গত ২৯ অক্টোবর আমার বড় ভাই, সাংবাদিক আহমদ গিয়াস, মৃত্যুবরণ করেছেন। তিনি আমার চেয়ে প্রায় ১৯/২০ বছরের বড় ছিলেন। বয়সের ব্যবধানের কারণে আমাদের একসঙ্গে বেড়ে ওঠা হয়নি, তবে তাকে ঘিরে শৈশব থেকে অনেক স্মৃতি রয়েছে। নিয়মিত কথা না হলেও যখন কথা হতো, দীর্ঘ আলোচনা চলত। বিশেষ করে জীবনের শেষ দিকে তার নতুন নতুন আগ্রহ ও পরিকল্পনা নিয়ে।
আমাদের এলাকায় আহমদ গিয়াসের পরিচিতি ছিল ব্যাপক। ছোটবেলায় একবার গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়ে একজন আমার কাছ থেকে প্রবেশমূল্য নেননি, শুধু আমি সাংবাদিক গিয়াসের ছোট ভাই বলে। ঘটনাটি তার প্রতি স্থানীয় মানুষের পরিচিতি ও সম্মানের একটি ছোট উদাহরণ।
শৈশবের ‘বৈজ্ঞানিক গিয়াস’
ছোটবেলায় আমাদের পড়ার ঘরের দেয়ালে কিছু স্টিকার দেখতাম, যাতে লেখা ছিল ‘কলকণ্ঠ গ্রামীণ বিজ্ঞান ক্লাব’। আহমদ গিয়াস শৈশবেই গ্রামে বিজ্ঞানচর্চার জন্য এ ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। জীবনের বাস্তবতায় উদ্যোগটি দীর্ঘস্থায়ী হয়নি। অথচ আমার জানা মতে, এখনো আমাদের গ্রাম বা ইউনিয়নে এ ধরনের কোনো বিজ্ঞান ক্লাব নেই।
শৈশব থেকেই তার ছিল প্রবল কৌতূহল ও নতুন কিছু তৈরির আগ্রহ। এ কারণে বন্ধুবান্ধব ও পরিচিতজনরা তাকে ‘বৈজ্ঞানিক গিয়াস’ নামে ডাকতেন। তার সমসাময়িক অনেকেই এখনো সেই নাম ব্যবহার করেন। একবার বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়াকিটকির মতো একটি যন্ত্র পেয়েছিলাম। পরে জানতে পারি, তিনি ছোটবেলায় এক প্রতিবেশী ও দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে যোগাযোগের জন্য নিজেই যন্ত্রটি তৈরি করেছিলেন। গ্রামের একটি ছেলের এমন উদ্ভাবনী চিন্তা নিঃসন্দেহে ব্যতিক্রমী ছিল। এই অনুসন্ধিৎসু মন তার পরবর্তী জীবনেও বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে।
সাংবাদিকতার জীবন: সততা ও সংগ্রাম
আমার জানা মতে, আহমদ গিয়াসের সাংবাদিকতা শুরু হয় উপজেলা পর্যায়ের দৈনিক চকোরী পত্রিকার মাধ্যমে। পরে তিনি দৈনিক কক্সবাজার -এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক আজাদী , যায়যায়দিন ও ইত্তেফাক -এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজ করেন। একসময় তিনি আরটিভির কক্সবাজার প্রতিনিধিও ছিলেন।
সাংবাদিক হিসেবে তার পরিচিতির অন্যতম ভিত্তি ছিল সততা ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস। তবে পেশাগত জীবনের বড় অংশ তাকে আর্থিক অনটনের মধ্যে কাটাতে হয়েছে। মাঝেমধ্যে অর্থনৈতিক অবস্থা ভালো হলেও তা স্থায়ী হয়নি। অথচ নিজের হাতে অর্থ থাকলে অন্যের প্রয়োজনে খরচ করতে কখনো কার্পণ্য করতেন না।
শৈশবের একটি ঘটনা মনে পড়ে। একদিন এক বৃদ্ধা আমাদের বাড়িতে এসে মা-বাবাকে জানান, গাছ কাটার অভিযোগে পুলিশ তার ছেলেকে আটক করেছে। তিনি আহমদ গিয়াসের সহযোগিতা চান। পরে তার ছেলে পুলিশ হেফাজত থেকে মুক্ত হয়। এ ধরনের আরো কয়েকটি ঘটনার কথা জানি, যেখানে তিনি নিঃস্বার্থভাবে মানুষকে আইনি সহায়তা পেতে সাহায্য করেছেন।
অন্যদিকে সাংবাদিকতার কারণে তাকে একাধিকবার মামলা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। পুলিশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা হয়েছিল বলেও আমার মনে আছে।
সংবাদ প্রকাশের কারণে তিনি মৃত্যুর হুমকিও পেয়েছিলেন। এমন এক হুমকির খবর শুনে মা জায়নামাজে বসে তার নিরাপত্তার জন্য দোয়া করতে শুরু করেছিলেন। ঘটনাটি মনে করিয়ে দেয়, একজন সাংবাদিকের পেশাগত ঝুঁকি তার পরিবারের ওপরও কতটা প্রভাব ফেলে।
সম্ভবত ২০১০ অথবা ২০১৩–১৪ সালের দিকে, রাজনৈতিক অস্থিরতার এক সময়ে, পুলিশ বিএনপির কার্যালয় ঘিরে রেখেছিল। আহমদ গিয়াস সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের মারধরের শিকার হন এবং হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ঘটনার শারীরিক কষ্ট তিনি জীবনের শেষ দিকেও অনুভব করতেন বলে শুনেছি।
এসব প্রতিকূলতার মধ্যেও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেননি।
অনুসন্ধানী সাংবাদিকতা ও স্বীকৃতির অভাব
একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহমদ গিয়াস তার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি লেখা লিখেছিলেন। সেখানে একটি উল্লেখযোগ্য অনুসন্ধানের কথা জানিয়েছিলেন। ২০০১-২০০৬ বিএনপি সরকারের শেষ দিকে দেশে জঙ্গি তৎপরতার উত্থানের সময় তিনি জানতে পারেন, একটি জঙ্গিগোষ্ঠীর চট্টগ্রাম অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার কক্সবাজারের খুরুশকুল বা আশপাশের এলাকায় অবস্থান করছেন।
প্রথমদিকে তার তথ্যের ওপর অনেকে আস্থা রাখেননি। পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলে তিনি উল্লেখ করেছিলেন। তা সত্ত্বেও নিজের অর্থ ব্যয় করে দীর্ঘদিন অনুসন্ধান চালান। তার বিবরণ অনুযায়ী, সেই অনুসন্ধান ও প্রতিবেদনের সূত্র ধরে পরবর্তী সময়ে পুলিশ ওই জঙ্গি কমান্ডারকে আটক করতে সক্ষম হয়।
আহমদ গিয়াস তার লেখায় আক্ষেপ করেছিলেন, এমন একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানের জন্য তিনি কোনো পুরস্কার বা স্বীকৃতি পাননি।
সত্যের প্রশ্নে আপস নয়
সাম্প্রতিক সময়ের একটি ঘটনাও তার নীতিগত অবস্থানের পরিচয় দেয়। কক্সবাজারে জমি-সংক্রান্ত একটি বিষয়ে একজন সহকারী কমিশনার (ভূমি) এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে। আহমদ গিয়াস ঘটনাটি ভিডিও করে প্রতিবাদ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
তখন আমার কলেজের এক সহপাঠী সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমার কথা বলিয়ে দেন। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র ছিলেন। ঘটনাটির পর তার বদলি হয়ে যায়। তিনি অনুরোধ করেন, আমি যেন আহমদ গিয়াস তথা আমার বড় ভাইকে বিষয়টি নিয়ে আর না এগোতে বলি। পরে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারি, সংশ্লিষ্ট কর্মকর্তা ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তার কোনো আপত্তি নেই। কিন্তু আহমদ গিয়াসের ভাষ্যমতে, কর্মকর্তা ভুল স্বীকার না করে তাকেই বিষয়টি প্রত্যাহার করতে বলছিলেন।
এক্ষেত্রে তার অবস্থান ছিল স্পষ্ট—ভুলের স্বীকৃতি ও সংশোধন প্রয়োজন। ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি সেই অবস্থান থেকে সরে আসতে চাননি।
দারিয়ানগরের জীবন ও নতুন স্বপ্ন
জীবনের শেষ কয়েক বছর আহমদ গিয়াস কক্সবাজার শহর ছেড়ে দারিয়ানগরে একটি ছোট্ট ঘরে বসবাস করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের পরও আর্থিক নিরাপত্তা পাননি। শুনেছি, বিভিন্ন পত্রিকার কাছে তার বেতন ও পারিশ্রমিকও দীর্ঘদিন বকেয়া ছিল।
তবে আর্থিক সংকট তার জানার আগ্রহকে থামাতে পারেনি। জীবনের শেষ দিকে প্রত্নতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়। এসব বিষয়ে পড়াশোনা, অনুসন্ধান এবং নতুন পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকতেন।
আমি ও আমার স্ত্রী যখন পিএইচডি করতে ইংল্যান্ডে ছিলাম, তখন ফোনে প্রায়ই তার সঙ্গে প্রত্নতত্ত্ব নিয়ে দীর্ঘ আলোচনা হতো। কখনো বিরক্তও হতাম। মনে হতো, সংসারের আর্থিক অনিশ্চয়তার মধ্যে এসবের পরিবর্তে আয়-রোজগারের দিকে বেশি মনোযোগ দেয়া প্রয়োজন।
কিন্তু এখন ভাবি, শৈশবে যে মানুষটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, নিজে যোগাযোগের যন্ত্র তৈরির চেষ্টা করেছিলেন, জীবনের শেষ পর্যায়েও তিনি নতুন কিছু জানার ও আবিষ্কারের স্বপ্ন দেখছিলেন। তার এই আগ্রহের পেছনে দেশের জন্য কিছু করার আকাঙ্ক্ষাও ছিল।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর আমি ও আমাদের কয়েক ভাই তাকে আবার সক্রিয় সাংবাদিকতায় ফিরে আসতে বলেছিলাম। কিন্তু সাংবাদিকতার সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি হতাশ ছিলেন। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার পর সেই হতাশা হয়তো কাটিয়ে উঠতে পারেননি।
শেষ কথা
আহমদ গিয়াসের জীবন আর্থিক সচ্ছলতা কিংবা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিতে সমৃদ্ধ ছিল না। কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিকূলতার মধ্যেও জ্ঞানচর্চার আগ্রহ ধরে রেখেছেন। মানুষ হিসেবে তারও সীমাবদ্ধতা ছিল। কিন্তু তার সততা, সাহস, উদারতা ও অনুসন্ধিৎসু মন তাকে স্মরণীয় করে রাখবে।
তার সঙ্গে আর দীর্ঘ ফোনালাপ হবে না। নতুন কোনো অনুসন্ধান কিংবা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নিয়ে তার পরিকল্পনার কথা শোনা হবে না। আমার বিশ্বাস, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সৎ থাকার এবং মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন।
ড. মুহাম্মদ রিয়াজ উদ্দিন: গবেষণা ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)
