এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ শতকের দ্বিতীয় দশকে নারী কবিতায় এমন অভিব্যক্তি ব্যক্ত করেন। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে উপমহাদেশে আমাদের নারী সমাজ পশ্চাদপদ- কখনো ধর্মের মোড়কে আবার কখনো পুঁজিবাদী শোষণে। কখনো শিক্ষায়, কর্মক্ষেত্রে, রাজনীতিতে, এমনকি পারিবারিক স্বীকৃতিতেও নারী এখনো অবহেলা ও বঞ্চনার শিকার। মা ও শ্রমজীবী একজন নারীর সমাজ ও সংস্কৃতিতে অবদান চিরন্তন। বেগম রোকেয়া দিবসের এবারের রাষ্ট্রীয় আয়োজনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তা আনুষ্ঠানিকতার সীমা ছাড়িয়ে নতুন বাংলাদেশের দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষ করে রোকেয়ার স্বপ্নকে সামনে রেখে নারীদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান- এটি কেবল একটি দৃষ্টিভঙ্গি নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নৈতিক রূপরেখা। এক সময় দক্ষিণ এশিয়ার সমাজে যখন নারীর নাম পর্যন্ত স্বীকার করা হতো না, তখন রোকেয়া বলেছিলেন শিক্ষা, স্বনির্ভরতা ও আত্মমর্যাদাই নারী মুক্তির একমাত্র পথ। নারীর অধিকার, শিক্ষার সুযোগ এবং পরিচয় সংকট- সবই রোকেয়ার লেখায় উঠে এসেছে দৃপ্ত কণ্ঠে। প্রধান উপদেষ্টার ভাষণে নারীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা, সমাজ ও পরিবারের অভ্যন্তরীণ বৈষম্যহীন ও অগ্রগতির বাধাগুলো সুস্পষ্ট হয়েছে। \r\nবর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
বিসিএসসহ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় নারীরা বেশ ভালো করছে ঠিকই, কিন্তু অবকাঠামো, নিরাপত্তা ও সমানাধিকারে এখনো অনেক পিছিয়ে আছে। এমন আর্থসামাজিক বাস্তবতায় রোকেয়া পদকপ্রাপ্ত চার নারী আমাদের সামনে এক আলোর মশাল তুলে ধরেছেন। মানবাধিকার আন্দোলনে গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস, গবেষণায় রুভানা রাকিব, শ্রম অধিকারের সংগ্রামে কল্পনা আক্তার এবং খেলাধুলায় ঋতুপর্ণা চাকমা পেয়েছেন রোকেয়া পুরস্কার। প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনকালে হাজারো গুম-খুনের তদন্তে গঠিত গুম কমিশেনর সদস্য ড. নাবিলার সাহসিকতা জাতি চিরদিন মনে রাখবে ও সম্মান জানাবে। আগামীর বাংলাদেশে আর কোন গুম-খুন হবে না, এমনটিই আশা আমাদের। \r\nপদকপ্রাপ্ত প্রত্যেকেই দেখিয়েছেন, নারীরা শুধু অংশগ্রহণকারী নয়, তারা নেতৃত্বের নিজ যোগ্যতায় চূড়ায় উঠতে সক্ষম। তারা দেশের সীমা ছাড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন মাত্রায় পরিচিত করেছেন। আমরা মনে করি, প্রতিটি পুরুষের জীবনদর্শন হওয়া উচিত ধর্ম, বর্ণ, শ্রেণি ও লিঙ্গ নির্বিশেষে সকল নিপীড়িত ও অবহেলিত নারীর পক্ষে দাঁড়ানো। নতুন বাংলাদেশে কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি মানসিকতার পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পালাবদল। নারীর পরিচয়, নিরাপত্তা, শিক্ষা, শ্রম অধিকার, আর্থিক সক্ষমতা ও নেতৃত্ব- এই ছয়টি স্তম্ভেই নতুন বাংলাদেশের ইমারত নিহিত। নারীরা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। এখন তাদের নেতৃত্বেই রাষ্ট্রের রূপান্তর ঘটবে- প্রধান উপদেষ্টার এই বার্তা সময়োচিত, দৃপ্ত ও অপরিহার্য।
