বাংলাদেশ এখন এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে তার প্রাচীনতম আধ্যাত্মিক ধারাকে–বাউল, ফকির, সুফি, মাইজভান্ডারী, বয়াতী, গৌরাঙ্গ-ভক্ত এবং বৈষ্ণব গীতিকারদের হঠাৎ প্রশ্ন করা হচ্ছে, চ্যালেঞ্জ করা হচ্ছে এবং উদ্বেগজনকভাবে কিছু কিছু ক্ষেত্রে হামলা করা হচ্ছে।

বস্তুত এর মধ্য দিয়ে এই দেশ জাতীয় ইতিহাসের ভাগ্যনির্ধারণী অধ্যায়ে প্রবেশ করছে। এই উত্তেজনা কেবল রাজনৈতিক নয়; এটি দেশের আত্মার টিকে থাকার সংগ্রাম। সমাজের একটি বড় অংশ বিশ্বাস করতে শুরু করেছে, একটিমাত্র ভাবধারা, একটি ধর্মীয় প্রকাশ, একটি সাংস্কৃতিক কণ্ঠ থাকবে। এই বিশ্বাস কয়েক দশক ধরে প্রবল হতে হতে বাউল, ফকির ও অন্যান্য আধ্যাত্মিক ও সংগীতপ্রিয় সম্প্রদায়ের প্রতি শত্রুতায় পর্যবসিত হয়েছে।

অথচ হাজার নদী ও প্রান্তরের এই দেশ কোনো একক ধারার ওপর নির্মিত হয়নি, বহুমাত্রিকতা এর মজ্জাগত। ভোরে ফজরের নামাজের আজান থেকে সন্ধ্যায় লোকসংগীতের সুর পর্যন্ত, মন্দিরের আচার থেকে সন্ন্যাসীদের ধ্যান পর্যন্ত, ঢাকার বুদ্ধিবৃত্তিক আড্ডা থেকে কুষ্টিয়ার আধ্যাত্মিক সমাবেশ পর্যন্ত–এই ভূমি কখনও একক কণ্ঠে কথা বলেনি।

বহু মত ও পথের বাংলাদেশের মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এমন সাধক-সন্ত জন্মেছেন; যাদের বার্তা ছিল সহজ: সৃষ্টিকর্তাকে ভালোবাসো, মিথ্যা কর্তৃত্বকে প্রশ্ন কর এবং অনাড়ম্বর জীবনযাপন করো। লালন শাহ, হাসন রাজা থেকে শুরু করে আহমদ উল্লাহ মাইজভান্ডারের মতো সাধক, শিক্ষক, বয়াতী, বৈষ্ণব গায়করা এভাবেই নিজস্ব দার্শনিক জমিন তৈরি করেছেন। সমাজে প্রভাব থাকা সত্ত্বেও তাদের কেউই আধিপত্য চাননি, কেবল খোলা হৃদয়ের অধিকার চেয়েছিলেন।

লালন পর্যন্ত মাইজভান্ডারী, হাসন রাজা থেকে শাহ আবদুল করিম, প্রত্যেক খাঁটি শিক্ষক একটি নীতিরই প্রতিধ্বনি করে গেছেন: নম্রতা ছাড়া বিবেকের দরজা খোলে না। বাউলরা বলে যে শরীর হলো উপাসনালয়; এটিকে পবিত্র রাখতে হয় অহংকার বিসর্জনের মাধ্যমে। মাইজভান্ডারীর পথ সেবা, করুণা ও ফানা; নিজেকে সৃষ্টিকর্তার প্রেমে বিলীন করে দেওয়া। বৈষ্ণব কবিরা প্রেম-ভক্তির কথা বলেন, যেখানে অহংকারই চূড়ান্ত অপবিত্রতা।

আজ যখন বাউল ও ফকিররা সাংস্কৃতিক চাপ, হয়রানি ও হামলার মুখে, আমাদের একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে: যদি এই সম্প্রদায়গুলোকে আমরা নিশ্চুপ করিয়ে দেই, তাহলে সমাজের বিবেক গড়বে কারা? বিবেকহীন বাংলাদেশের কী হবে? মনে রাখতে হবে, বাউল-ফকিরি কেবল শৈল্পিক প্রকাশ বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বাংলার দার্শনিক মজ্জার অংশ। মানবতা ও সৃষ্টির অসীম জগতের বার্তা বয়ে এনে এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্মকে সহনশীলতার দিকে পরিচালিত করেছে। তারা ধর্মের বাইরের কেউ নয়, বরং ধর্মের মর্মার্থকে সহজ ভাষায় ব্যাখ্যায় নিবেদিত। যদি এসব সম্প্রদায় অরক্ষিত বোধ করে, তবে তা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয়, গোটা জাতির সামাজিক ও সাংস্কৃতিক বুননের জন্য হুমকি। একক পরিচয় নির্মাণের চাপ সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে; কিন্তু এর ভিত্তি নাজুক। ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে, সাম্রাজ্য, শাসক, দল, আন্দোলন এই ভূমিতে একরৈখিকতা চাপানোর চেষ্টা করেছে। কেউ সফল হয়নি; বাংলাদেশ সবসময় চাপ মোকাবিলার মাধ্যমেই নিজের সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনর্গঠন করেছে।

বাংলাদেশকে মনে রাখতে হবে, এর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা সবসময় সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য থেকেই এসেছে। কারণ প্রতিটি সম্প্রদায় কিছু অপ্রতিস্থাপনীয় অবদান রাখে। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিল্পী, ধর্মীয় পণ্ডিত, আধ্যাত্মিক মুসাফির, উদ্যোক্তা, যুবস্বপ্নদ্রষ্টা–প্রত্যেকে জাতীয় বুননে এক একটি তন্তু যোগ করে। যখন কোনো তন্তু বাদ যায়, তখন জাতীয় বস্ত্রটি দুর্বল হয়।

আধুনিক দেশ কোনো অংশকে বর্জনের মাধ্যমে পরিচালিত হতে পারে না; বরং সবাইকে নিয়ে চলতে হবে। স্থিতিশীলতা সাংস্কৃতিক দমন-পীড়ন থেকে জন্ম নিতে পারে না; অগ্রগতি সীমিত পরিচয়ের মাধ্যমে বিকশিত হতে পারে না। একটি মৌলিক সত্য স্বীকার করতে হবে: বাংলাদেশ বহু ধর্ম, বহু ঐতিহ্য, বহু পথের ও বহু অর্থ অনুসন্ধানের দেশ। দেশের জন্য হুমকি নয়; এই বৈচিত্র্য দেশকে শক্তিশালী করে।

মনে রাখতে হবে, আমাদের বর্তমান চ্যালেঞ্জ নতুন নয়; কিন্তু এটি গুরুতর। এটাও মনে রাখতে হবে, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বৈচিত্র্য রক্ষা কোনো বিলাসিতা নয়; জাতীয় দায়িত্ব। সংখ্যালঘু কোনো গোষ্ঠীর অধিকার রক্ষা করা রাজনৈতিক অবস্থান নয়; গণতান্ত্রিক অবস্থান। শিল্পী ও দার্শনিক ঐতিহ্য সংরক্ষণ অতীতের প্রতি নস্টালজিয়া নয়; ভবিষ্যতের প্রতি বিনিয়োগ। এটি দ্বন্দ্বের আহ্বান নয়; বিবেকের আহ্বান।

যারা বিশ্বাস করে তারা দেশকে একক কণ্ঠে সীমাবদ্ধ করতে পারবে, তারা বাংলার মূল গভীরতাকে ভুল বোঝে। এই ভূমি ঝড়, মহামারি, যুদ্ধ, রাজনৈতিক উত্থান-পতন ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই টিকে আছে– একরৈখিতার কারণে নয়, বরং অভিযোজনযোগ্যতা, বৈচিত্র্যময়তা ও আধ্যাত্মিক বিশালত্বের কারণে।

কোনো একক ভাবধারা কখনোই অখণ্ড বাংলার পুরো আত্মাকে ধারণ করতে পারেনি। কোনো আন্দোলন শতাব্দীর সাংস্কৃতিক স্মৃতিকে মুছে দিতে পারেনি। ভয়ের কোনো ঢেউ হাজার বছরের সংগীত, বিশ্বাস ও দার্শনিকতাকে নীরব করতে পারেনি। বাংলাদেশ কোনো সংকীর্ণ গলি নয়; একটি উন্মুক্ত প্রান্তর। আজ যারা হুমকির মুখে, তারা নিঃশেষ হচ্ছে না, হবেও না।

একইসঙ্গে মুদ্রার দুই পীঠই বিবেচনা করতে হবে। এ দেশে বাউল-ফকিররা সবসময়ই সাধারণ মানুষের পর্যবেক্ষণে থেকেছে–কখনও কৌতূহলের সঙ্গে, কখনও সন্দেহের সঙ্গে। ডিজিটাল নজরদারি সেই দৃষ্টি আরও প্রখর করে তুলেছে। বাউল-বয়াতির সংগীত বা আলাপের পুরো অংশ না শুনে বা শুনতে দিয়ে প্রেক্ষাপটবিহীন ‘ভিডিও ক্লিপ’ ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুরো প্রেক্ষিত না বিবেচনা করে ‘অ-ইসলামিক’ বা ‘অনৈতিক’ বা কখনও কখনও ‘জাতীয়তাবিরোধী’ হিসেবে ফ্রেমবন্দি করা হচ্ছে। এটি উগ্রপন্থিদের ক্রোধ আরও বাড়িয়ে তোলে; কারণ তারা মূল দর্শন না শুনে বা না বুঝে কেবল ‘উস্কানিমূলক’ খণ্ডগুলো শোনে ও দেখে।

মুদ্রার অপর পীঠ হচ্ছে, কিছু আধুনিক বাউল অনুশীলনকারী বিশেষত আখড়ার শৃঙ্খলা থেকে বিচ্ছিন্ন শহুরে শিল্পীরা বাউল চর্চার নামে প্রদর্শনের দিকে ঝুঁকে পড়তে শুরু করেছেন। তারা অহংকারকে বিলীন করার পরিবর্তে আরও বাড়িয়ে তুলছেন। তারা বাউল পরিচয়কে ‘অনুশীলন’ হিসেবে নয়; বরং ‘পারফর্মিং আর্ট’ হিসেবে বিবেচনা করেন।

ফলে আজকের সংকট কেবল উগ্রপন্থার দোষ নয়, কেবল বাউল-ফকিরের দায়ও নয়; এটি অহংকার, ভয় ও আহত ইতিহাসের সংঘাত। এর সমাধান দিতে পারে কেবল নম্রতারই চর্চা। বাংলার শতাব্দী-প্রাচীন সাংস্কৃতিক ধারা সেই নম্রতারই শিক্ষা দেয়। বাংলাদেশের ভবিষ্যৎ এই বোঝাপড়ার ওপর নির্ভর করছে: আমরা কেবল তখনই উঠব যখন আমরা একসঙ্গে উঠব। এই দেশের মাটি কখনও বিভাজনকে নিয়তি হিসেবে মেনে নেয়নি। এবং এখনও তা মেনে নেবে না। বাংলার রহস্যময় ঐতিহ্য ধ্বংসাবশেষ নয়; বরং ভাঙা দেশ ও বিশ্বকে নিরাময়ের আধ্যাত্মিক প্রযুক্তি। নম্রতা মানে দুর্বলতা নয়; নম্রতাই একমাত্র শক্তি, যা অন্যদের ক্ষতি করে না। উগ্রপন্থিদেরও শিখতে হবে যে দয়া ও করুণা ছাড়া বিশ্বাস অত্যাচারের নামান্তর। বাউলদেরও মনে রাখতে হবে, শৃঙ্খলা ছাড়া স্বাধীনতা হলো বিশৃঙ্খলা। বাংলাদেশকে মনে রাখতে হবে, বৈচিত্র্য কোনো হুমকি নয়; আমাদের উত্তরাধিকার।

আনুশেহ আনাদিল: সংগীতশিল্পী ও সমাজকর্মী