স্বাগত ২০২৬। নতুন বছর কেবল ক্যালেন্ডারের পাতা বদলের নাম নয়; একজন মুমিনের কাছে এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং ভবিষ্যৎ ইমানি যাত্রার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সময়। সময় আল্লাহতায়ালার এক অমূল্য নিয়ামত। কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন, যা সময়ের গুরুত্বের স্পষ্ট প্রমাণ। তাই নতুন বছরে একজন সচেতন মুমিন তার অতীত আমল পর্যালোচনা করে ভবিষ্যৎকে আরও আল্লাহমুখী করার দৃঢ়সংকল্প গ্রহণ করে। বিশেষ করে নতুন বছরের এই সময় আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি শীতকালের সঙ্গে সম্পর্কিত, যাকে ইবাদতের বসন্তকাল বলে আখ্যায়িত করা হয়। পাশাপাশি সামনে রয়েছে মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ মাস রমজান। এই সময়কে কেন্দ্র করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি।

ইবাদতের বসন্তকাল শীতকাল মুমিনের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই মৌসুমে রাত দীর্ঘ হয়। ফলে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল ও নফল সালাত আদায় সহজ হয়। আবার দিন ছোট হওয়ায় রোজা রাখা তুলনামূলক সহজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শীতকাল হলো মুমিনের বসন্তকাল; এর রাত দীর্ঘ– সে কিয়াম করে, আর দিন ছোট– সে রোজা রাখে।’ নতুন বছরে মুমিনের পরিকল্পনায় শীতকালীন ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সপ্তাহে অন্তত দুই দিন নফল রোজা রাখা, নিয়মিত তাহাজ্জুদ আদায়, ফজরের সালাত জামাতে পড়ার অভ্যাস গড়ে তোলা হতে পারে বাস্তবসম্মত পরিকল্পনার অংশ।

নতুন বছর মানেই নতুন সংকল্প। একজন মুমিন প্রথমেই নিজের গুনাহ, অবহেলা ও ভুলগুলোর জন্য খাঁটি তাওবা করবে। গুনাহ ত্যাগ না করে ইবাদতে অগ্রসর হওয়া সম্ভব নয়। তাই নতুন বছরে সিদ্ধান্ত হতে হবে–

হারাম দৃষ্টি থেকে বেঁচে থাকা জিহ্বার গুনাহ (মিথ্যা, গিবত, অপবাদ) পরিহার, সালাতের ব্যাপারে অবহেলা দূর, তাওবা শুধু মুখের কথা নয়; বরং এটি আমলের পরিবর্তনের নাম। নতুন বছরে আত্মশুদ্ধির এই পরিকল্পনা একজন মুমিনকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায়। রমজান হলো কোরআনের মাস। অথচ আমরা অনেকেই রমজান এলেই কোরআন ধরতে শুরু করি। এটি বড় ভুল। নতুন বছরে একজন মুমিনের অন্যতম পরিকল্পনা হওয়া উচিত– রমজানের আগেই কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা।

প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত, তাফসির অধ্যয়ন এবং আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করা– এসব অভ্যাস রমজানে কোরআনের স্বাদ দ্বিগুণ করে দেয়। শীতকালের অবসর সময় এ কাজে সবচেয়ে উপযোগী। রমজানের প্রস্তুতি বলতে বোঝায় সালাতের খুশু বৃদ্ধি; নফল ইবাদতের অভ্যাস রোজার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া। দান-সদকা করার অভ্যাস গড়ে তোলা। যারা রমজানের আগে থেকেই ইবাদতে অভ্যস্ত হয়, তাদের জন্য রমজান বোঝা নয়, বরং আনন্দ ও রহমতের উৎস হয়ে ওঠে।

নতুন বছরে মুমিনের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সময় ব্যবস্থাপনা। অল্প অল্প আমল হলেও নিয়মিত হওয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই অযথা সময় নষ্ট না করে প্রতিদিনের জন্য নির্দিষ্ট রুটিন তৈরি করা জরুরি– ইবাদতের সময়, পরিবারকে সময় দেওয়া। ইলম অর্জনের সময়, আত্মোন্নয়নের সময় এই ধারাবাহিকতা একজন মুমিনকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। নতুন বছর একজন মুমিনের জন্য উৎসব নয়, বরং জবাবদিহি ও প্রস্তুতির সময়। শীতকাল আমাদের হাতে ইবাদতের সুবর্ণ সুযোগ এনে দেয়। সামনে আসন্ন রমজান আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শ্রেষ্ঠ উপলক্ষ। যে মুমিন এই সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারে, তার জন্য নতুন বছর হয় আল্লাহর নৈকট্য অর্জনের নতুন অধ্যায়।

ড. মো. শাহজাহান কবীর: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি