বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য উৎপাদনের এক গুরুত্বপূর্ণ ভূখণ্ড। যেখানে প্রতিবছর নিচে নেমে যাচ্ছে পানির স্তর। ফলে সেচ সুবিধা, ভূগর্ভস্থ পানি উত্তোলন কিংবা নানা উন্নয়ন কার্যক্রমের নামে বরেন্দ্রের বিভিন্ন স্থানে খোঁড়া হয়েছে প্রায় পাঁচশো খোলা গর্ত, যেগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে অরক্ষিত অবস্থায়। এসব গর্ত এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। প্রতিদিন গভীর নলকূপের পাশ দিয়ে চলাচল করছে কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও শিশুরা। রাতের অন্ধকারে কিংবা বর্ষাকালে পানি জমে গেলে গর্তগুলো চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ে। রাজশাহীর গোদাগাড়ী, তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল এবং নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার মাঠে-ঘাটে ছড়িয়ে আছে এসব গভীর নলকূপের গর্ত। যেগুলোর ব্যাস ৮ থেকে ১২ ইঞ্চি।
এসব গর্তে শিশুরা পড়লে সেখান থেকে উঠে আসা দুঃসাধ্য। ফলে প্রায়ই মানুষ ও গবাদিপশু পড়ে গিয়ে আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ১০ নভেম্বর দুপুরে রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়ায় এমনই একটি নলকূপে পড়ে যায় শিশু সাজিদ। ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার লাশ। সাজিদ যে গর্তে পড়ে মারা গেছে, সেটি খনন করেছিলেন স্থানীয় কছির উদ্দিন। সেমিডিপ বসানোর জন্য তিনি সেচ কমিটির অনুমোদনও নেননি। \r\nবরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠান বিএমডিএর রয়েছে কয়েক হাজার গভীর নলকূপ। পানির স্তর দ্রুত নেমে যাওয়ায় ২০১৫ সালে তারা নতুন গভীর নলকূপ স্থাপন বন্ধ করে দেয়। তবে ব্যক্তি মালিকানায় নলকূপ বসানোর প্রবণতা থামেনি। গভীর নলকূপের অনুমোদন না থাকলেও বিভিন্ন অপকৌশলে সেগুলো স্থাপন করা হচ্ছে।
এতে অসাধু শ্রেণির মানুষেরা পানির ব্যবসা করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অনুমোদন পেতে লেনদেন হয় বিপুল টাকার। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। উন্নয়ন প্রকল্পের নামে গর্ত খোঁড়া হলেও কাজ শেষ না করেই কিংবা বিকল্প ব্যবস্থা না নিয়েই সেগুলো ফেলে রাখা কেবল প্রশাসনিক অবহেলা নয়, বরং মানুষের জীবনের প্রতি চরম দায়িত্বহীনতা। এসব খোলা গর্ত পরিবেশগত ঝুঁকিও বাড়াচ্ছে। দুর্ঘটনার পাশাপাশি ভূমিধস, পানি দূষণ এবং কৃষিজমির ক্ষতির আশঙ্কাও বাড়ছে। ফলে সমস্যাটি কেবল মানবিক নয়, এটি পরিবেশগত সংকটের দিকেও ইঙ্গিত করে।\r\nপ্রতিটি জীবন মূল্যবান। খোলা গর্তগুলো যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তবে যেকোনো সময় আরও জীবন ঝরে পড়তে পারে। এই অবস্থায় আর আশ্বাস নয় প্রয়োজন তাৎক্ষণিক দৃশ্যমান পদক্ষেপ। অবিলম্বে রাজশাহী অঞ্চলের বরেন্দ্র এলাকায় থাকা সব খোলা গর্তের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে প্রথমত, খোলা গর্ত দ্রুত চিহ্নিত করে নিরাপত্তা বেষ্টনী দিতে হবে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত গর্ত ভরাট করতে হবে। তৃতীয়ত, দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে কঠোর তদারকি।
