আজ সকালে কিয়ার স্টারমারের নেতৃত্বে ইউরোপের একটি সংঘবদ্ধ দল ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। কোনো দেশ এ পথে বাধা হয়ে দাঁড়ালে শুল্কযুদ্ধও শুরু করা হবে। নিঃসন্দেহে এটি এমন এক মুহূর্ত, যদি এখানে কোনো ধরনের সমঝোতা না হয়, তাহলে ট্রাম্পের এই পরিকল্পনা তাঁর দায়িত্ব পালনের বাকি সময়ের মধ্যে উদারভিত্তিক ব্যবস্থা টিকে থাকার যে কোনো দীর্ঘস্থায়ী আশার অবসান ঘটাবে। এখন আসল প্রশ্ন হলো, ২০২০-এর দশকে কি ইতোমধ্যে ভেঙে পড়ার উপক্রম বিশ্বব্যবস্থা পুরো ভেঙে পড়বে এবং তার সঙ্গে যুক্ত নৃশংসতা প্রাধান্য পাবে? নাকি এর পরিবর্তে একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে ইচ্ছুক আন্তর্জাতিক জোট সংঘবদ্ধ হতে পারে?

কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র ও জাতিরাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার দীর্ঘস্থায়ী সমর্থন পরিত্যাগ করেছে। মানবিক সহায়তা ও পরিবেশগত যত্নের প্রতি তার আগের মতো প্রতিশ্রুতি নেই। যুদ্ধোত্তর মীমাংসার মূলনীতিও– দেশগুলো একতরফা পদক্ষেপের চেয়ে কূটনীতি ও বহুপক্ষীয় সহযোগিতা বেছে নেওয়া অনুপস্থিত। আমরা আর সন্দেহ করতে পারি না, প্রেসিডেন্ট যখন জানালেন, তাঁর ‘আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই’, তা কথার কথা ছিল না। এ কথা বলে তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন– আমি কী করব-না করব, সে ক্ষেত্রে ‘আমার নিজস্ব নৈতিকতা, আমার নিজস্ব মনই’ এ ক্ষেত্রে একমাত্র মানদণ্ড।

প্রকৃতপক্ষে, গত কয়েক সপ্তাহে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল রচিত মার্কিন নেতৃত্বাধীন আটলান্টিক সনদের প্রতিটি প্রতিশ্রুতি আপাতদৃষ্টিতে উপেক্ষা করা হয়েছে, যার ভিত্তিতে জাতিসংঘ সনদ তৈরি হয় এবং যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ‘সব জাতির স্বাধীনতা’, মুক্ত বাণিজ্য ও ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্তি। ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টা স্টিফেন মিলার আমাদের বলেছেন, ট্রাম্পের কাছে বিশ্ব ‘শক্তি ও ক্ষমতা দ্বারা’ পরিচালিত হবে।

যদি গ্রিনল্যান্ডই নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রের দিকে বাকি বিশ্বের তাকিয়ে থাকার অবসান ঘটায়, তাহলে ইউরোপ ও গ্লোবাল সাউথের গণতন্ত্রের জন্য বালি থেকে মাথা তুলে দাঁড়ানোর সময় হয়েছে। এ অঞ্চল এবং অন্য গণতন্ত্রপন্থিদের এখন মূল্যবোধ ও নিয়ম-শৃঙ্খলার একটি নতুন বয়ান তৈরি করা উচিত, যা আমরা কীভাবে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াব এবং উপযুক্ত অগ্রগতি অর্জন নিশ্চিত হবে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। শনিবার লন্ডনে জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অ্যাটর্নি জেনারেল কিয়ার স্টারমারের প্রসঙ্গ টেনে একই কথা বলেছেন। এখন নতুন যুগ ও নতুন চ্যালেঞ্জের সামনে পারস্পরিক স্থায়ী মূল্যবোধগুলো পুনরুজ্জীবিত করতে হবে, যার ওপর ১৯৪৫-পরবর্তী প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল।

তাহলে কীভাবে এগোবেন? বিশ্বের গণতন্ত্রপন্থিদের উচিত জাতিসংঘ সনদের সূচনাবিন্দু ‘আমরা জনগণ...’ এর প্রতিধ্বনি করে একটি সংক্ষিপ্ত মূল্যবোধের বিবৃতি তৈরি করা। এবার দেখাতে হবে, আমরা এটিই চাই। এর প্রথম অংশে আত্মনিয়ন্ত্রণ এবং জাতিরাষ্ট্রগুলোর পারস্পরিক স্বীকৃতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন জোরদার করা হবে; যুদ্ধ ও জবরদস্তি নিষিদ্ধ করতে হবে; আইন, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিকে প্রাধান্য দিতে হবে, যা মানবসত্তাকে সমুন্নত করে। দ্বিতীয় অংশে খাদ্য, জল ও নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ, সামাজিক ন্যায়বিচার এবং সবার জন্য জলবায়ুর ভারসাম্য ও স্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে মহামারি প্রতিরোধ অন্তর্ভুক্ত।

এ ধরনের সনদের মাধ্যমে এটি স্পষ্ট করে দেওয়া উচিত– আমাদের নতুন বহুমেরুর পৃথিবীতে নেতৃত্বের ক্ষেত্রে বিশেষ কারও কাছে আবেদন করার দরকার নেই। কারণ বিভিন্ন ঐতিহ্য, জাতি ও মতাদর্শের দেশগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করতে হবে; কোনো একক নেতৃত্বের দিকে কেউ তাকিয়ে থাকবে না। এই বিশ্বও এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কারণে যে হুমকির মুখে পড়েছে, তা আমরা কেউই মেনে নিতে পারি না। যদি আমরা তা মেনে নিই তা হবে প্রভাব ও পরাশক্তির আধিপত্য বিবেচনায় উনিশ শতকে প্রত্যাবর্তন। বরং আমাদের জিজ্ঞাসা করতে হবে, কীভাবে আমরা একটি বহুমেরু বিশ্বে বহুপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নিতে পারি। তাই সনদটিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অনেক আগে মৌলিকভাবে কী কী পরিবর্তিত হয়েছে এবং ১৯৪৫ সালের সংবিধানে কখনোই যেসব বিষয় গুরুত্ব পায়নি তা পুরোপুরি বিবেচনায় নিতে হবে। যেমন জলবায়ু সংকটে প্রাণ-প্রকৃতি; নারী-পুরুষ ও পরিচয়ের সমতার ন্যায্য দাবি; নতুন ধরনের সন্ত্রাসী তৎপরতা, হুমকি ও নানাবিধ প্রতিষ্ঠানের ভূমিকা, যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে সঞ্চিত সম্পদ এবং প্রযুক্তিগত শক্তির অধিকারী ব্যক্তিবর্গ।

গর্ডন ব্রাউন: জাতিসংঘের বৈশ্বিক শিক্ষার বিশেষ দূত এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী (২০০৭-২০১০); দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম