বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই যে, তার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্তÑ এই ৫৪টি বছরের ইতিহাস সঠিকভাবে লিখিত হয়নি। শুধু এই ৫৪ বছর বলবো কেনো? বাংলাদেশের জন্মের সঠিক পটভূমিও আজ পর্যন্ত সঠিকভাবে লিখিত বা বর্ণিত হয়নি। বাংলাদেশ সৃষ্টির পটভূমি নিয়েই প্রথমে আলোচনা করছি।
বাংলাদেশ সৃষ্টির পটভূমি নিয়ে আলোচনা করতে গেলে পরেরটা আগে এবং আগেরটা পরে আলোচনায় এসে পড়ে। মুক্তিযুদ্ধে দলমত নির্বিশেষে সর্বশ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আলোচনার প্রারম্ভেই এসে পড়ে শেখ মুজিবের কথা। আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরানা বলে যে, শেখ মুজিব নাকি ১৯৪৭ সাল থেকেই বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখতেন। এই বক্তব্যের সপক্ষে আওয়ামী ঘরানার নেতা, বুদ্ধিজীবী ও লেখকরা ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে অনুষ্ঠিত সম্মেলনে শেখ মুজিবের ভাষণের উল্লেখ করেন।
ওই ভাষণে স্বাধীনতার ঘোষণা না থাকলেও শেখ মুজিব স্পষ্ট ভাষায় বলেন যে, পূর্ব বাংলা পাকিস্তানের উপনিবেশে পরিণত হয়েছে। যদি পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের অধিকার না দেয় তাহলে বাঙালিরা জানে, কীভাবে অধিকার আদায় করতে হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ মুজিব বলেন, ১৯৪৭ সালের ১৪ আগস্ট যখন পাকিস্তান হলো তখন আমি কলকাতার বেকার হোস্টেলে ছিলাম। তখনি আমি ভেবেছিলাম যে, বাঙালিরা শেষ হয়ে গেলো।
কিন্তু শেখ মুজিব লিখিত ‘অসমাপ্ত আত্মজীবনীতে’ দেখা যায় যে, শেখ মুজিব বলেছিলেন যে, ভারত অখ- থাকলে মুসলমানরা শেষ হয়ে যাবে। পাকিস্তান সৃষ্টির একজন লড়াকু সৈনিক হিসাবে পাকিস্তানের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য তিনি পূর্ব বাংলার অনেক স্থানে সফর করেছেন এবং বক্তৃতা করেছেন। এই আলোচনা অত্যন্ত দীর্ঘ। এটি নিয়ে একটি আলাদা গ্রন্থ রচনা করা যেতে পারে। তবে ১৯৬২ সালে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার চিঠি নিয়ে শেখ মুজিব আগরতলা যান। তার নাম শশাঙ্ক ব্যানার্জী। শশাঙ্ক ব্যানার্জী নিজ হাতে ইন্দিরা গান্ধীর কাছে চিঠি লেখেন। ওই চিঠিতে বলা হয় যে, তিনি ভারতের সাহায্য চান। কিন্তু তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন যে, ভারতীয় সাহায্যের সময় এখনো আসেনি। শেখ মুজিব ব্যর্থ মনোরথে দেশে ফিরে আসেন। এই ধরনের অসংখ্য ডকুমেন্ট আছে, যেগুলো থেকে মনে হয় যে, শেখ মুজিব ষাটের দশক থেকেই পূর্ব বাংলার স্বাধীনতার জন্য চেষ্টা করে গেছেন। শেখ হাসিনাও এই ধরনের বক্তব্য একাধিকবার দিয়েছেন। তিনিও বোঝাতে চেয়েছেন যে, তার পিতা অনেক আগে থেকেই বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করে গেছেন।
কিন্তু বিএনপি এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন কথা বলে। তারা বলে যে, মুজিব কোনো দিন বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন অখ- পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। এই বক্তব্যের সপক্ষে অনেক লেখালেখি হয়েছে। বলা হয়েছে যে, ১৯৭১ সালের ১৪ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত প্রথম জেনারেল ইয়াহিয়া ও মুজিব ও পরবর্তীতে জেনারেল ইয়াহিয়া মুজিব ও ভুট্টোর মধ্যে কী কথা হয়েছে তা প্রকাশ করা হয় নাই কেনো? প্রতিদিন আলোচনার পর আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে যে, আলোচনা সন্তোষজনক গতিতে এগিয়ে চলেছে। এই সন্তোষজনক গতির অর্থ হলো, পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে সর্বাধিক স্বায়ত্ত শাসন আদায়। এটিও একটি লম্বা বিতর্ক। আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় এটি নয় যে, শেখ মুজিব স্বাধীনতা চেয়েছিলেন কি না। আমরা যে বিষয়টি ফোকাস করতে চাচ্ছি সেটি হলো, এই বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, নির্মোহ ও নিরপেক্ষ বক্তব্য পাওয়া যায় না। প্রত্যেকটি বক্তব্যই চরমভাবে বিতর্কিত।
॥দুই॥ একই বিতর্ক মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনার সংখ্যা, মুক্তিযোদ্ধার সংখ্যা, কত মানুষ ভারতে শরণার্থী হয়েছিলেন, তাদের মধ্যে ধর্মীয় ভিত্তিতে কত শতাংশ ওই পার গিয়েছিলেনÑ এগুলি নিয়েও বিতর্ক রয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য বা সংখ্যা উল্লেখ করছি না। আমার ব্যক্তিগত মন্তব্য হলো এই যে, এসব বিষয়ে একটিও কি জরিপ হয়েছে? কোনো জরিপ হয়নি। তাহলে স্বাধীনতা যুদ্ধে কত হাজার বা কত লক্ষ বা কত কোটি শহীদ হয়েছেন সেটি বলা যাবে কীভাবে? ১৯৯৬ সালে আমার সৌভাগ্য হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে আমেরিকার ১৪টি অঙ্গ রাজ্য সফর করার। এগুলোর কয়েকটি রাজ্যে গিয়ে আমি দেখেছি বিরাট কবরস্থান। এসবে অনেক বড় পাথরে খোদাই করা হয়েছে ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নাম ধাম ইত্যাদি। প্রায় ২০ বছর ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী হয়েছিলো। এই ২০ বছর ধরে প্রতিদিন বা প্রতিবছর যত সৈন্য নিহত, আহত বা নিখোঁজ হয়েছিলেন তার প্রতিটির হিসাবে রেখেছিলো আমেরিকার সংশ্লিষ্ট দপ্তর। সেজন্যই ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিনীদের আমরা সঠিক সংখ্যা পাই। এই সঠিক সংখ্যা হলো ৫৮ হাজার ২২০ জন। আহত ৩ লক্ষ ২০ হাজার। নিখোঁজ ১৬ শত। কিন্তু বাংলাদেশ কোনো একটি বিষয়, যথা নিহতের সংখ্যা, আহতের সংখ্যা, বীরাঙ্গনার সংখ্যা, মুক্তিযোদ্ধার সংখ্যা ইত্যাদি কোনো বিষয়েই একটি জরিপও করেনি। তাহলে আপনি কীভাবে ৩০ লক্ষ বলেন বা ৩ লক্ষ বলেন? এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় হাসিনার সরকার বেগম খালেদা জিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাও করে।
যুদ্ধাপরাধের বিষয়টিই দেখুন। রাজনৈতিকভাবে ভারত বিভাগের পক্ষে-বিপক্ষে দুপক্ষেই কোটি কোটি মানুষ ছিলেন। ভারত বিভাগের পর অনেক মুসলমান যারা পাকিস্তান চেয়েছিলেন অর্থাৎ ভারত বিভাগ চেয়েছিলেন তারা বিভক্ত স্বাধীন ভারতেই থেকে যান। তারা ভারত বিভাগ চেয়েছিলেন বলে তাদের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। অনুরূপভাবে পাকিস্তানেও অনেক হিন্দু ছিলেন, যারা পাকিস্তান কায়েমের বিরুদ্ধে ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তারা পাকিস্তানেই থেকে যান। কিন্তু পাকিস্তান সরকার ওই কারণে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। কারণ, ভারত বিভাগ সমর্থন করা না করা ছিলো একান্তই একটি রাজনৈতিক বিষয়। রাজনৈতিক মতামত পোষণ করার জন্য কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় না।
বাংলাদেশেও কিছু ব্যক্তি ছিলেন, যারা নীতিগতভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকলেও ভারতীয় সামরিক সাহায্যে বাংলাদেশ সৃষ্টিকে সমর্থন করেননি। এটি ছিলো একটি রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এজন্য অনেক মানুষের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি দেওয়া যেতে পারে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য। এটিএম আজহারুল ইসলামকে শেখ হাসিনার সুপ্রিমকোর্ট মৃত্যুদ- দিয়েছিলো। কিন্তু রিভিউ পিটিশন পেন্ডিং থাকায় মৃত্যুদ- কার্যকর করতে পারেনি। জুলাই বিপ্লবের পর ইন্টারিম সরকারের আমলে সুপ্রিমকোর্ট আজহারুল ইসলামের মৃত্যুদ- খারিজ করে তাকে বেকসুর খালাস দিয়েছেন। সুপ্রিমকোর্ট তার অবজার্ভেশনে এত দীর্ঘ সময় তাকে কারাগারে রাখার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
॥তিন॥ এই একটি মাত্র ঘটনার মাধ্যমে অনেক কিছুই বোঝা যায়। যাদের মৃত্যুদ- কার্যকর হয়েছে তাদের মৃত্যুদ- কার্যকর না হলে তারাও বেকসুর হয়ে বেরিয়ে আসতেন। ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুদ্দিন এবং বেলজিয়াম প্রবাসী জিয়াউদ্দিনের মধ্যে যে কথোপকথন হয় এবং যেটা স্কাইপি কেলেঙ্কারী হিসেবে কুখ্যাতি অর্জন করে সেখান থেকেই তো দেখা যায় যে, নীতি-আদর্শ ভুলে ওই ট্রাইব্যুনাল জুডিশিয়াল কিলিংয়ে মত্ত হয়েছিলো। আমি আলোচনা শুরুটা করেছিলাম এই বলে যে, মৌলিক প্রশ্নে থেকে যাচ্ছে গুরুতর মতভেদ।
১৯৭১ সালে যে ঘোষণাপত্রের ভিত্তিতে মুজিবনগর সরকার গঠিত হয় এবং যার ভিত্তিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই ঘোষণাপত্রে তো ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙ্গালী জাতীয়তাবাদ ইত্যাদি কিছুই ছিলো না। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান পাস হয় গণপরিষদে। সেই সংবিধানে হঠাৎ কোত্থেকে নাজিল হলো ওই ৩টি মূলনীতি? তার আগের ২৪ বছরে শেখ মুজিব বা আওয়ামী লীগ দেশবাসীকে যা বলেননি সেটি হঠাৎ করে সংবিধানে ঢুকিয়ে দেওয়া হলো কীভাবে?
কোনটি বিতর্কিত, আর কোনটি বিতর্কিত নয়? হাতড়াতে গেলে তো একেবারে গোড়ায় হাত দিতে হয়। বাংলাদেশের সংবিধান রচনা করেছেন কারা? যারা করেছেন তারা তো সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক জারিকৃত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলএফও’র অধীনে নির্বাচন করেন। বাংলাদেশের সংবিধানেই লেখা আছে যে তারা পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছিলেন। যারা পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছিলেন তারা বাংলাদেশর শাসনতন্ত্র প্রণয়ন করেন কীভাবে?
উচিত ছিলো স্বাধীনতার পর নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করা। ওই গণপরিষদ শাসনতন্ত্র প্রণয়ন করতো। যতদিন শাসনতন্ত্র বা সংবিধান প্রণীত না হতো ততদিন তারা গণপিরষদ হিসেবে কাজ করতো। সংবিধান পাস হওয়ার পর নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন করা প্রয়োজন ছিলো। সুতরাং বলতেই হচ্ছে যে, গোড়াতেই গলদ ছিলো।
অনেক কথাই বলার আছে। আর একটি পয়েন্ট দিয়ে এই আলোচনা শেষ করবো। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে শেখ মুজিব তার নিজের সংবিধান সংশোধন করে পার্লামেন্টারি পদ্ধতি থেকে প্রেসিডেন্ট পদ্ধতিতে যান। সব দল বাতিল করে একদল গঠন করেন, যার নাম হয় বাকশাল। নির্বাচিত সংসদের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়। পার্লামেন্টের মেয়াদ বৃদ্ধির ক্ষমতা পার্লামেন্টকে বা শেখ মুজিবকে কে দিয়েছিলো? শেখ মুজিবকে জাতির পিতা বানানোর ক্ষমতাই বা চতুর্থ সংশোধনী কোথায় পেয়েছিলো? এসব মৌলিক পরিবর্তন করতে গেলেও তো গণভোটের প্রয়োজন হয়। শেখ মুজিব গণভোটের তোয়াক্কা করেননি। আলোচনা আর লম্বা করবো না। সেই যে ভুল দিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়, সেই ভুলের বোঝা এই দুর্ভাগা জাতি আজও বয়ে চলেছে। জুলাই বিপ্লবের পর ইতিহাসকে তার সঠিক অবস্থানে স্থাপন করার সুযোগ এসেছিলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারিনি। আর কত দিন আমরা সেই ভুলের বোঝা বয়ে বেড়াবো?
Email:journalist15@gmail.com
