বাংলা বছরের পৌষ ও মাঘ মাস শীতকাল। পৌষের অর্ধেক হয়ে গেছে। সেই সঙ্গে শুরু হয়েছে শীতের তীব্রতা। রবি ও সোমবার সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতের দাপট আরও কয়েকদিন থাকতে পারে। সে হিসাবে ইংরেজি বছরের শুরুতেও গড়াতে পারে শীতের তীব্রতা। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদন বলছে, জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়তে পারে।
শীত-গরম আবহাওয়ার ঋতুবৈচিত্র্যের অংশ। তবে স্বাভাবিক মাত্রা অতিক্রম করলেই তা জনদুর্ভোগের কারণ হয়। শীতপ্রধান দেশের কথা অবশ্য আলাদা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয় কিশোরগঞ্জের নিকলিতে– ১০ ডিগ্রি সেলসিয়াস। রোববার একই স্থানে প্রায় কাছাকাছি তাপমাত্রার রেকর্ড। ঢাকার তাপমাত্রা অবশ্য ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এর মধ্যেই খবর বলছে, ঘন কুয়াশার কারণে রোববার সন্ধ্যা থেকে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। শনিবার রাত ১টা থেকে রোববার ভোর ৬টার মধ্যে অন্তত ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নির্ধারিত সময় নামতে পারেনি। কুয়াশার কারণে লঞ্চ দুর্ঘটনার একাধিক খবর আমরা দেখেছি, যার মধ্যে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শীতের তীব্রতা আমাদের জনজীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা সাধারণত আক্রান্ত হয়। শিশুরা হঠাৎ তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে পারে না বলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হয়। হাসপাতালে রোগীর চাপ বাড়ে। তীব্র সংকটে পড়ে দরিদ্র মানুষ। অনেকের শীত নিবারণের যথাযথ পোশাক নেই। আবার এ সময়ে অনেক দিনমজুর কাজ পান না। বাইরে মানুষের চলাচল সীমিত হয়ে যাওয়ায় রিকশাচালকসহ অন্যান্য পরিবহন শ্রমিকদেরও আয়ে ভাটা পড়ে। তবে শীতের কারণে গরম কাপড় বিক্রি বাড়ে। লেপ-তোশকও এ সময়ে অপেক্ষাকৃত বেশি কেনেন মানুষ।
শীতে অবশ্য গ্রাম-শহরের পার্থক্য দেখা দেয়। গ্রামে ঘুমাতে যখন লেপ-কম্বলেও শীত মানে না; রাজধানীতে তখন এক-দুটো পাতলা কাঁথায়ও চলে যায়। শহরে মানুষের কোলাহলে শীত কম অনুভূত হয়। আবার দরজা-জানালা বন্ধ বিল্ডিংয়ের ভেতর শীত তেমন প্রবেশ করতে পারে না। গ্রামে অবশ্য সবাই মিলে লাকড়ি জ্বালিয়ে আগুন পোহানোর চিত্র দেখা যায়। দেখা যায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ির আঙিনায় রোদ পোহানোর দৃশ্য। প্রকৃতির পরিবর্তনও গ্রামে লক্ষণীয়। মাঠে-জমিতে সবুজ শাকসবজি আর রসের হাঁড়ি নিয়ে খেজুর গাছে কৃষক। রাজধানীতে এসব চিত্র বিরল। রাজধানীতে যারা পথেঘাটে থাকেন, তাদের অনেকে অনেক কষ্টে শীতের দিন কাটান। কম শীত হলে তাদের সমস্যা কম হয় বটে, কিন্তু শীতের প্রকোপ যখন বেশি তখন ভোগান্তি বাড়ে।
এবারের শীত যখন কিছুটা জেঁকে বসেছে তখনই আমরা দেখছি নির্বাচনী উষ্ণতা। তীব্র শীতের এ সময়েই এসেছে জোটের আলাপ। শক্তিশালী জোট নিয়ে আলোচনা ভোটের মাঠে আছে নিশ্চয়ই। তবে তার প্রভাব মানুষের ওপর কতটা পড়ছে, সেটাই মুখ্য।
শীত প্রকৃতির অংশ। সে জন্য প্রকৃতিকে আমরা যতক্ষণ ভালো রাখব, প্রকৃতিও তেমন ব্যবহার করবে। অনেক সময় মনুষ্যসৃষ্ট আচরণের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। তার বিপরীতে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন মানুষই ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে নির্বাচনের মাধ্যমে যারা নীতিনির্ধারণী পর্যায়ে আসবেন; প্রকৃতি সুরক্ষায় তাদের মনোযোগী হতে হবে। মনুষ্যসৃষ্ট প্রকৃতি ধ্বংসের কার্যক্রম বন্ধ করতেই হবে।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
