গত দুই দশকে বাংলাদেশ অনেক পথ পেরিয়েছে। দারিদ্র্য কমেছে, রপ্তানি বেড়েছে, যোগাযোগ ও অবকাঠামোতে এসেছে বড় পরিবর্তন। এসব অগ্রগতি নিঃসন্দেহে আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। কিন্তু এই অগ্রগতির আড়ালেই ধীরে ধীরে তৈরি হয়েছে একটি গভীর সংকট- মানবসম্পদ উন্নয়ন ও শ্রমবাজারের সংকট। বিশেষ করে বেকারত্ব ও দক্ষতার ঘাটতি এখন জাতীয় আলোচনায় অন্যতম বড় বিষয়। ২০২৬ থেকে ২০৩৬-এই দশকটি বাংলাদেশের জন্য শুধু আরেকটি সমকাল নয়, এটি একটি নির্ধারণী দশক। এই সময়ের মধ্যে যদি আমরা বেকারত্ব ও দক্ষতার সংকট মোকাবিলায় সুপরিকল্পিত সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে আজ যে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ -এর কথা বলা হচ্ছে, তা অচিরেই বড় চ্যালেঞ্জ পরিণতি হতে পারে।

বেকারত্ব ও যুব বেকারত্বের চিত্র

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে মোট বেকারত্বে হার ছিল প্রায় ৪.৬৮ শতাংশ। সংখ্যাটি শুনতে খুব বেশি মনে না হলেও এই পরিসংখ্যান পুরো বাস্তবতাকে তুলে ধরে না। কারণ আমাদের দেশের শ্রমবাজারের বড় একটি অংশ এই হিসাবের বাইরেই থেকে যায়। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে চিত্রটি আরও উদ্বেগজনক। বিশ্বব্যাংকের তথ্য বলছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ১১.৫ শতাংশ। দক্ষিণ এশিয়ার অন্যকিছু দেশের তুলনায় এই হার হয়ত সমান বা কিছুটা কম, কিন্তু বাস্তবে এটি একটি স্পষ্ট সতর্কবার্তা-আমাদের তরুণ জনগোষ্ঠী ক্রমেই কাজের সুযোগ থেকে পিছিয়ে পড়ছে। আরও দুশ্চিন্তার বিষয় হলো শিক্ষিত বেকারত্ব। বিভিন্ন গবেষণার দেখা গেছে, উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলকভাবে অনেক বেশি। ২০২২ সালে এই হার ছিল প্রায় ২৭.৮ শতাংশ, সেখানে ২০১৩ সালে ছিল মাত্র ৯.৭ শতাংশ। অর্থাৎ, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকারত্ব দ্রুত বাড়ছে-যা কোনোভাবেই স্বস্তির বিষয় নয়।

কাজ আছে নিরাপত্তা নেই

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক শ্রম সংস্থার গবেষণা অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৮৫ শতাংশ কর্মসংস্থান অনানুষ্ঠানিক খাতে। এই খাতে কাজ করা মানুষরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন-কিন্তু তাদের কাজের কোনো আইনি সুরক্ষা নেই। ক্ষুদ্র ব্যবসায়ী, গৃহকর্মী, দিনমজুর, অপ্রশিক্ষিত শ্রমিক-তারা সবাই কাজ করছেন ঠিকই। কিন্তু এই কাজগুলোকে প্রকৃত অর্থে ‘চাকরি’ বলা যায় না। কারণ এখানে নেই আয় নিশ্চিতকরণ, নেই সামাজিক নিরাপত্তা, নেই দক্ষতা উন্নয়নের সুযোগ। ফলে কাগজে-কলমে বেকারত্ব কম মনে হলেও বাস্তবে উৎপাদনশীল ও মানসম্মত কাজের ঘাটতি থেকেই যাচ্ছে। দক্ষতার ফাঁক ও বদলে যাওয়া বিশ্ব বাংলাদেশের শিল্পখাতের একটি সাধারণ অভিযোগ-‘লোক পাওয়া যায়, কিন্তু দক্ষ লোক পাওয়া যায় না।’ এমনকি অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষিত কর্মীরাও কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা দেখাতে পারছেন না। গবেষণায় দেখা যায়, প্রতিবছর বাংলাদেশে প্রায় ২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। কিন্তু তাদের একটি বড় অংশ প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই বাজারে আসছে। অন্যদিকে বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত বদলে যাচ্ছে। ILO ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে বলা হচ্ছে, ভবিষ্যতের চাকরিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে-ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রিন টেকনোলজি সংল্ডান্ত জ্ঞান। অর্থাৎ ভবিষ্যতের শ্রমবাজারে শুধু শ্রমিক বা ডিগ্রিধারী নয়, প্রয়োজন হবে ভবিষ্যৎ-দক্ষ মানুষ।

বেকারত্বের সামাজিক প্রভাব

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে, তরুণদের উচ্চ বেকারত্ব শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি সামাজিক অস্থিরতা, অপরাধ প্রবণতা ও রাজনৈতিক অসন্তোষেরও জন্ম দিতে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থার Global Employment Trends রিপোর্টেও এই আশঙ্কার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয়। আন্তর্জাতিক প্রেক্ষাপট পিছিয়ে পড়ার ঝুঁকি আছে বিশ্বব্যাপী ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে যুব বেকারত্বের গড় হার ছিল প্রায় ১৩ শতাংশ। অনেক উন্নত দেশে দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর চাকরি বাড়ায় এই হার কমানোর চেষ্টা চলছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় যুব বেকারত্বের হার প্রায় ১৫.৭ শতাংশ, যা স্পষ্ট করে বলে দেয়, এই অঞ্চলে দক্ষতার ঘাটতি এখনো বড় বাধা। এই বাস্তবতায় বাংলাদেশকে পিছিয়ে পড়া থেকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। ২০২৬-২০৩৬ দশ বছরের জন্য করণীয় বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দক্ষতা উনড়বয়ন মানে শুধু ট্রেড স্কিল নয়। এর মধ্যে থাকতে হবে- ডিজিটাল দক্ষতা, যোগাযোগ ও সফট স্কিল, ভাষাজ্ঞান, উদ্যোক্তা হওয়ার সক্ষমতা। এসবকারণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET) জোরদার করতে হবে, বিশ্ববিদ্যালয়কে শিল্প খাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ চালু করতে হবে। অনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক পথে যাত্রা

অনানুষ্ঠানিক খাতকে ধীরে ধীরে নিয়মের আওতায় আনতে হবে। সহজ নিবন্ধন ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কভারেজ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করা গেলে এই খাত থেকেই বিপুলসংখ্যক মানসম্মত কাজ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা ও বাজারের সংযোগ বিশ্বের সফল শিক্ষা ব্যবস্থাগুলোতে একটি বিষয় স্পষ্ট-শিক্ষা ও কর্মসংস্থান একে অপরের সঙ্গে যুক্ত। গবেষণাভিত্তিক শিক্ষা, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ এবং নিয়মিত পাঠ্যল্ডম হালনাগাদ করলে শিক্ষিত বেকারত্ব কমবে। ডিজিটাল ও গ্রিন অর্থনীতির সুযোগ ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তি-এই খাতগুলো আগামীদিনের বড় কর্মসংস্থান ক্ষেত্র। সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশ এই খাতগুলোতে নিজেকে একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। উদ্যোগ- SME ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি ২০২৫ সালে বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া বড় প্রকল্পগুলো দেখাচ্ছে-বন্দর উন্নয়ন, SME সহায়তা ও সামাজিক সুরক্ষা একসঙ্গে এগোলে কর্মসংস্থান দ্রুত বাড়ে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের মতো অবকাঠামো উন্নয়ন দেশের রপ্তানি ও চাকরির বাজারে বড় ভূমিকা রাখতে পারে।

২০৩৬-এর লক্ষ্য

যুব বেকারত্ব ৮ শতাংশের নিচে নামানো-অনানুষ্ঠানিক কর্মসংস্থান ৬৫ শতাংশের নিচে আনা, ডিজিটাল ও ICT প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৭০ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করা, SME খাতে চাকরি দ্বিগুণ করা। বাংলাদেশের বেকারত্ব সমস্যা শুধু সংখ্যার হিসাব নয়, এটি একটি কাঠামোগত মানবসম্পদ সংকট। তবে সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ নিলে এই সংকটই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি। সময় ফুরিয়ে গেলে নয়, এখনই সময় কাজ শুরু করার। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও আন্তর্জাতিক সহযোগীরা যদি একই লক্ষ্যে এগোয়, তাহলে আগামী দশক বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি মানবসম্পদে সমৃদ্ধ দেশে পরিণত করতে পারে। লেখক : হেড অব এইচআর, এডমিন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট, জে এন্ড জেড গ্রুপ, সাধারণ সম্পাদক, এইচআর প্রফেশনালস ইন বাংলাদেশ