আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। নির্বাচন মানেই উৎসব, উত্তাপ ও প্রতিযোগিতা। তবে এই উত্তেজনার মাঝে একটি বিষয় বারবার সামনে আসে- নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত মাইক ব্যবহার। রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে মাইক বহুদিনের পরিচিত মাধ্যম হলেও, বর্তমান বাস্তবতায় এর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নতুন করে ভাবার সময় এসেছে। গত সপ্তাহ থেকে প্রার্থীদের প্রচারণা, জনসংযোগ ও রাজনৈতিক তৎপরতা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। কিন্তু এই প্রচারণা জনভোগান্তির সৃষ্টি করায় নির্বাচনের সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দের মাইক বাজতে থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, অসুস্থ ও বয়স্ক মানুষ চরম কষ্টে পড়ছেন, কর্মজীবীদের বিশ্রাম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরাঞ্চলে শব্দদূষণের মাত্রা এমনিতেই বেশি, নির্বাচনী মাইক সেই চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘমেয়াদি শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যার মধ্যে অনিদ্রা, উচ্চ রক্তচাপ ও মানসিক অস্থিরতা উল্লেখযোগ্য। মাইকনির্ভর প্রচারণা কার্যকারিতার দিক থেকেও প্রশ্নবিদ্ধ হচ্ছে। উচ্চস্বরে স্লোগান বা ইশতেহার প্রচার করলেই যে জনগণ প্রভাবিত হবেন, এমন ধারণা এখন আর বাস্তবসম্মত নয়। বরং অনেক ভোটার এই ধরনের প্রচারণায় বিরক্ত হচ্ছেন। \r\nবর্তমান ভোটাররা সচেতন হওয়ায় তারা চিৎকার নয়, যুক্তি চান।

আবেগ নয়, কর্মপরিকল্পনার বাস্তবায়ন চান। আসলে মাইকের শব্দে নয়, আচরণ ও বক্তব্যের মানেই নির্ধারিত হয় প্রার্থীর গ্রহণযোগ্যতা। বর্তমানে বিকল্প ও আধুনিক প্রচারণা মাধ্যমের অভাব নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, ঘরোয়া সভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, পোস্টার কিংবা মুখোমুখি সংলাপ এসব পদ্ধতি তুলনামূলকভাবে শান্ত, পরিবেশবান্ধব এবং কার্যকর। সীমিত পরিসরে ভোটারদের সঙ্গে কথা বললে তাদের সমস্যা শোনা যায়, প্রশ্নের উত্তর দেওয়া যায় এবং পারস্পরিক আস্থা তৈরি হয়। এ ধরনের প্রচারণা রাজনীতিকে আরও মানবিক ও দায়িত্বশীল করে তোলে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে ও অতিরিক্ত শব্দে মাইক ব্যবহার নিষিদ্ধ। বাস্তবে এই বিধি লঙ্ঘিত হচ্ছে, যা আইনের প্রতি অবজ্ঞার নামান্তর। \r\nএকজন জনপ্রতিনিধি হতে চাইলে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই হওয়া উচিত প্রথম শর্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি জোরালো আহ্বান, নির্বাচনী প্রচারণায় মাইক পরিহার করুন। শান্ত, শালীন ও যুক্তিনির্ভর প্রচারণাই পারে সুস্থ গণতন্ত্র গড়ে তুলতে। ভোটের লড়াইয়ে শব্দের প্রতিযোগিতা নয়, বরং চিন্তা, দায়িত্ববোধ ও জনস্বার্থই হোক মূল শক্তি।