রাজধানীতে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আরও একজন গুরুতর আহত হন। এই সেদিন ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে পল্টনে গুলি করল পেশাদার খুনিচক্র। যার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের সেতা মুসাব্বিরকে খুন হতে হলো আততায়ীর হাতে।\r\nআবারও রক্তাক্ত অধ্যায়ে যুক্ত হলো রাজধানী। ফার্মগেট-কাওরান বাজার সংলগ্ন এ এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার গভীর সংকটের নগ্ন প্রকাশ। যা প্রমাণ করে, রাজধানীর মতো শহরেও এখন কেউ নিরাপদ নয়।
দীর্ঘদিন ধরে কাওরান বাজার এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধের কথা গণমাধ্যমেই প্রকাচিত। এখন যদিও কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই তবু থেমে নেই চাঁদাবাজি। বিভিন্ন সময়ে সংবাদপত্র প্রকাশিত তথ্য মোতাবেক কাওরানবাজার ও ফার্মগেট সংলগ্ন এলাকার মার্কেটের দোকান, কাঁচাবাজার ও ফুটপাত থেকে প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকা চাঁদা ওঠে। কাঁচা টাকার এই চাঁদা পুরোটাই চলে যেত ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এমপি-মন্ত্রীর পকেটে। ৫ আগস্টে বিপ্লবের পর ফ্যাসিবাদের দোসররা পালানোয় স্থানীয় ছিচকে সন্ত্রাসীদের মধ্যে চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই সংঘর্ষ হয়, এমন কী গোলাগুলিও হয়। এই হত্যাকা-ের ভয়াবহতা শুধু প্রাণহানিতে সীমাবদ্ধ নয়।
ঘটনাস্থল, সময় ও পদ্ধতি সবই দেখায় যে অপরাধীরা আইন ও প্রশাসনকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খোদ রাজধানী পর্যন্ত মাঠেঘাটে অলিতে গলিতে পথে-প্রান্তরে সর্বত্র চাঁদাবাজদের দৌরাত্ম্য বিদ্যমান। এই চাঁদাবাজদের বড় একটি অংশ গত ১৭ বছর অভুক্ত ছিল বিধায় চাঁদা সংগ্রহে তাদের আক্রমণাত্মক মনোভাব খুব বেশি দৃশ্যমান। এরা সুযোগ সন্ধানী, যখন যে দল ক্ষমতার খুব কাছাকাছি তখন তাদের দহরমমহরম সে দলের সঙ্গেই খুব বেশি। যদি সত্যিই রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ, চাঁদাবাজি ও সশস্ত্র সংঘাত চলতে থাকে, তবে সেটি কেবল একটি দলের সমস্যা নয় এটি রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। রাজনৈতিক কর্মী সংগ্রহে দেশের সব রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হতে হবে, জনশক্তির নৈতিক মান ও শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। সন্ত্রাসী আচরণ কিংবা মাদকাসক্ত-পূর্ববর্তী সকল কর্মকা- মূল্যায়ন করে তবেই কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত দলীয়ভাবে নিতে হবে। আমরা মনেকরি-একজন নেতা দল থেকে বহিষ্কৃত ছিলেন এই তথ্য হত্যাকা-কে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। বরং প্রশ্ন তোলে, বহিষ্কারের পরও কেন তিনি একই এলাকায় প্রভাবশালী ছিলেন? কেন চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ বারবার শোনা গেলেও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি? আমরা মনেকরি, দলীয় পরিচয়, শ্রমিক ইউনিয়নের পদ-পদবি কিংবা প্রভাবশালী অবস্থান কাউকে বেপরোয়া করে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে রাষ্ট্র যদি এখনই কঠোর না হয়, তবে নাগরিক নিরাপত্তা কেবল কাগুজে প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে। এমনটি আমরা চাই না।
