বাংলাদেশে নির্বাচন মানেই কি নাগরিকদের সম্ভাবনাময় জীবনের পরিসমাপ্তি কিংবা নারীর সম্ভ্রমলুট। ক্ষমতা বদলের প্রক্রিয়া কেবল ব্যালটের লড়াই? ক্ষমতার উন্মাদনায় প্রান্তজনের, বিশেষ করে নারীকে পরিণত করা হয় প্রতিশোধের উন্মুক্ত জমিনে? সম্প্রতি, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে জানায়, নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে (৩২) ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তারা পেয়েছে। স্বামীকে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে তাকে। প্রথমে লজ্জা, সামাজিক চাপে তিনি ধর্ষণ শব্দটি উচ্চারণে দ্বিধা করলেও পরে স্পষ্ট করেছেন যে, তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে। তার ভাষায়, একজন নারী কখনই তার ইজ্জত নিয়ে মিথ্যা বলতে পারে না।
নির্বাচনে পছন্দের মার্কায় ভোট দেওয়াকে কেন্দ্র করে হুমকি, ভাঙচুর ও নির্যাতন করা হয়েছে তাকে। \r\nএবারের নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যদিও নারী প্রার্থীর সংখ্যা ছিল কম। সবচেয়ে ভয়াবহ ছিল নারীর প্রতি সহিংসতা, হামলা ও লাঞ্ছনার ঘটনা। তফসিল ঘোষণার পর থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৩২টি ঘটনায় কমপক্ষে ৪৫ জন নারী হেনস্তার শিকার হন এবং আহত হয়েছেন২৩ জন। নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারী এখনো সবচেয়ে সহজ লক্ষ্য, যা ন্যক্কারজনক ও উদ্বেগজনক। রাজশাহীতে একজন স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
আমরা মনে করি, ভোটকেন্দ্রের সামনে কথাকাটাকাটির জেরে এক নারী প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; এটি নারীর রাজনৈতিক অংশগ্রহণের ওপর নির্লজ্জ আঘাত। প্রার্থী অভিযোগ করেছেন, থানা মামলা নিতে গড়িমসি করেছে। অন্যদিকে পুলিশ বলছে, ওসি নাকি বাইরে ব্যস্ত ছিলেন। আমাদের প্রশ্ন, একজন নারী প্রার্থী ম্যাজিস্ট্রেটকে জানালেন, থানায় গেলেন- তবুও যদি বিচারের দরজা না খোলে, তবে সাধারণ প্রান্তিক নারীর জন্য সেই দরজা কতটা উন্মুক্ত থাকবে ? স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন, আর্থসামাজিক বাস্তবতায় একজন নিরাপত্তাহীন ও আতঙ্কিত নারী কি সহজে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে পারেন? \r\nক্ষমতার পালাবদলে প্রতিপক্ষের নারীদের লক্ষ্যবস্তু বানানো এক ধরনের সংগঠিত সন্ত্রাস, যা শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ভয় দেখাতে চায়। এই অপসংস্কৃতি গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু এবং রাষ্ট্রে আইনের শাসনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন-পরবর্তী সহিংসতা নতুন নয়। আমরা মনে করি, এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব সুস্পষ্ট। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা। ভুক্তভোগীর সর্বোচ্চ নিরাপত্তা, চিকিৎসা ও মানবিক সহায়তা দিতে হবে রাষ্ট্রকেই। নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িত যে দলেরই হোক, তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করার বিকল্প নেই।
