টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি স্লোগান খুব পরিচিত– ‘কেউ পিছিয়ে থাকবে না।’ কথাটির মূল বার্তা হলো, সমাজের প্রত্যেক মানুষ সমান সুযোগ পাবে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের মূলধারায় নিয়ে আসতে সরকার বা নীতিনির্ধারণী পর্যায় থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা ক্রমশ পিছিয়ে যাচ্ছে।

সম্প্রতি সমকাল পত্রিকার সংবাদ থেকে জানা যায়, আমাদের সংসদে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নিয়ে একটি নতুন আইন পাস হয়েছে। সে আইনটি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে প্রণয়ন করে। উল্লিখিত আইনে সবার জন্য সরকারি চাকরিতে আবেদনের সীমা হচ্ছে ৩২ বছর। অথচ এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো বাড়তি সুবিধা রাখা হয়নি। অন্তর্বর্তী সরকার আইনটি প্রণয়ন করেছে, আর বর্তমান সরকার সেটি সংসদে পাস করেছে। অর্থাৎ দুটি সরকারই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিশেষ চিন্তা করেনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন মডেলের অন্যতম ধারণা হচ্ছে চ্যারিটি মডেল। এর মূল কথা, সমাজের এসব মানুষ কোনো কাজ করতে পারবে না, যেহেতু তাদের প্রতিবন্ধিতা আছে এবং তারা দান-দক্ষিণার ওপর বেঁচে থাকবে। অনেকে এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি আমাদের সেই দিকেই ইঙ্গিত দেয়। তা না হলে আজ এই বিষয়ে লিখতে হতো না।

এই ঘটনাটি আরও একটি বিষয় স্পষ্ট করে, আমাদের দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের কণ্ঠস্বরের কোথাও কোনো প্রতিফলন নেই। ষষ্ঠ জনশুমারি ২০২২- এর পরিসংখ্যান বলছে, বর্তমানে বাংলাদেশে ৪৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তি; আর এসব ব্যক্তির মাঝে অনেকেই আছেন যারা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। কিন্তু তাদের ইচ্ছার কথা কর্তৃপক্ষ ভাবে না।

সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে যে আইন হয়েছে সেটি কিন্তু কোনো নতুন বিষয় নয় কিংবা হঠাৎ আলোচনায় আসেনি। এটির ওপর দীর্ঘদিন ধরে কাজ হচ্ছিল। বিগত অন্তর্বর্তী সরকার ২০২৪ সাল থেকে এটি নিয়ে কাজ করছিল। এত লম্বা সময় ধরে চলমান একটি বিষয় যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নের সঙ্গে জড়িত, সে বিষয় আমাদের দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তেমন জোরালো প্রতিবাদ করতে পারেননি। সেটিরই একটি প্রতিফলন আমরা দেখতে পেলাম এই আইনে। এতে এটাই প্রতীয়মান– আমাদের দেশের প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও অসংগঠিত।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অনেক ধরনের পদক্ষেপ সরকার বা নীতি প্রণয়নের সঙ্গে যারা জড়িত তারা গ্রহণ করে থাকেন– যেমন বিনা বেতনে শিক্ষা, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, চাকরিতে কোটা এবং চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করা।

এসব পদক্ষেপ একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে থাকে। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরি আইনে একটু বাড়তি সুবিধা কেউ চিন্তা করল না। এর মানে, আমাদের সমাজের এসব মানুষের উন্নয়নের রথ উল্টোপথে যাত্রা করছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে বয়সসীমা-সংক্রান্ত নতুন আইনটি আমাদের সমাজে একটি বড় বৈষম্যের প্রতিফলন।

আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তাদের কথা বিবেচনা না করায় স্পষ্ট হয়– নীতিনির্ধারকরা এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন না। এটি শুধু একটি আইনের সীমাবদ্ধতা নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের কণ্ঠস্বরের অভাব এবং সংগঠিত আন্দোলনের দুর্বলতারও প্রতিফলন। বাংলাদেশের লাখ লাখ প্রতিবন্ধী নাগরিকের স্বপ্ন ও সম্ভাবনা এভাবে উপেক্ষিত হলে তারা মূলধারায় আসতে পারবেন না। স্বপ্ন তাদের কাছে অধরাই থেকে যাবে।

তালুকদার রিফাত পাশা: অ্যাডভোকেসি অফিসার, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ rifatir2@gmail.com