মহান আল্লাহর সর্বময় ক্ষমতার অন্যতম নিদর্শন ভূমিকম্প। এর মাধ্যমে তিনি বান্দার পাপের শাস্তি দেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন। অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোকে যেসব শাস্তি দ্বারা ধ্বংস করা হয়েছিল, ভূমিকম্প তার অন্যতম। যেমন সামুদ জাতির ব্যাপারে বলা হয়েছে– ‘অতঃপর তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল। ফলে তারা গৃহে উপুড় হয়ে অবশ হয়ে রইল।’ সুরা আল-আরাফ ৭:৭৮।
আল্লাহর নির্দেশ অমান্য এবং তাঁর রাসুলকে অস্বীকার ও কষ্ট দেওয়ার শাস্তিস্বরূপ আল্লাহ সামুদ জাতিকে ভূমিকম্প দ্বারা পাকড়াও করেন। ভূমিকম্পের প্রাকৃতিক কারণ নিয়ে বিজ্ঞানীরা যে তথ্য দেন, তা মেনে নিয়েও বলা যায়, আল্লাহই সেই কারণ সৃষ্টি করেছেন। যখনই কোনো জনপদে আল্লাহর নাফরমানি বেড়ে যায়, তখনই আল্লাহ সেই কারণ তৈরি করে তাদের শাস্তি দেন এবং সতর্ক করেন। রাসুল (সা.)-এর সময় মদিনায় ভূমিকম্প হওয়ার বিশুদ্ধ কোনো প্রমাণ নেই। এর কারণ সে সময় ভূমিকম্প দ্বারা শাস্তি দেওয়ার মতো কোনো পাপাচার কিংবা নাফরমানি সংঘটিত হয়নি। দ্বিতীয় খলিফা উমর (রা.)-এর সময় মদিনায় ভূমিকম্প হয়েছিল। তখন তিনি জনগণের উদ্দেশে খুতবায় বলেছিলেন:
‘হে মদিনাবাসী! এটা কী? তোমরা কত দ্রুত (গুনাহর মাধ্যমে) নতুন কিছু ঘটালে! আবার যদি এমন হয়, আমি তোমাদের সঙ্গে এখানকার বাসিন্দা হবো না।’ (মুসান্নাফি ইবনে আবি শাইবাহ) এ থেকে বোঝা যায়, উমর (রা.) ভূমিকম্পের কারণ হিসেবে পাপাচার ও আল্লাহর নাফরমানিকেই বুঝিয়েছিলেন। সুতরাং ভূমিকম্প হোক কিংবা ভূমিধস অথবা অন্য কোনো বিপর্যয়, যা প্রাকৃতিক দুর্যোগ নামে পরিচিত, সব আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও সতর্কতা। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আমরা তো নিদর্শনসমূহ সতর্ক করার জন্যই পাঠাই।’ (আল-ইসরা, ৫৯)
আমরা কোরআন থেকে জানতে পারি, মহান আল্লাহ নূহ (আ.)-এর জাতিকে প্লাবন দিয়ে; কওমে লুতকে পাথরের বৃষ্টি ও জমিনকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে; আ’দ জাতিকে অত্যন্ত প্রবল, তীব্র শব্দযুক্ত, কনকনে ঠান্ডা বিধ্বংসী ঝড় এবং সামুদ ও মাদিয়ান জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। সুতরাং ভূমিকম্পও আল্লাহর অন্যতম শাস্তির মাধ্যম। এটা শাস্তির এমন একটি স্বরূপ, যার কোনো পূর্বাভাস দেওয়া যায় না। এটা মূলত কেয়ামতের মহাপ্রলয়ের ছোটখাটো একটি রূপ। কেয়ামতও হঠাৎ সংঘটিত হবে এবং তা ভূমিকম্প আকারেই আসবে। যেমন– আল্লাহ বলেন, যখন পৃথিবী তার প্রবল কম্পনে কাঁপবে, আর পৃথিবী বের করে দেবে তার ভারসমূহ এবং মানুষ বলবে: ‘এ কী হচ্ছে এর?’ সেদিন পৃথিবী তার সংবাদ বর্ণনা করবে, কারণ তোমার প্রভু তাকে নির্দেশ দেবেন। সেদিন মানুষ বিভিন্ন দলে বের হবে তাদের আমলগুলো দেখার জন্য, অতঃপর যে কেউ পরমাণু পরিমাণ সৎকর্ম করবে, সে তা দেখবে, আর যে কেউ পরমাণু পরিমাণ মন্দ কাজ করবে, সেও তা দেখবে (জিলজাল)। বর্ণনাটি কেয়ামতেরই বর্ণনা, যা ভূমিকম্পের মাধ্যমে সংঘটিত হবে। তাই কেয়ামতের আগে সংঘটিত ভূমিকম্পগুলোকে কেয়ামতের সতর্ক সংকেত বলা যায়। রাসুল (সা.) বলেছেন, কেয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প সংঘটিত হবে।
অতএব ভূমিকম্পকে শুধু প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। আল্লাহর শাস্তি ও সতর্কতা হিসেবে গ্রহণ করে আল্লাহর নাফরমানি ও পাপাচার ত্যাগ করতে হবে। জুলুম, অত্যাচার পরিহার করতে হবে। বেশি বেশি তাওবাহ ইস্তিগফার ও সালাত আদায় করতে হবে। আল্লাহ বলেন, ‘যখন (সীমা লঙ্ঘনের কারণে) আমি কোনো জাতিকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার প্রতাপশালী লোকদের নির্দেশ করি; তারা তাতে পাপাচার করে। ফলে আমি তা সমূলে ধ্বংস করি।’ (ইসরা, ১৬)
আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
