আমাদের গর্ব করার মতো বেশকিছু মানুষ আছেন এখনো। তাদের মধ্য থেকে কেউ নাই হয়ে গেলে শংকিত হই। কারণ এই সমাজে এখন আর বড় মানুষ জন্মায় না। বড় বলতে আমরা আসলে কি বুঝি ? আজকাল বড় বলতে আমরা বুঝি অর্থ বিত্ত বা রাজনীতির দাপটে বড় হয়ে ওঠা কথিত কেউ। কিন্তু একটা সময় ছিল যখন খুব নীরবে বড় মানুষেরা জন্মাতেন। দারিদ্র্য যাদের স্পর্শ করলেও ম্লান করতে পারেনি। আমাদের এই প্রবাসে\r\nপ্রবাস জীবনে যারা আমাদের পথ দেখান, তাদের অনেকেই ছিলেন হতদরিদ্র। লালন ফকির, কাজী নজরুলের কিছুই ছিল না। অথচ আজো তাঁরা আমাদের পথিকৃৎ। তাদের আদর্শ লেখা আর সংগ্রাম আমাদের অবলম্বন।\r\nকয়েকদিন আগে চট্টগ্রামের এক উপশহরতলীতে এক কিংবদন্তির জীবনাবসনের খবর পেলাম। ছড়া মানে ছোটদের পড়ার জন্য এমন ধারণাই চলে আসছে। মুখে মুখে প্রচলিত ছড়া সুকুমার রায়ের হাতে রাজকীয় অভিষেক পেয়েছে বাংলা সাহিত্যে। অতঃপর বাংলাদেশের চট্টগ্রামে জন্মেছিলেন আরেক সুকুমার। যে কোনো খ্যাতিমান গদ্যশিল্পী, কবি বা অন্য কারও সমান উচ্চতায় নিয়ে গেলেন ছড়াকারদের। পরবর্তীকালে আমরা যারা ছড়া লিখেছি তাদের শিরদাঁড়া শক্ত করে দিয়েছিলেন তিনি।\r\nবাংলা ছড়া সাহিত্যে দু জন সুকুমার। দু জনের পিতৃভূমি, মাতৃভূমি ও আবাস বাংলাদেশে। অগ্রজজন আমাদের দেশের হলেও দেশভাগের পরে ভারতীয়। বাকিজন খাঁটি চাঁটগাইয়া। তাকে আমি প্রথম দেখি ঢাকায় তার স্টাফ কোয়ার্টারের বাসায়। সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যশিল্পী সনজীব বড়ুয়া ও আমি ছিলাম হরিহর আত্মা। তিনজন মিলে ঢাকা গিয়ে হানা দিয়েছিলাম তার বাসায়। বড় দীনদরিদ্র হতশ্রী অবস্থা। কিন্তু অসাধারণ সৃজন শক্তি আর উদ্ভাবনীতে তিনি তখন মধ্যগগনে। ভাবছিলাম এমন একজন দিকপাল ছড়াকারের বাসায় ঢুকতে হলো ঘাড় নিচু করে ?