দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এখন ‘গানম্যান’। এর শুরু গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর। তিনি নিজে ঢাকা-৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। মূলত ওই নির্বাচনী প্রচারেই তিনি মাথায় গুলিবিদ্ধ হন। প্রকাশ্য দিবালোকে একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হলে স্বাভাবিকভাবেই আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগে। সেটা নিরসনের চেষ্টা হিসেবে ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে নতুন আগ্নেয়াস্ত্র বা গানম্যান দেওয়ার ঘোষণা দেন।

গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির দুঃখজনক মৃত্যুর পর নাগরিকের জানমালের নিরাপত্তার প্রশ্নটি আরও জোরালো হয়ে ওঠে। সেই রাতে মহলবিশেষ ঢাকায় ব্যাপক মব সহিংসতায় মেতে ওঠে। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আগুন দেয় প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয়ে। গত বছরের ৫ আগস্ট ও তারপর একাধিকবার ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগের শিকার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে আবারও ভাঙচুর চলে। পরদিন উদীচী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ পরিস্থিতিতে সরকার তার গানম্যান বিতরণ নীতিতে রাজনৈতিক নেতাদের সঙ্গে সমাজের ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করে।

ইতোমধ্যে রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা তৈরি করেছে সরকার। এ ছাড়া নিজের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন অনেকে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের জন্য গানম্যান নিযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তার চেয়েও বৈধ অস্ত্র রাখার বিষয়টি এ সমাজে ‘স্ট্যাটাস’ বলে বিবেচিত। তার সঙ্গে গানম্যান তো আরও সমীহ জাগানিয়া। ফলে আগ্নেয়াস্ত্র ও গানম্যানের জন্য আবেদনকারীর তালিকা আরও বাড়তেই পারে। প্রসঙ্গত, সরকারি প্রটোকল বা পদাধিকার ভিত্তিতে রাষ্ট্রের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারি গানম্যান বা সশস্ত্র দেহরক্ষী পান। প্রচলিত ভাষায় তাদের বলা হয় ভিআইপি ও ভিভিআইপি। এ মর্যাদা কে না চায়!

বলা হচ্ছে, এটি কোনো ঢালাও অধিকার নয়। সরকারের বিশেষ বিবেচনায় অনুমোদিত একটি ব্যবস্থা। তবে কোনো খাতেই যেমন এ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, নতুন ভিআইপি মর্যাদাপ্রত্যাশীদেরও কাকে রেখে কাকে বাদ দেওয়া যাবে?

নির্বাচনের সময় শান্তিশৃঙ্খলা রক্ষায় সরকারি এ উদ্যোগ কতটুকু সফল হবে, এ নিয়ে আমার গত সপ্তাহের নিবন্ধে আলোচনা করেছি। গানম্যান নিয়োগ কিংবা ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করবে কিনা– এমন প্রশ্নও উঠেছে। যেখানে আগের সব নির্বাচনে বৈধ অস্ত্রও থানায় জমা দিতে হতো, এবার তা না করে বরং নতুন অস্ত্র হাতে হাতে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের হাতে এত অস্ত্র ভোটের ফল প্রভাবিত করতে ব্যবহৃত হবে না–এ নিশ্চয়তা কে দিতে পারে?

সরকারের এ অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা ঘিরে প্রশ্ন নিছক নির্বাচনী প্রভাবে আটকে নেই। যেখানে সংবিধান অনুসারে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সেখানে সরকার আগ্নেয়াস্ত্র বিতরণ ও গানম্যান নিয়োগ নিয়ে এত তৎপর কেন? এমন প্রশ্নও উঠেছে, অন্তর্বর্তী সরকার কি নাগরিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রের ভূমিকা-সংক্রান্ত নীতি-কৌশলে পরিবর্তন এনেছে? সরকার তা স্বীকার করবে না বোধগম্য কারণেই। নিজের ব্যর্থতা অন্তত বাংলাদেশে কে স্বীকার করতে চায়! বিশেষত যারা সরকার বা কোনো প্রাতিষ্ঠানিক পদে থাকেন তাদের সাধারণ প্রবণতা হলো সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নিজের গুণগান শোনা। তা না হলে নিজেই শুরু করেন নিজের ঢোল পেটানো।

এটি তো সত্য, এ সরকারের আমলে বিগত সময়ের চেয়ে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধ অনেক বেড়ে গেছে। সরকার অস্বীকারের শত চেষ্টা করেও মানুষের মধ্যে এ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ থামাতে পারছে না। যে হাদি সম্পর্কে খোদ সরকারপ্রধান বললেন, তিনি নাকি তাদের হৃদয়ে আছেন। সেই হাদির খুনিদের কি ধরতে পেরেছে? এমনকি হাদির খুনিকে চিহ্নিত করার দাবি করলেও সে দেশে আছে, না সীমান্তের ওপারে চলে গেছে– সেটিও নিশ্চিত করতে পারছে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ চূড়ান্ত ব্যর্থতার মুখেই নতুন আগ্নেয়াস্ত্র বিলি বা গানম্যান নিয়োগের সিদ্ধান্তটি জানানো হয়েছে।

টার্গেট কিলিং বা পরিকল্পিত হত্যাকাণ্ড এ দেশে কখনোই বন্ধ ছিল না– এটি সত্য। তবে এ ধরনের হত্যাকাণ্ড এ সরকারের সময়ে বেড়েছে; পুলিশের পরিসংখ্যানও বলে। এখন এসবের সঙ্গে যুক্ত হয়েছে ভয়ংকর মব-সন্ত্রাস। ভিন্নমত, ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির যে কাউকে কথিত ফ্যাসিবাদী বা ফ্যাসিবাদের দোসর তকমা দিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে। কখনও প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হচ্ছে মব-সন্ত্রাসে বলির দেহ। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও এসব মধ্যযুগীয় ঘটনা ঘটছে। আরও দুর্ভাগ্যজনক হলো, বিগত সরকারের কর্তাব্যক্তি যেমন বলেছিলেন, কারও বেডরুমে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়; এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ‘হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই’ (সমকাল, ৮ ডিসেম্বর)।

এ প্রেক্ষাপটে নাগরিকদের গানম্যান দেওয়ার প্রস্তাবের পেছনের রাজনীতিটা বোঝা যায়। সেটি হলো, নাগরিকের প্রতি রাষ্ট্রের নিজ দায়িত্ব এড়ানো; এক ধরনের চমক দেখিয়ে গদিটা সুরক্ষিত করা। এর পেছনে অর্থনৈতিক চিন্তাও থাকতে পারে। সাধারণত একজন গানম্যান সরকারি অস্ত্র ব্যবহার করেন এবং নির্দিষ্ট সংখ্যক গুলিও তাদের জন্য বরাদ্দ থাকে। সে ক্ষেত্রে গানম্যানের খরচও বহন করে সরকার। তবে গানম্যান যেহেতু সারাদিন সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীর সঙ্গে থাকেন, তাঁর খাওয়াদাওয়া, যাতায়াত ভাড়া শেষোক্ত জনকেই বহন করতে হয়। যদি গানম্যান কেউ নিজেই নিয়োগ দেন, অস্ত্রও তিনি কেনেন, সে ক্ষেত্রে সরকার শুধু প্রয়োজনীয় অনুমতি দেয়। তাহলে গানম্যানের পুরো খরচই ব্যক্তির ওপর চেপে গেল; সরকারের কোনো অর্থ ব্যয় করতে হলো না। যদিও এ ব্যবস্থায় নিরাপত্তা বাহিনী থাকবে, তবে অন্তত ব্যর্থতার দায় যে অনেকটা ভুক্তভোগীর ওপর দেওয়া যাবে, এ সন্দেহও অমূলক নয়। এসব কথা বলার উদ্দেশ্য এটি বোঝানো, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য প্রথমেই আইনশৃঙ্খলা বাহিনীকে কর্মতৎপরতার মাধ্যমে জনআস্থা অর্জন করতে হবে। সেই সঙ্গে কাউকে আঘাত করলে অপরাধীর বিচার হবে– এই ভরসাও মানুষকে দিতে হবে। একটি সমাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রচলিত সব রকম ব্যবস্থা কার্যকর থাকলেই কেবল ভিআইপি ব্যবস্থা আসতে পারে।

মনে রাখত হবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে এত সুরক্ষার মধ্যে গত বছর নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানে এ দেশের নিকট ইতিহাসের সবচেয়ে ভঙ্গুর আইনশৃঙ্খলা ব্যবস্থায় কারোরই নিরাপত্তা নিশ্চিত নয়।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল