১২ মার্চ নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অনেক ত্যাগ-তিতিক্ষা, দীর্ঘ আন্দোলন এবং দেড় যুগের অকার্যকর সংসদীয় চর্চার অবসানের প্রত্যাশা থেকে জন্ম নেওয়া এই সংসদকে ঘিরে জনমানুষের আশা স্বাভাবিকভাবেই উঁচুতে। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনীতির যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে সংসদকে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার। প্রশ্ন হচ্ছে, আমরা কেমন সংসদ চাই?\r\nসংসদ কেবল আইন পাস করার যন্ত্র নয়। এটি রাষ্ট্রের নৈতিক ও রাজনৈতিক দিকনির্দেশনার কেন্দ্র। বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছিল ১৯৭২ সালে, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে।

সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে গঠিত বাংলাদেশ জাতীয় সংসদ-এর মূল লক্ষ্য ছিল জনগণের প্রতিনিধিত্ব, নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা এবং নীতিনির্ধারণে বহুমতের অংশগ্রহণ। কিন্তু বাস্তবে বহু বছর ধরেই সংসদ কার্যত একমুখী বিতর্কের মঞ্চে পরিণত হয়েছিল। বিরোধী দলের বর্জন, হট্টগোল, বিল পাসে তাড়াহুড়া এবং স্থায়ী কমিটিগুলোর দুর্বলতা সংসদকে প্রান্তিক করে রেখেছিল।\r\nনতুন সংসদের সামনে তাই প্রথম ও প্রধান কাজ হচ্ছে আস্থা ফিরিয়ে আনা। জনগণ দেখতে চায়, সংসদ হবে আলোচনার জায়গা, সমালোচনার জায়গা, যুক্তির জায়গা। সংখ্যাগরিষ্ঠতা সরকারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, কিন্তু সংসদের মর্যাদা রক্ষা করে ভিন্নমতের প্রতি সহনশীলতা।

সরকারি দলের মেজরিটি থাকলেও বিরোধী কণ্ঠস্বর যেন কার্যকর থাকে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য।\r\nএবারের সংসদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তরুণ সদস্যদের উপস্থিতি। বহু নতুন মুখ প্রথমবারের মতো সংসদে এসেছেন। তরুণ রক্তপ্রবাহ নতুন উদ্যম নিয়ে এলে তা ইতিবাচক। তবে উদ্যমের সঙ্গে প্রয়োজন সংসদীয় সংস্কৃতি শেখা। ব্যক্তিগত আক্রমণ নয়, তথ্যভিত্তিক যুক্তি; স্লোগান নয়, নীতিগত বিতর্ক; সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষা নয়, সংসদীয় ভাষার শালীনতা- এই পার্থক্যটি রপ্ত করতে পারলেই নতুন প্রজন্ম সংসদকে প্রাণবন্ত করে তুলতে পারে।\r\nসংস্কার কমিটির প্রস্তাবনার আলোকে কিছু কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনাও সামনে এসেছে।

স্থায়ী কমিটিগুলোর ক্ষমতা বৃদ্ধি, বিল পাসের আগে জনমত যাচাইয়ের বিধান, সংসদ সদস্যদের অনুপস্থিতির বিরুদ্ধে কঠোর নিয়ম, প্রশ্নোত্তর পর্বকে কার্যকর করা- এসব পদক্ষেপ যদি বাস্তবায়িত হয়, তবে সংসদ কাগজে-কলমে নয়, বাস্তবেও শক্তিশালী হবে। বিশেষ করে বাজেট ও উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সংসদীয় নজরদারি বাড়ানো জরুরি। অতীতে বড় বড় প্রকল্পে অনিয়ম ও ব্যয়বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠেছে। সংসদ যদি প্রকৃত অর্থে পর্যালোচনার ভূমিকা নেয়, তাহলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে।\r\nপ্রথম অধিবেশনেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সংসদের কার্যপ্রণালি বিধিতে সংশোধন এনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। স্থায়ী কমিটিগুলোর সভাপতি নির্বাচনে দলীয় কোটার বাইরে দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া।

বিরোধী দলের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা বাধ্যতামূলক করা। নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন তদারকিতে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর সংসদীয় শুনানির ব্যবস্থা চালু করা। সংসদ সদস্যদের সম্পদ বিবরণী নিয়মিত প্রকাশের বিধান করা। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার ও নাগরিক মতামত গ্রহণের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। এসব সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যাবে, নতুন সংসদ নিজেকে কতটা বদলাতে চায়।\r\nএবার আমরা প্রথমবারের মতো এমন একজন সংসদ নেতা পাচ্ছি, যিনি বয়সে পূর্ববর্তী অনেক নেতার তুলনায় বড়। বয়স অভিজ্ঞতার প্রতীক হতে পারে, যদি তা উদারতা ও দূরদর্শিতার সঙ্গে যুক্ত হয়।

সংসদ নেতার দায়িত্ব কেবল দল পরিচালনা নয়; তিনি পুরো সংসদের পরিবেশ নির্ধারণ করেন। তাঁর বক্তব্য ও আচরণ থেকে বার্তা যায়- সংসদ হবে সংঘাতের নাকি সমঝোতার। এই নেতৃত্ব যদি সংলাপকে উৎসাহিত করে, তবে বিরোধী দলও দায়িত্বশীল আচরণে উৎসাহ পাবে।\r\nআমরা কেমন সংসদ চাই- এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে অতীতের ভুলগুলো মনে রাখতে হবে। সংসদ যেন কেবল বিল পাসের আনুষ্ঠানিকতা না হয়। গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের আগে খসড়া প্রকাশ, বিশেষজ্ঞ মতামত গ্রহণ এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। গণমাধ্যমের স্বাধীনতা ও সংসদীয় রিপোর্টিংয়ের সুযোগও বিস্তৃত হওয়া উচিত।

সংসদ যদি জনজীবনের বাস্তব সমস্যাগুলো নিয়ে নিয়মিত আলোচনা করে- দ্রব্যমূল্য, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ- তবে মানুষ সংসদের সঙ্গে নিজেদের সম্পর্ক অনুভব করবে।\r\nসংসদকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক আদেশ ও নির্বাহী প্রভাব প্রাধান্য পেয়েছে। কিন্তু গণতন্ত্রে নীতিনির্ধারণের কেন্দ্র হওয়া উচিত সংসদ। বড় সিদ্ধান্তের আগে সংসদে আলোচনা, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংসদীয় অনুমোদন, জরুরি অবস্থার মতো সংবেদনশীল বিষয়ে সর্বদলীয় মতামত- এসব চর্চা গড়ে তুলতে হবে। প্রথম অধিবেশনেই যদি এ ধরনের অঙ্গীকার স্পষ্ট হয়, তবে মর্নিং শোজ দ্য ডে প্রবাদটি সত্যি হতে পারে।\r\nতবে কেবল কাঠামোগত পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।

সংখ্যাগরিষ্ঠতার অহংকার যেমন ক্ষতিকর, তেমনি অযৌক্তিক বর্জনও গণতন্ত্রের পরিপন্থী। সরকার ও বিরোধী উভয় পক্ষকেই মনে রাখতে হবে, সংসদে তারা প্রতিপক্ষ, শত্রু নয়। ব্যক্তিগত আক্রমণ ও অবমাননাকর ভাষা পরিহার করে নীতিগত দ্বিমত প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে হবে।\r\nজনগণের প্রত্যাশা অনেক উঁচুতে। তারা চায়, এই সংসদ হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর, স্বচ্ছতার পক্ষে দৃঢ়, মানবাধিকারের বিষয়ে সংবেদনশীল এবং অর্থনৈতিক ন্যায়ের প্রশ্নে সক্রিয়। ছাত্র-জনতার আন্দোলন যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করেছে, সংসদ তার প্রাতিষ্ঠানিক রূপ। সেই চেতনা যদি সংসদের ভেতরে প্রতিফলিত না হয়, তবে হতাশা বাড়বে।\r\nকেমন সংসদ চাই- এর সহজ উত্তর হচ্ছে, এমন সংসদ চাই যা জনগণের কণ্ঠস্বর বহন করবে, নির্বাহীকে জবাবদিহির মধ্যে রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি গড়ে তুলবে। ১২ মার্চের প্রথম অধিবেশন তাই কেবল আনুষ্ঠানিক সূচনা নয়; এটি একটি প্রতিশ্রুতির পরীক্ষা। আগামী পাঁচ বছর দেশ সত্যিই সংসদকেন্দ্রিকভাবে পরিচালিত হবে কি না, তার আভাস মিলবে সেদিনের আলোচনায়, আচরণে এবং সিদ্ধান্তে। এখন দায়িত্ব সংসদ সদস্যদের- তারা কি ইতিহাসের এই সুযোগকে কাজে লাগাতে পারবেন?\r\n লেখক : প্রকাশক ও কলাম লেখক