গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সর্ষে ইলিশ বা ইলিশ ভাজার ঘ্রাণ আমাদের রসনার তৃপ্তিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। ‘মাছে ভাতে বাঙালি’ কথাটি আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু স্বাদের এই ইলিশের সাথে আমরা কী খাচ্ছি? আমরা কি কেবল প্রোটিন গ্রহণ করছি, নাকি অজান্তেই শরীরে বিষ ঢোকাচ্ছি? এসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক গবেষণার ফলাফল এই প্রশ্নগুলো সামনে এনেছে। গবেষণায় ইলিশ এবং বাজারের অন্যান্য মাছের শরীরে এখন নীরব ঘাতক মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ উপস্থিতি পাওয়া যাচ্ছে। এই অদৃশ্য প্লাস্টিক কণা আমাদের খাদ্যচক্রে এমনভাবে মিশে গেছে, যা ভয়াবহ স্বাস্থ্যসমস্যা হয়ে দাঁড়িয়েছে।
মাইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা। আমরা দৈনন্দিন জীবনে যে পলিথিন, শ্যাম্পুর বোতল বা চিপসের প্যাকেট ব্যবহার করি সেগুলো একসময় খাল-বিল ও নদীতে গিয়ে পড়ে। বছরের পর বছর রোদে পুড়ে এবং পানির ¯্রােতের কারণে এগুলো ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। একে বলা হয় সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক। এছাড়া ফেসওয়াশ, টুথপেস্ট বা প্রসাধনীতে থাকা মাইক্রোবিডস সরাসরি ড্রেনের পানির সাথে মিশে নদীতে গিয়ে পড়ে। এগুলো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক। নদীর মাছ খাবার মনে করে এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো গিলে ফেলে। মাছের পেট থেকে এই বিষাক্ত কণা অত্যন্ত সহজেই চলে আসে আমাদের খাবার টেবিলে।
বাংলাদেশের নদী এবং বঙ্গোপসাগরের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে বেশ কয়েকটি গবেষণা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক জুলজি রিসার্চ গ্রুপ এবং সাস্টের মেরিন সায়েন্স বিভাগের বিজ্ঞানীদের যৌথ গবেষণা, যা যুক্তরাজ্যভিত্তিক জার্নাল ‘ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল পলিউশন’-এ ২০২৫ সালে প্রকাশিত হয়েছিল। গবেষণায় ইলিশ মাছের অন্ত্র, যকৃত ও মাংসপেশির টিস্যুতে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা ইলিশ, রুই, কাতলা ও তেলাপিয়াসহ প্রায় ১৫টি প্রজাতির মাছের ওপর পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায় প্রায় ৭৩ থেকে ৭৪ শতাংশ মাছের শরীরেই প্লাস্টিকের কণা রয়েছে। আতঙ্কের বিষয় হচ্ছে, সামুদ্রিক মাছের মধ্যে ইলিশের শরীরে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব অনেক বেশি পাওয়া গেছে।
ইলিশ মূলত একটি পরিযায়ী মাছ। এটি ডিম ছাড়ার জন্য বঙ্গোপসাগর থেকে ¯্রােতের বিপরীতে মেঘনা ও পদ্মা নদীতে ছুটে আসে। এই দীর্ঘ যাত্রাপথে এটি নদী ও সাগরের দূষিত পানি থেকে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে। ইলিশ মূলত পানি ছেঁকে খাবার খায়, ফলে দূষিত পানির স্তর অতিক্রম করার সময় এবং প্লাঙ্কটনের সাথে প্রচুর প্লাস্টিক কণা এগুলোর শরীরে প্রবেশ করে। ঢাকা শহরের চারপাশের নদীগুলো থেকে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য প্রতিদিন বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, তার ক্ষতির শিকার হচ্ছে ইলিশ।
অনেকে মনে করতে পারে, মাছ কাটার সময় নাড়িভুঁড়ি ফেলে দেয়া হয়। তাহলে প্লাস্টিক আমাদের শরীরে কীভাবে প্রবেশ করবে? বিজ্ঞানীদের মতে, মাইক্রোপ্লাস্টিক শুধু মাছের পাকস্থলীতেই সীমাবদ্ধ থাকে না। এগুলো এতই ক্ষুদ্র যে রক্তনালীর মাধ্যমে তা মাছের পেশি বা মাংসেও প্রবেশ করতে পারে। আর মাছ উচ্চতাপে রান্না করলেও এই প্লাস্টিক নষ্ট হয় না। প্লাস্টিক কণাগুলোর একটি মারাত্মক বৈশিষ্ট্য হচ্ছে, এরা চুম্বকের মতো কাজ করে। পানির অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং ভারী ধাতু যেমন সিসা, ক্যাডমিয়াম বা পারদকে এরা সহজেই আকর্ষণ করে নিজেদের গায়ে আটকে রাখে। ফলে মাইক্রোপ্লাস্টিকের সাথে সাথে এই ভয়ংকর ভারী ধাতুগুলো আমাদের শরীরে প্রবেশ করছে।
চিকিৎসাবিজ্ঞানীদের মতে, দীর্ঘমেয়াদে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে তা মানুষের হরমোন ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে। এটি কিডনি বিকল হওয়া, প্রজনন ক্ষমতা হ্রাস এবং ক্যান্সারের মতো মরণব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। গর্ভবতী মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে এই বিষাক্ত কণা অনাগত সন্তানের শরীরেও প্রবেশ করতে পারে। এটি কোনো কাল্পনিক ভীতির কথা নয়। দেশি-বিদেশি চিকিৎসা সাময়িকীগুলোতে মানুষের রক্ত এবং ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমরা প্রতিনিয়ত একটু একটু করে নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি।
কাঁচাবাজারগুলোতে যে মাছ বিক্রি হচ্ছে, তার প্রায় পুরোটাই কোনো না কোনোভাবে দূষিত পানির শিকার। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা বা বালু নদীর ভয়াবহ দূষণের কথা আমরা সবাই জানি। এই দূষিত পানিতে চাষ করা মাছও এখন আর নিরাপদ নয়। বাণিজ্যিক মাছের খামারে ব্যবহৃত ফিড বা খাবারেও অনেক সময় মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া যায়। বিষয়টি কেবল জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, এটি আমাদের অর্থনীতির জন্যও ক্ষতিকর। বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণে মাছ বিদেশে রপ্তানি করে। ইলিশ আমাদের মর্যাদাপূর্ণ বা জিআই পণ্য। আন্তর্জাতিক বাজারে যদি আমাদের মাছে সহনশীল মাত্রার চেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক বা ভারী ধাতু ধরা পড়ে, তবে পুরো রপ্তানি বাজার ধসে পড়বে। এতে হাজার হাজার মৎস্যজীবী এবং ব্যবসায়ী পথে বসবেন। আমাদের সম্ভাবনাময় ব্লু ইকোনমি বিনষ্ট হবে।
এর জন্য দায়ী কে? এর দায় আমাদের সবার। আমরা প্রতিদিন টনের পর টন প্লাস্টিক বর্জ্য কোনো পরিশোধন ছাড়াই সরাসরি প্রকৃতিতে ফেলে দিচ্ছি। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার চরম ত্রুটি নদীগুলোকে প্লাস্টিকের ভাগাড়ে পরিণত করেছে। শহরের ড্রেন থেকে শুরু করে শিল্পকারখানার তরল বর্জ্য কোনো বাধা ছাড়াই নদীতে মিশছে। নদীর তলদেশে এখন কয়েক ফুট পুরু পলিথিনের স্তর জমে আছে। এই পলিথিনগুলোই ভেঙে মাছের পেটে যাচ্ছে এবং দিন শেষে আমাদের প্লেটে ফিরে আসছে। আমরা প্রকৃতির সাথে যে নির্মম আচরণ করছি প্রকৃতি ঠিক সেভাবেই আমাদেরকে তা ফিরিয়ে দিচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে হলে এখনই কঠোর এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উৎপাদন এবং ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। শুধু আইন করে কাগজে কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না। আইনের কঠোর প্রয়োগ মাঠে ময়দানে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত দেশের প্রতিটি পৌরসভা ও সিটি কর্পোরেশনে আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। প্লাস্টিক বর্জ্য যেন কোনোভাবেই খাল বা নদীতে গিয়ে না পড়ে সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।
উৎপাদকদের ওপর এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি বা ইপিআর নীতি প্রয়োগ করতে হবে। অর্থাৎ যে কোম্পানি প্লাস্টিকের মোড়ক বা বোতল তৈরি করবে সেই মোড়ক রিসাইকেল করার দায়িত্ব ও খরচও তাদের নিতে হবে। বহুজাতিক কোম্পানিগুলোকে পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।
জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। পরিচ্ছন্ন নদী মানেই নিরাপদ মাছ এবং নিরাপদ স্বাস্থ্য। মনে রাখতে হবে, নদী শুধু মাছের আবাসস্থল নয়। এটি আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান উৎস। আমরা যদি নদীকে প্লাস্টিকমুক্ত রাখতে না পারি, তবে অদূর ভবিষ্যতে বাজারের ইলিশ আমাদের জন্য আশীর্বাদের বদলে অভিশাপে পরিণত হবে। নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে হলে প্লাস্টিক দূষণ অবিলম্বে বন্ধ করতে হবে। নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার স্বার্থে প্লাস্টিক দূষণ রোধ করার কোনো বিকল্প নেই।
লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
