সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মব ভায়োলেন্সের মতো অপরাধগুলো আশঙ্কাজনকভাবে বেড়েছে। যেমন–চোর, ডাকাত কিংবা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন কোনো মানুষ। একটি সভ্য সমাজে এমন বিচারহীনতা ও আইন অবমাননার সংস্কৃতি সত্যিই উদ্বেগের বিষয়। এই সংকটকে কেবল আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখার কোনো সুযোগ নেই; এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ।

মব ভায়োলেন্স কেন হয়, তা বোঝার জন্য প্রথমেই ‘মব’ বা উত্তেজিত জনতার মনস্তত্ত্ব বুঝতে হবে। অপরাধবিজ্ঞানের অন্যতম প্রধান তত্ত্ব ‘ডি-ইন্ডিভিউয়েশন’ দিয়ে উগ্র জনতার এই মানসিকতা ব্যাখ্যা করা যায়। যখন একজন ব্যক্তি কোনো বিশাল ভিড়ের অংশ হয় তখন সে তার ব্যক্তিগত নৈতিকতা ও বিবেক হারিয়ে ফেলে। সে নিজেকে ‘বেনামি’ বা ‘অজ্ঞাত’ মনে করার কারণে তার মনে এই বিশ্বাসের জন্ম হয় যে, এককভাবে তাকে কেউ দোষী সাব্যস্ত করতে পারবে না। ফরাসি সমাজবিজ্ঞানী গুস্তাভ লে বনের ক্রাউড সাইকোলজি বা জনমনস্তত্ত্ব অনুযায়ী, উত্তেজিত জনতার নিজস্ব কোনো বিবেক থাকে না, তারা কেবল অন্ধ অনুকরণ ও আবেগে চালিত হয়। ফলে একজন মানুষ একা যে নিষ্ঠুর অপরাধটি করতে দ্বিধা করত, তা জনতার অংশ হিসেবে নির্দ্বিধায় করে ফেলে। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে, মব জাস্টিসের উত্থান মূলত ‘সামাজিক বিশৃঙ্খলা’র বহিঃপ্রকাশ। সমাজে যখন প্রচলিত বিচারব্যবস্থার ওপর মানুষের দীর্ঘদিনের অনাস্থা তৈরি হয় বা অপরাধীরা পার পেয়ে যাবে এমন ধারণা জন্মে, তখন মানুষ তাৎক্ষণিক বিচার বা ‘স্ট্রিট জাস্টিস’ করতে প্ররোচিত হয়। ধীরগতির বিচারব্যবস্থার ফলে এক ধরনের ‘আইনি শূন্যতা’ বা ‘অ্যানোমি’ তৈরি হয়, যা মব ভায়োলেন্সকে উস্কে দেয়। বর্তমান ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমে ছড়ানো ফেক নিউজ বা গুজব এই সহিংসতাকে মুহূর্তের মধ্যে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, যা অপরাধবিজ্ঞানের ভাষায় ‘ডিজিটাল ভিজিল্যান্টিজম’।

আইনি দৃষ্টিকোণ থেকে মব জাস্টিস কোনো বিচার নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট ও জঘন্য অপরাধ। বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে এবং ৩২ অনুচ্ছেদ অনুযায়ী আইনের মাধ্যম ছাড়া কাউকে জীবন থেকে বঞ্চিত করা যাবে না। মব ভায়োলেন্স এই দুটি মৌলিক সাংবিধানিক অধিকারের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ দণ্ডবিধির (পেনাল কোড) ১৪৩ ও ১৪৯ ধারা (বেআইনি সমাবেশ) এবং অপরাধের তীব্রতা অনুযায়ী ৩০২ ধারা (খুন)-এর অধীনে গণপিটুনিতে জড়িতদের সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। কিন্তু মব ভায়োলেন্সের বিরুদ্ধে আইন থাকার পরও আমরা এর জন্য যথাযথ পদক্ষেপ দেখতে পাই না।

অতীতে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সমাজে এই বার্তা যায় যে ‘জনতা’র আড়ালে লুকিয়েও পার পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গুজব ছড়ানো রোধে আরও তৎপর হতে হবে। সর্বোপরি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সাহায্যে সাধারণ মানুষের মাঝে আইনি সচেতনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। একটি সভ্য রাষ্ট্র ও সমাজ গঠনে মব জাস্টিস বন্ধের কোনো বিকল্প নেই। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হতে হবে নির্দলীয় এবং নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। সেজন্য দরকার সরকারের সদিচ্ছা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তা প্রধানত সরকারের ওপর বর্তায়। ফলে সরকারকেই এ ব্যাপারে সবার আগে এগিয়ে আসতে হবে।

পারিজাত সুলতানা অথৈ: শিক্ষার্থী, অপরাধবিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়