বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনও ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেননি। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেও তিনি স্বাধীন পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে সরকারে যোগ দেননি। তাঁর নেতৃত্বের ভিত্তি ছিল কৃষক-শ্রমিক জনসাধারণ। তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় ক্ষমতার বাইরে থেকে তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন।

বস্তুত তিনি জন্ম নিয়েছিলেন কৃষক পরিবারে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে পিতা হাজী শারাফত আলী ও মাতা বেগম শারাফত আলীর এক কন্যা ও তিন পুত্রের মধ্যে আবদুল হামিদ খান ছিলেন সর্বকনিষ্ঠ। তাঁর ডাক নাম ছিল চেগা মিয়া। শৈশবেই পিতৃহীন হামিদ চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকার সময় ইরাকি ধর্ম প্রচারক নাসির উদ্দীন বোগদাদী সিরাজগঞ্জে আসেন। হামিদ তাঁর কাছে শিক্ষা গ্রহণ করে প্রথমে টাঙ্গাইলের কাগমারীতে প্রাথমিক বিদ্যালয়ে, পরে ময়মনসিংহের হালুয়াঘাটে মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯২৫ সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আলেমা খাতুনকে, পরবর্তী সময়ে টাঙ্গাইলের দীঘিলিয়া গ্রামের আকলিমা খাতুনকে এবং ১৯৩৫ সালের শেষ দিকে বগুড়ার আদমদীঘির হামিদা খাতুনকে বিয়ে করেন।

১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জাতীয়তাবাদী দলের সমর্থক হিসেবে রাজনীতি শুরু করেন এবং ১৯১৯ সালে কংগ্রেসে যোগদান ও অসহযোগ অন্দোলনে অংশগ্রহণ করে ১০ মাস কারাদণ্ড ভোগ করেন। ১৯২৩ সালে দেশবন্ধু স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী কংগ্রেসের ভেতরে থেকেই সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯২৯ সালে আসামের ঘাগমারীতে জঙ্গল কেটে প্রথম বসতি স্থাপন করেন। অবশ্য এর আগেই তিনি ১৯২৪ সালে ভাসানচরে অনুষ্ঠিত ঐতিহাসিক কৃষক সম্মেলন থেকে নামের শেষের ‘ভাসানী’ উপাধি লাভ করেন। সেখানকার নিপীড়িত বাঙালি আর দারিদ্র্যপীড়িত মানুষদের কাছে মওলানা ভাসানী হয়ে ওঠেন কৃষক নেতা ও আধ্যাত্মিক পীর।

পাকিস্তান আমলের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের অন্যতম মওলানা ভাসানী। পাকিস্তান আন্দোলনে অগ্রণী ভূমিকা থাকলেও পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ।

মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে তাঁর বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে প্রবাসী সরকারের উদ্যোগে আট সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মওলানা ভাসানী। ওই উপদেষ্টা কমিটির প্রথম সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে, পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেকে অন্য কোনো প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না। আর বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি ঢাকায় ফিরে তিনি সর্বপ্রথম যে দাবিটি তোলেন তা হলো বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতীয় সেনাবাহিনীর অপসারণ।

মওলানা ভাসানী আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং নিপীড়িত-নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজের রাজনীতিকে শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিয়েছেন এবং গ্রামের সাধারণ, দরিদ্র মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাদের সংগঠিত করেছেন। এমন আরেকজন নেতা আমরা কোথায় পাব?

মওলানা আবদুল হামিদ খান ভাসানী বিশ্বাস করতেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে অশিক্ষিত রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারীশিক্ষার গুরুত্ব উপলব্ধি করে তিনি মেয়েদের জন্য স্কুল ও শিশুকেন্দ্র স্থাপন করেছিলেন। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশাপাশি নারীদের অধিকার নিয়েও চিন্তা-ভাবনা করতেন। তাঁর রাজনৈতিক দর্শনে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ছিল প্রধান, যার মধ্যে নারীরাও অন্তর্ভুক্ত।

মওলানা ভাসানী মনে করতেন, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা জরুরি এবং এ লক্ষ্য অর্জনে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। দুর্ভাগ্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা আমরা ভুলেই গেছি প্রায়। ১৭ নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক অনুষ্ঠান ও আয়োজন হবে। কিন্তু তাঁর রাজনীতি ও জীবন দর্শন আমরা কতজন মেনে চলি?

মিতা রহমান: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ