জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীদের কাছে জনগণের প্রত্যাশা থাকে যে, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দেবে না, বরং একটি সময় নির্ধারিত, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দেবে, যেখানে তাদের রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও ভবিষ্যৎ কৌশলের সম্পূর্ণ প্রতিফলন থাকবে। এ দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত রাষ্ট্র পরিচালনায় “প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা” নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। এটি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতিশ্রুতির চেয়েও বড়ো বিষয় হচ্ছে, এটি জনগণের প্রতি বিএনপির ঐতিহাসিক দায়বদ্ধতা, রাষ্ট্র সংস্কারের সুসংহত পরিকল্পনা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠনের রূপরেখা। বিএনপি উৎপাদনমুখী অর্থনীতির পাশাপাশি আগাতে চায় রপ্তানিমুখী অর্থনীতির দিকেও।
বিএনপির রাজনীতির ইতিহাস স্বৈরাচারবিরোধী আন্দোলন, ভোটাধিকারের সংগ্রাম, ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আপোশহীন অবস্থানের ইতিহাস। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে দলটি দেশের রাজনীতিতে একটি নতুন ধারা প্রবর্তন করে উন্নয়ন, উৎপাদন ও গণমানুষের অংশগ্রহণভিত্তিক রাজনীতি। “রাজনীতি মানে সেবা”এই দর্শনকে সামনে রেখে বিএনপি গ্রামীণ অর্থনীতি, কৃষিভিত্তিক শিল্পায়ন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা-স্বাস্থ্য খাতকে বারবার অগ্রাধিকার দিয়েছে। আর সে ঐতিহ্যের ধারাবাহিকতায় বিএনপির বর্তমান “১৮০ দিনের পরিকল্পনা” এক গভীর রাজনৈতিক দূরদর্শিতার প্রতিফলন। রাষ্ট্র ক্ষমতায় আসতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, জনগণকে বলে দিতে হবে পরিকল্পনা। কারণ জনগণই হচ্ছে একটি সরকারের মূল শক্তি।
এই পরিকল্পনায় প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ, নারী ক্ষমতায়ন, কৃষি ও আইসিটি খাতে তাৎক্ষণিক কার্যক্রমের কথা বলা হয়েছে। শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নতুন মানদণ্ডে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি, প্রশিক্ষণ জোরদার, মাধ্যমিক পর্যায়ে ট্রেডভিত্তিক শিক্ষা চালু এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য সিড মানি প্রদান ও স্টার্ট-আপ ফান্ড গঠনের মতো অগ্রণী পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটি দক্ষ মানবসম্পদ উন্নয়নের ভিত্তি স্থাপন হবে, যা আগামী অর্থনীতিকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে।
কর্মসংস্থানের প্রশ্নে বিএনপি বলছে, প্রথম ১৮০ দিনেই এক কোটি নতুন কর্মসংস্থানের ভিত্তি স্থাপন করা হবে, যার প্রতিশ্রুতি বিএনপি আগেই দিয়েছে, ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এর জন্য শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME), রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি এবং পরিষেবা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ‘ইনভেস্টমেন্ট টাস্কফোর্স’ গঠন করে দশটি সম্ভাবনাময় খাতে দেশি-বিদেশি বিনিয়োগে সহায়তা প্রদানের অঙ্গীকার করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য আসবে। উল্লেখ্য, ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ছিল ২ থেকে ৩ শতাংশ। ১৯৯১-১৯৯৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৪-৫ শতাংশে। ২০০১ থেকে ২০০৬ সালে ৬-৭ শতাংশ ছিল।
নারী উন্নয়নের ক্ষেত্রেও বিএনপির পরিকল্পনা ব্যতিক্রমধর্মী। গ্রামীণ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এর আওতায় এনে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যে কার্ড দেওয়া হবে পরিবারের নারী সদস্যদের নামে, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যসেবা, নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় সেল গঠন এবং কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তায় জাতীয় কার্যক্রম গ্রহণ করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে বিএনপি শুরু থেকেই অগ্রাধিকার দিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “সবুজ বিপ্লব” কর্মসূচির মাধ্যমে কৃষিতে আত্মনির্ভরতা এনেছিল, প্রেসিডেন্ট জিয়ার খাল খননের মাধ্যমে দেশের শিরা উপশিরা তৈরি হয়েছিল, এরই মাধ্যমে কৃষিকাজের প্রয়োজনে সেচ কাঠামোর ভিত্তি স্থাপিত হয়েছিল। এবারও ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কৃষিপণ্য ক্রয়, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য সরকারি উদ্যোগ, কৃষিভিত্তিক শিল্পায়নের জন্য ট্যাক্স ইনসেনটিভ, ‘গ্রামীণ হাব’ গঠন এবং কৃষকের জন্য মূল্য সহায়তার কথা বলা হয়েছে। এটি শুধু কৃষকের স্বার্থ রক্ষা নয়, বরং কৃষিকে একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার রাষ্ট্রীয় দায়বদ্ধতা।
তথ্যপ্রযুক্তি ও নগর ব্যবস্থাপনাতেও আধুনিকায়নের ছাপ রয়েছে। উপজেলা পর্যন্ত ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া, ইউনিক ডিজিটাল আইডি চালু, নাগরিক সেবার জন্য স্মার্ট অ্যাপস চালু, যানজট নিরসনে ‘ইন্টেলিজেন্ট ট্র্যাফিক সিস্টেম’, এবং বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস ও রিসাইক্লিং উদ্যোগ গৃহীত হবে। এসব কর্মসূচি আধুনিক, পরিবেশবান্ধব এবং নাগরিকবান্ধব রাষ্ট্র নির্মাণের প্রতিচ্ছবি বহন করে।
এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপি একটি ‘জাতীয় প্রশাসনিক সংস্কার কমিশন’, ‘অর্থনৈতিক পুনর্গঠন টাস্কফোর্স’, এবং ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পর একটি জাতীয় ঐকমত্যভিত্তিক সরকার’ গঠনের যে কৌশল প্রস্তাব করছে, তা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে একটি পরিণত মাত্রায় উন্নীত করার ইঙ্গিত দেয়। কারণ এটি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে, সম্মিলিতভাবে রাষ্ট্র পুনর্গঠনের একটি দূরদর্শী প্রয়াস।
তবে বাস্তবতার নিরিখে বললে, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একদিকে যেমন : প্রয়োজন দক্ষ নেতৃত্ব, অন্যদিকে প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট। দীর্ঘদিন ধরে একটি দল রাষ্ট্রক্ষমতার বাইরে থাকলেও, জনগণের সঙ্গে নিবিড় সংযোগ এবং রাষ্ট্রীয় চিন্তায় ধারাবাহিকতার কারণে বিএনপি আজও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের আস্থার জায়গায় রয়েছে। এই পরিকল্পনা সেই আস্থাকে সুসংহত করছে, কারণ এতে একদিকে রয়েছে কার্যকর ও বাস্তব উদ্যোগ, অন্যদিকে রয়েছে ঐতিহাসিক দায়িত্ববোধ এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা।
সার্বিকভাবে বিএনপির “প্রথম ১৮০ দিনের পরিকল্পনা” রাষ্ট্র পরিচালনার দক্ষতা পরীক্ষার এক অনবদ্য দলিল। এটি একটি রূপকল্প যেখানে উন্নয়ন আর গণতন্ত্র হাত ধরাধরি করে চলে, যেখানে উৎপাদন আর অংশগ্রহণ একে অপরের পরিপূরক, যেখানে মানুষই উন্নয়নের কেন্দ্রবিন্দু। ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যতের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করতে বিএনপি যে ধরনের রোডম্যাপ সামনে এনেছে, তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এখন সময় বলবে জনগণ সেই বিকল্প সম্ভাবনাকে কীভাবে গ্রহণ করে এবং নেতৃত্ব কতটা দক্ষভাবে তা বাস্তবায়ন করতে পারে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায় এই পরিকল্পনা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন আলোচনার দিকে নিয়ে গেছে, যেখানে কার্যকারিতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণই হবে রাজনীতির মূলভিত্তি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার নিরিখে কাজ করে গেছেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তাঁদেরই সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেও পরিবর্তিত বাংলাদেশের রূপ দেখতে পারবে বাংলাদেশ।
