দেশের প্রতিটি অঞ্চলে প্রায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে কুয়াশা। তবুও থেমে নেই জনজীবন। কর্মব্যস্ততার মাঝে পথ চলছে গ্রাম থেকে নগর বন্দরে। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর কেউ আবার রাস্তার পাশে, রেল স্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাতযাপন করছে কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এটাই কিন্তু বাস্তব চিত্র। প্রচন্ড শীতের প্রকোপেও চাকার সঙ্গে ঘুরছে মানুষের জীবন। কোনো কোনো বিভাগে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে তাপমাত্রা। অনেকে ফেসবুক স্টেটাসে লিখছে, এমন তীব্র শীত কখনো উপভোগ করেনি।

ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবনযাপন করছে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রহীন, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। প্রচন্ড শীতে যানবাহন চলাচল, পণ্যদ্রব্য ও পত্রিকা সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে চাষাবাদ, তরিতরকারি আবাদ ইত্যাদি। অনেকেই ভুগছেন সর্দি, কাশি, জ্বর, পেটের পীড়া, আমাশয়, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে বহুগুণে। শীতজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন যথাযথ চিকিৎসা, ওষুধপথ্য এবং সরকারি ও বেসরকারিভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ। এজন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে চলতি জানুয়ারি মাসের মধ্যে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। এই তীব্র কনকনে শীতে সমাজের গরিব অসহায় মানুষেরা কীভাবে জীবন পার করছে সেটি দেখার বিষয়। এই তীব্র শীত কাটিয়ে ওঠার জন্য উচ্চ ও মধ্যবিত্তদের সামর্থ্য থাকলেও সমাজের কিছু গরিব অসহায়ত্বের তীব্র শীত কাটিয়ে ওঠার মতো সামর্থ্য থাকে না। শহরের আশপাশে ফুটপাতে হাঁটার সময় লক্ষ্য করলে কিছু দৃশ্য সবার নজরে চলে আসে। ঘরছাড়া কিছু মানুষ খোলা আকাশের নিচে যাদের বসবাস। তাদের শীতের উঞ্চতায় জীবন পার যে কত কষ্টসাধ্য তা বোঝার অপেক্ষা রাখে না। এই তীব্র শীতে তাদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের প্রতিটি শহর, নগর, বন্দরে এমনকি গ্রামে গঞ্জে শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পাশে দাঁড়ানো উচিত। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে তার আশপাশে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করতে প্রায়শই দেখা মিলে। তবে এর পরিমাণ যথার্থ নয় আরও বৃদ্ধি পাওয়া উচিত। কারণ তীব্র এই শীতে সবার মধ্যে শীত বস্ত্র বন্টন করাটাও সবার সম্ভব হয়ে ওঠে না। সবার সম্মিলিত উদ্যোগে সম্ভব বলে মনে করি। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে সরকারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রতিটি স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতে পারে।\r\nরাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে