন। এসব তথ্য প্রমাণ করে, সউদী কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ শরীয়াহ ও দেওয়ানি আইন অনুসরণ করেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রশাসনিক তৎপরতা নিয়ে যদি কোনো পর্যালোচনার প্রয়োজন থাকে, তবে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

কিন্তু অস্পষ্ট অনুমানের ওপর দাঁড়িয়ে সউদী রাজপরিবার, সরকার ও সে দেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার বা ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ বা যৌক্তিকতা থাকতে পারে না। বাস্তবতা এড়িয়ে এই সংবেদনশীল ঘটনাকে ঢাল বানিয়ে দেশি-বিদেশি ইসলামোফোবিক গোষ্ঠী এবং বিবিসি বাংলা, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল ও কালের কণ্ঠসহ সমগোত্রীয় কয়েকটি গণমাধ্যম একপেশে ও উসকানিমূলক প্রচারে নেমেছে বলেই প্রতিয়মান। তাদের এই প্ররোচনায় পড়ে আমাদের সমাজের অনেকে না বুঝে, ঘটনার গভীরে না গিয়ে কিংবা চরম পরিণতির কথা চিন্তা না করে সউদী আরবের বিরুদ্ধে যে কুৎসা ও ধৃষ্টতাপূর্ণ প্রচারণা চালাচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এই অনাকাঙ্ক্ষিত উসকানিতে সংক্ষুব্ধ হয়ে সউদী সরকার যদি অপরাধের মূল নথিপত্র প্রকাশ করে দেয়, তবে বিশ্ব মুসলিম অঙ্গনে জাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অপরাধহীন পরিবার দুটি, আর প্রবাসীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়লে তার মাশুল গুনতে হবে দেশের ১৮ কোটি মানুষকে।

আমাদের স্মরণে রাখা দরকার, সউদী আরব কেবল আমাদের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্রই নয়, বরং বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। এ দেশের প্রতিটি উপজেলায় নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদসমূহ সউদী সরকারের অনুদানেই গড়ে উঠেছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সউদী আরবের ত্রাণের বিমান সবার আগে বাংলাদেশে এসে ল্যান্ড করে। বিশ্বখ্যাত জ্বালানি প্রতিষ্ঠান ‘সউদী আরামকো’ বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে এবং চট্টগ্রামে বড় পরিসরে তেল শোধনাগার নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানা যায়। বিশ্বরাজনীতির জটিল অংকে তথাকথিত বন্ধু দেশ ভারত বাংলাদেশ থেকে একতরফা মুনাফা লোটে এবং রাজনৈতিক প্রভাববলয় তৈরিতে ব্যস্ত থাকে। আবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পোশাক কেনার অজুহাতে রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক নানা শর্ত চাপিয়ে দিতে তৎপর হয়। ব্যতিক্রম কেবল সউদী আরব; কোনো বিনিময় ছাড়াই তারা বাংলাদেশকে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনসহ বিশ্বের নানা দেশে আমাদের শ্রমবাজার সংকুচিত হয়েছে, কোথাও কোথাও আবার একেবারে বন্ধ হয়ে গেছে। বর্তমান অর্থনৈতিক চরম সংকটকালে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার ও রেমিট্যান্সের মূল উৎস সউদী আরব যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে কঠোর পদক্ষেপ নেয়, তবে সেই বিপর্যয় সামলানোর সামর্থ্য বাংলাদেশের অর্থনীতির নেই। কাজেই, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইসলামোফোবিক চক্রের অন্যায় অপপ্রচারের মুখোশ উন্মোচন এবং দায়িত্বহীন সমালোচকদের রাশ টেনে ধরতে দেশের উলামায়ে কেরাম, সচেতন রাজনীতিবিদ, দায়িত্বশীল ছাত্র-যুবসমাজ ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

লেখক: নির্বাহী সম্পাদক, মাসিক মুঈনুল ইসলাম; শিক্ষক, দারুল উলূম হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম।