মিতব্যয়িতা, কৃচ্ছ্র এসব শব্দ বঙ্গ অভিধানে থাকলেও বাঙালি এসবের ধার ধারে না। উদারতার নামে অপচয় তার পছন্দ; সেইসঙ্গে খরচের ব্যাপারে উদাসীনতা, স্বেচ্ছাচারিতাও রয়েছে তার। আমরা বাঙালি হিসেবে গর্বভরে অনেক বুলি আওড়াই। কিন্তু ভুলে যাই যে পরিবর্তিত বিশ্বে তেল-গ্যাস-বিদ্যুতের মতো অপরিহার্য অনুষঙ্গ মহাঅভাবের মুখে পড়তে পারে। গায়ের ওপরে এসে না পড়লে আমরা যেন কিছুতেই হিসেবি হই না। খুব বেশি বছর আগের কথা নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া যখন আমাদের দেশেও দেখা দিতে লাগল, সে সময়ে অফিস-আদালতের কর্মঘণ্টা কমানো এবং সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল সাশ্রয় ও কৃচ্ছ্রসাধনের তাগিদে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও ব্যক্তির মিতব্যয়িতা ও বিবেচনাবোধের প্রশ্ন। যার বিরাট অভাব আমাদের কষ্টই দেয়।\r\nআসা যাক কঠিন বর্তমানে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইরানের হামলায় গত সোমবার বন্ধ হয়ে গেছে সৌদি আরবে জ্বালানি তেলের সবচেয়ে বড় শোধনাগার। একই দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও সরবরাহ বন্ধ করেছে কাতার। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালিও বন্ধ। এতে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে। দেশেও জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। তাই তেল-গ্যাস সাশ্রয়ের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ উৎপাদন কমে কিছুটা লোডশেডিং হতে পারে। আর কোথাও কোথাও রান্নার গ্যাস পেতে ভোগান্তি হতে পারে। সত্যি বলতে কি অল্পস্বল্প লোডশেডিং এবং বিপুলভাবে রান্নার গ্যাস সংকট চলছে কয়েক মাস আগে থেকেই। তাপরও সাশ্রয়ের নির্দেশনাকে আমরা সাধুবাদই জানাতে চাই।
এখন থেকেই জ্বালানি তেলের সাশ্রয় করা সম্ভব হলে মহাদুর্দিনে অন্তত জীবনের চাকা রুদ্ধ হয়ে পড়বে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।\r\nবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কথায় আসন্ন সংকটের উদ্বেগ আড়ালে থাকেনি। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানিবাজারে অস্থিরতা তৈরি হয়। এলএনজির দাম নাগালের বাইরে চলে যায়। জ্বালানি তেলের চেয়ে গ্যাসের সংকট বেশি। জ্বালানি সাশ্রয় ও বেশি দামে বিকল্প উৎস থেকে কেনা; আপাতত এর কোনো বিকল্প নেই। চীন, জাপান, পাকিস্তান, ভারত গ্যাসের রেশনিং শুরু করেছে। তাই চাহিদা ব্যবস্থাপনা ও সাশ্রয়ের বিষয়ে সরকার কোনো ভুল সিদ্ধান্ত দেয়নি। আমদানিনির্ভর ও বিদেশনির্ভর জ্বালানি নীতি যে জ্বালানি নিরাপত্তায় কতটা ঝুঁকি তৈরি করতে পারে, বহু বছর ধরেই অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে আসছিলেন। সাময়িক ভোগান্তি মেনে সবাইকে সাশ্রয়ে সহায়তা করার যে আহ্বান ধ্বনিত হয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কণ্ঠে তাতে সাড়া দিতে হবে জাতীয় স্বার্থেই।
