আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তিনদিনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই চুক্তি অনুষ্ঠান হতে পারে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উল্লেখ্য, বাংলাদেশের ওপর আরোপ করা বিশ শতাংশ পাল্টা শুল্ক হার নিয়ে এর আগে গত বছরের আগস্ট মাসে সমঝোতা হয় দুই দেশের মধ্যে। তবে তখন কোনো চুক্তি হয়নি। এখন সেই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তবে চুক্তিটি গোপন বিধায় এ নিয়ে আপত্তি জানিয়েছে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। এর আগে ৩ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি (বিজিইপিএ) স্বাক্ষরিত হবে।
উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরিত হলে বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের ৭ হাজার ৩শ র বেশি পণ্য সে দেশে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে। ফলে স্বভাবতই বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রবল আশার সঞ্চার হতে পারে। অন্যদিকে জাপানের এক হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে পাবে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার। \r\nএই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নূরিয়া লোপেজ গত রবিবার ১ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা আরো বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা শেষ হওয়ার পরও বাংলাদেশ যেন সে দেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাকের বাজার ধরে রাখতে পারে সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখনই। \r\nউল্লেখ্য, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা হারাতে পারে। তাই এখনই এ নিয়ে আলোচনা করা জরুরি। এই চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ইইউতে শুক্তমুক্ত বাণিজ্য সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ করার পথে রয়েছে। ভিয়েতনাম আগে থেকেই এই ধরনের চুক্তির আওতায় এই সুবিধা পাচ্ছে। এতে মধ্যম আয়ের দেশ হিসেবে তারা ইউরোপের বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি করেছে। \r\nবাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি থেকে উত্তরণের পরে বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্কের ধরন বদলাবে। তবে তা ২০২৯-এর আগে নয়। তিনি জানান, প্রায় ২০ কোটি মানুষের বাজার হিসেবে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ও প্রযুক্তির সক্ষমতা আরো বাড়বে। এই লক্ষ্যে ২০২৬ সালে একটি ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তুতিও চলছে। তবে ইইউর কোম্পানিগুলো যেন বাংলাদেশে এসে সমান সুযোগ পায়, সেজন্য আগাম রাজনৈতিক বার্তা বিশেষ গুরুত্ব বহন করে।
