বুধবার হোয়াইট হাউস থেকে দেওয়া টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে তাঁর যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। সেটি হলো, তাঁর মূল ‘উদ্দেশ্যগুলো প্রায় সম্পন্ন হতে চলেছে’ এবং তিনি যুদ্ধটি শেষ করার ‘খুব কাছাকাছি’।
বড় প্রশ্ন হলো, পরিস্থিতি কি ট্রাম্পের নিয়ন্ত্রণে? কার্যত, যুদ্ধটি ধাপে ধাপে ছড়িয়ে পড়ার পথে বলেই মনে হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ইরানে একটি সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ‘প্রথমে সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র’ ধ্বংস করার হুমকি দিচ্ছে। নিজেকে প্রধানত ওল্ড টেস্টামেন্টের ইয়াহওয়ে হিসেবে প্রকাশ করে ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, এখানেই তাদের থাকা উচিত।’ এই ইয়াহওয়ে হলেন সেই চরিত্র, যিনি ইসরায়েলের কাছ থেকে শুধুই তাঁর উপাসনা দাবি করেছিলেন।
তবুও, ইরান আত্মসমর্পণ করতে চায় না। তেহরান ট্রাম্পের প্রতি শ্রদ্ধা হারিয়েছে এবং পরিবর্তে তাঁকে প্রতারণা শিল্পের একজন দক্ষ কারিগর হিসেবে দেখে। ইরানের বিবৃতিগুলো এটাই স্পষ্ট করে যে, ইরানের পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের বিন্দুমাত্র ধারণাও নেই।
সম্ভবত যুদ্ধের সবচেয়ে ভয়ংকর ও লাগামহীন পর্যায়টি শুরু হতে চলেছে, যা নিজস্ব গতিপথ ধরে এগোচ্ছে। ইসরায়েলের কথাই ধরা যাক। তারা শক্তি হিসেবে বিভিন্ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাচ্ছে। আর তাদের নেতৃত্ব বৃহত্তর ইসরায়েলের একটি জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে পশ্চিম এশীয় অঞ্চলের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থা, নিয়মকানুন, ভৌগোলিক সীমানা বা ক্ষমতার বণ্টন পরিবর্তন করতে চাইছে। ইসরায়েল তার ভূখণ্ড সম্প্রসারণের পথ খোলা রাখছে, যার সর্বশেষ প্রমাণ লেবাননের ওপর হামলা এবং সিরিয়ার সঙ্গে মার্কিন-সমর্থিত আলাপ থেকে তাদের পিছু হটা। স্বাভাবিকভাবেই ইরান জোর দিয়ে বলছে যে, যে কোনো শান্তি চুক্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাবিষয়ক সবকিছু অন্তর্ভুক্ত থাকতে হবে। যুদ্ধের বিভিন্ন রকম পরিণতি রয়েছে এবং তা বিপুল ধ্বংসাবশেষ রেখে যায়। কিন্তু বিষয়টি শুধু ইরানের পুনর্গঠন নিয়ে নয়। তা ছাড়া দেশটি যুক্তিসংগতভাবে যুদ্ধকালীন ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। মূল কথা হলো, নতুন বাস্তব পরিস্থিতি তৈরি করার পর ট্রাম্প হয়তো দিশা হারিয়ে সোজা গলফ কোর্সে চলে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন বাস্তবতা হলো, হরমুজ প্রণালি কেবল একটি জলপথে রূপান্তরিত হতে যাচ্ছে। কাকতালীয়ভাবে বুধবার ট্রাম্পের ভাষণের প্রথম প্রতিক্রিয়াটি আসে বৈশ্বিক তেল বাজার থেকে, যেখানে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারে পৌঁছেছে।
তেল ও গ্যাস খাতের শেয়ারমূল্য একসময়ের দ্রুত বর্ধনশীল প্রযুক্তি খাতকে সহজেই ছাড়িয়ে গেছে। এই অগ্রযাত্রার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলো। যেমন–এক্সন মবিল বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩৩.১% রিটার্ন দিয়েছে; শেভরন করপোরেশন ২৮.৫%; অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ৪৯.৬%; কনোকো-ফিলিপস ৩৮.৫%; ম্যারাথন পেট্রোলিয়াম ৪৩.৮%। ওয়াল স্ট্রিট নিশ্চয়ই উল্লসিত বোধ করছে।
সাবেক সিআইএ কর্মকর্তা ল্যারি জনসন, যিনি বিশেষত ভূ-রাজনীতিসহ ট্রাম্পের যুদ্ধ নিয়ে নিঃসন্দেহে অন্যতম সেরা মার্কিন ভাষ্যকার, এই সপ্তাহে ‘পিট হেগসেথ ছাড়াও আর কে কে ইরানের যুদ্ধকে ব্যবহার করে ধনী হওয়ার চেষ্টা করছে?’ শিরোনামে একটি ব্লগ লিখেছেন। তাঁর ভাষায়, ‘ইরানের সঙ্গে মাসব্যাপী এই যুদ্ধে এখন পর্যন্ত ব্যয়িত অস্ত্রের বিশ্লেষণ করলে, যুদ্ধ থেকে মুনাফা অর্জনের সুযোগটি বেশ স্পষ্ট হয়ে ওঠে। শান্তিরক্ষাবিষয়ক আলাপকালে অস্ত্র তৈরিতে ব্যয়ের উচ্চহার এবং একই সময়ে অস্ত্রের ঐতিহাসিকভাবে সর্বনিম্ন উৎপাদন হার এক গুরুতর ‘ক্ষয়িষ্ণুতার দৌড়’ তৈরি করেছে, যা ‘দ্রুত উল্টে দেওয়া সম্ভব নয়’।
যেহেতু জলপথটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে গেছে, তাই যুদ্ধ পরিস্থিতিতে সামুদ্রিক চলাচল ব্যবস্থায় এই দুটি দেশের বক্তব্য রাখার অধিকার রয়েছে। এটি একটি ন্যায্য দাবি। তা সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এই দুই শত্রু দেশের সঙ্গে সম্পর্কহীন ‘নির্দোষ’ জাহাজ চলাচলের অনুমতি দিয়ে নমনীয়তা দেখাচ্ছে। এটা ধরে নেওয়া যায় যে, এই নমনীয়তাই অবশেষে একটি যৌক্তিক, কার্যকর ও নিরাপদ ব্যবস্থায় রূপান্তরিত হবে।
এদিকে তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। যেহেতু এর সঙ্গে পেট্রোডলারের পুনর্ব্যবহারও জড়িত, তাই ইরান ও ওমানের সম্মতিতে দ্রুত, নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে এর সমাধান না হলে এটি আন্তর্জাতিক অর্থব্যবস্থারকেও–বিশেষ করে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা–ক্ষতিগ্রস্ত করবে।
এম কে ভদ্রকুমার: ভারতের সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক; ইন্ডিয়ান পাঞ্চলাইন থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
