স্বাধীনতার পর একদলীয় শাসন, দমননীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ যেখানে ‘বাঙালি জাতীয়তাবাদ’-কে একমাত্র জাতীয় পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ নামে এক বিকল্প ও অন্তর্ভুক্তির ধারণা সামনে আনলেন। এটি ‘বাঙালি জাতীয়তাবাদ’ থেকে সরে এসে আরো সমৃদ্ধ হয়ে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শন রাজনৈতিক কাঠামোয় যুক্ত হয়। যা ভৌগোলিক পরিচয়কে কেন্দ্র করে দেশের সকল জনগোষ্ঠীর অধিকার, ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। অর্থাৎ, সমাজের সব শ্রেণিপেশার মানুকে অন্তর্ভুক্তির মাধ্যমে বহু দলীয় গণতান্ত্রিক রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপন করে, যা সার্বজনীন ও অবৈষম্যমূলক।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জাতীয়তাবাদী দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমরা ধর্মে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এটি সত্য। আমরা ভাষা ও কৃষ্টির ব্যাপক অর্থেও বাঙালি সে কথাও সত্য; কিন্তু ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ২১ ফেব্রুয়ারির ভাষা সংগ্রাম, একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের চূড়ান্তভাবে একটি বিশিষ্ট জাতিত্বের স্বীকৃতি দিয়েছে। সীমান্তের বাইরে যারা ভাষা সংগ্রাম করেনি, মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়নি, তাদের কেমন করে আত্মত্যাগের অংশীদার করব? তাদের কেমন করে আমাদের পতাকার এবং মানচিত্রের অংশীদার করব? এই হলো বাংলাদেশি জাতীয়তাবাদের মূল কথা। ভাষা যদি একটি ফুল হয়, ধর্ম আরেকটি ফুল।

ভাষা-ধর্মের কোনো ফুলকে অস্বীকার করব না, কিন্তু ধর্ম, ভাষা, সাহিত্য-সংস্কৃতি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভাষা বিদ্রোহ এবং স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন ফুল নিয়ে যে তোড়া বেঁধেছি: এতে সব ফুল আছে: এটিই বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে এর কোনো বিরোধ নেই; কিন্তু এটি শুধু আংশিক সংজ্ঞা। তাই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের পুরো সংজ্ঞায় পরিচিত হতে চাই, একটি ফুল নয়, এবার একটি ফুলের তোড়া চাই।’ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মাটি ও মানুষের সংমিশ্রণে হাজার বছরের যে রসায়ন, তা আবিষ্কার করে নাম দিয়েছিলেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। এই জাতীয়তাবাদের ওপরই প্রতিষ্ঠিত তাঁর মন, মনন, চেতনা ও তাঁর রাজনৈতিক দর্শন। তাই তাঁর প্রিয় গান, যা তিনি আপন মনে গুন গুন করে গাইতেন, ‘আমার জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।’ অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দর্শন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিমূলে রয়েছে যে শোষণমুক্ত সমাজের স্বপ্ন, জনগণের সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে ধর্ম-বর্ণ ও গোত্রনির্বিশেষে সকল মানুষের জন্য, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার।

‘বিএনপি’ মানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’, সংক্ষেপে বিএনপি, নামটির ভেতরে একটি ঐতিহাসিক সংস্কৃতি, দর্শন ও আদর্শিক রাজনীতির অন্তর্ভুক্তি জড়িয়ে রয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন, যার নামকরণে প্রতিটি শব্দ ছিল সচেতনভাবে নির্বাচিত। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’: শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, বরং আদর্শিক ও অন্তর্ভুক্তি দর্শনের রাজনৈতিক ঘোষণা, যা জাতি, রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল এবং যার প্রয়োজনীয়তা আজও প্রাসঙ্গিক। বিএনপির রাজনৈতিক দর্শন জনগণের অধিকার, ন্যায়বিচার এবং জনগণের ক্ষমতায়নের একটি ঐতিহাসিক ধারাবাহিকতা। এই দর্শনের আলোকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন। বর্তমানে নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, যিনি একাধারে অতীত ইতিহাসের শিক্ষা ও ভবিষ্যতের চ্যালেঞ্জকে ধারণ করে, একাত্তরের আত্মত্যাগ ও চব্বিশের প্রত্যাশাকে একসূত্রে গেঁথে নতুন প্রজন্মের সামনে একটি অন্তর্ভুক্তিমূলক, জনগণকেন্দ্রিক রাজনৈতিক দর্শন উপস্থাপন করছেন। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের গুরুত্ব সময়ের দাবি।

১৯৭৫-পরবর্তী অস্থির ও বিভাজিত বাংলাদেশে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন, তা ছিল সময়োপযোগী, ঐতিহাসিক এবং অন্তর্ভুক্তিমূলক। তাঁর নেতৃত্বে জাতীয় ঐক্য, জনগণের অংশগ্রহণ এবং আত্মনির্ভরতা নির্ভর একটি গণমুখী রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটে। তাঁর ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণাটি একক জাতিগত পরিচয়ের বাইরে গিয়ে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক এক জাতীয় চেতনাকে প্রতিষ্ঠা করে। যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিক আত্মপরিচয় খুঁজে পান। এই ধারণা সংখ্যালঘু, আদিবাসী, পেশাজীবীসহ সকল জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তির সুযোগ দেয়। ১৯ দফা আন্দোলনে জিয়াউর রহমানের নেতৃত্বে ছিল অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী কর্মসূচি, যেখানে তিনি জনগণের ভোটাধিকার, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক সমতা ও সামাজিক ন্যায্যতার দাবি তুলে ধরেন। তিনি এই আন্দোলনকে রাজনৈতিক দাবি হিসেবে নয়, বরং কৃষক, শ্রমিক, তরুণ, শহর-গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মুক্তির একটি সার্বজনীন আন্দোলনে রূপ দেন। তাঁর নেতৃত্বে ১৯ দফা হয়ে ওঠে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার এক ঐক্যবদ্ধ গণআন্দোলন।

বহুদলীয় গণতন্ত্র চালুতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অন্তর্ভুক্তিমূলক ও ভিত্তিস্থাপনমূলক। তিনি রাজনৈতিক বহুমত, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পথ উন্মুক্ত করেন, যা গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। ১৯৭৯ সালে তার নেতৃত্বে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মুক্ত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা হয়, যা বহুদলীয় গণতন্ত্রের নতুন দিগন্ত সূচনা করে। তিনি বিশ^াস করতেন, গণতন্ত্রের মাধ্যমেই সকল মত ও মতভেদের প্রতি শ্রদ্ধাশীল একটি অন্তর্ভুক্তি সংস্কৃতি গড়ে তোলা যায়।

তিনি বহুদলীয় ব্যবস্থাকে এমনভাবে প্রতিষ্ঠা করেন, যেখানে বিরোধী দলসমূহ নিরাপদ ও সম্মানজনক ভূমিকা পায়, সংবাদপত্র মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে ওঠে এবং ক্ষমতা জনগণের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত হয়। জাতীয় ঐক্যের পাশাপাশি রাষ্ট্রীয় ঐক্য গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ছিল দৃঢ় ও অন্তর্ভুক্তিমূলক। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্রের শক্তি জনগণের ঐক্যে নিহিত। তাই সকল শ্রেণি, পেশা, ধর্ম ও মতের মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি সহিষ্ণুতা, সংলাপ ও পারস্পরিক সম্মানের পরিবেশ ও সংস্কৃতি গড়ে তোলেন। প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তিনি ছিলেন সচেতন এবং রাষ্ট্রীয় কাঠামোয় সবার অংশগ্রহণ নিশ্চিত করেন।

তাঁর অন্তর্ভুক্তিমূলক চেতনা, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্যের এক স্থায়ী ভিত্তি গড়ে তোলে। তিনি রাজনীতিকে শহুরে অভিজাতদের সীমাবদ্ধতা থেকে বের করে সাধারণ কৃষক, শ্রমিক, পল্লী চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে প্রসারিত করেন। তিনি জনগণকে রাজনীতির কেবল ভোক্তা নয়, অংশীদার হিসেবে দেখতে চেয়েছেন। বিএনপি গঠনের সময় তিনি রাজনীতিতে নতুন মুখ যুক্ত করে অন্তর্ভুক্তির একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেন। গ্রামীণ উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন তিনি। সবুজ বিপ্লব, আধুনিক কৃষিপ্রযুক্তি, যুব উন্নয়ন, বিসিক, পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিনি আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গঠনের উদ্যোগ নেন। ‘গ্রাম হবে শহর’ দর্শনের ভিত্তিতে অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষার সম্প্রসারণ ঘটান। তিনি ধান বা গম উৎপাদনের পাশাপাশি গ্রহপালিত পশু, হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও মাছচাষকে উৎসাহ দেন। পল্লী পশুচিকিৎসা কেন্দ্র স্থাপন, টিকা ও খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ, পুকুর সংস্কার, মাছের পোনা সরবরাহ ইত্যাদির মাধ্যমে কৃষিনির্ভর জনগোষ্ঠীকে নানাভাবে অন্তর্ভুক্তির মাধ্যমে স্বনির্ভর করে তোলেন। তিনি দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী খাল খনন কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচি ছিল বাংলাদেশের কৃষিতে এক ধরনের সবুজ বিপ্লবের সূচনা।

‘শিক্ষা হতে হবে জীবনের জন্য, জীবিকার জন্য’: এই দর্শনের ভিত্তিতে তিনি কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেন। ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপন, উপবৃত্তি, শিক্ষকের প্রশিক্ষণ ও নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেন। নিরক্ষর জনগোষ্ঠীকে প্রয়োজনীয় শিক্ষা প্রদানে উদ্যোগ নেন। শিক্ষা ও সংস্কৃতিকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেন। নারী ও যুবদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও ঋণ-সহযোগিতা ভিত্তিক প্রকল্প চালু করে তাদেরকে উৎপাদন ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেন। বিশেষ করে নারীর পল্লী উদ্যোক্তা হয়ে ওঠার পথ তিনি উন্মুক্ত করেন, যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, সম্মানী ও সরকারি চাকরিতে কোটা প্রদান করে তিনি তাদের রাষ্ট্রীয় মর্যাদা পুনঃস্থাপন করেন। একইসাথে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংবেদনশীল নীতি গ্রহণ করে সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠা করেন। নাগরিকদের মধ্যে জাতীয় শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে তিনি শপথ গ্রহণ, সময়ানুবর্তিতা ও জাতীয় মূল্যবোধের চর্চা চালরু করেন। এর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রকে শুধু প্রশাসনিক কাঠামো নয়, বরং সম্মিলিত আত্মমর্যাদা ও সমান অংশগ্রহণের প্রতীক হিসেবে দেখাতে চেয়েছেন।

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জিয়াউর রহমান জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেন এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান দেন। তিনি নদী-খাল খনন, জলাধার সংরক্ষণ ও পরিবেশবান্ধব অবকাঠামো গঠনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্ব দেন। কৃষক ও জনগণের অংশগ্রহণে জৈবচাষ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেন, যা পরিবেশ রক্ষাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়। শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান ছিল অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী, যা বাংলাদেশের আধুনিকীকরণ ও স্বাবলম্বিতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। তিনি বিশ্বাস করতেন যে দেশের সামগ্রিক উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিল্প ও প্রযুক্তির সম্প্রসারণ ও উন্নয়ন অপরিহার্য। তাই তিনি শিল্প খাতে নতুন উদ্যোগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করেন, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি পায়। শিল্পায়নের প্রসার এবং প্রযুক্তিগত শিক্ষার সমন্বয় ছিল, যা প্রযুক্তির সুষ্ঠু প্রসার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। তাঁর নেতৃত্বে শিল্প ও প্রযুক্তি খাতের উন্নয়ন এমনভাবে পরিচালিত হয়, যাতে দেশের সব স্তরের মানুষ এই অগ্রগতির সুফল পায় এবং সমাজের অন্তর্ভুক্তি বৃদ্ধি পায়। পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমানের অবদান ছিল অন্তর্ভুক্তিমূলক ও সমন্বয়পূর্ণ। তিনি বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন কূটনীতি গ্রহণ করেন এবং প্রতিবেশীসহ বিশে^র বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন।

বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত। মাত্র কয়েক বছরে তিনি দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও সংস্কৃতির নানা ক্ষেত্রে এক স্বতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন, যা আজও বাংলাদেশের জন্য এক গভীর ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার উৎস। তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ গড়ে উঠেছিলো এক সমন্বিত, বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে, যেখানে দেশের প্রতিটি শ্রেণি, সম্প্রদায় ও সম্প্রদায়ের মানুষ নিজের অধিকার, দায়িত্ব ও মর্যাদা নিয়ে অংশগ্রহণ করতে পারতো। বাংলাদেশে তার এই অন্তর্ভুক্তিমূলক অবদান আজও প্রাসঙ্গিক ও শিক্ষণীয়, যা দেশের ভবিষ্যৎ গঠনে মৌলিক দর্শন হিসেবে কাজ করবে।

লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।