দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে সরকার ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। ২০২৩ সালে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ২৩১ কোটি টাকা ব্যয়ের যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তা ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রীয় কোষাগার ও বিশ্বব্যাংকের অর্থায়নে চলবে প্রকল্পটি। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন ও পুরানো চালকদের দক্ষ করে তোলার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় ৪০ হাজার নতুন চালককে চার মাসে ৮০ দিন মেয়াদি প্রশিক্ষণ এবং ২০ হাজার বিদ্যমান চালককে ৫ দিনের স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ৪০ হাজার চালকের চোখ পরীক্ষা করা হবে এবং ২০ হাজার চালককে দেওয়া হবে চশমা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ ব্যাপারে সহায়তা করবে। নির্ধারিত নিয়ম ও মানদ- অনুসরণ করে প্রশিক্ষণ, সনদ ও লাইসেন্স দেওয়া হবে। দেশের বেকারত্ব, সড়ক নিরাপত্তা ও দক্ষ মানবসম্পদÑ এই তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার এমন পদক্ষেপ নিয়েছে, যা আমাদের যুব সমাজের বেকারত্ব ঘুচিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতি বছর দেশে চার হাজারের বেশি সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু ও আহতের ঘটনা ঘটে, যেটা মোট জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধির সঙ্গে সমান্তরাল।
রোড সেফটি ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০২৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ২১ হাজার ৮৮৬ কোটি টাকার মানবসম্পদ ক্ষতি হয়েছে, যা জিডিপির প্রায় ৩ শতাংশ পর্যন্ত হতে পারে। সে অবস্থায় পেশাদার চালকদের মান উন্নয়ন হলে সড়ক দুর্ঘটনা কমতে পারে, যানবাহন ব্যবস্থাপনা আরও শৃঙ্খলিত হবে এবং গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা বাড়বে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ও অপ্রশিক্ষিত চালকের কারণে যে সড়ক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা কমাতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, মাননিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। প্রশিক্ষণ যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সনদ-লাইসেন্স প্রদানে কোনো অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। বিআরটিএর এই প্রশিক্ষণ কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শ্রমবাজারের আন্তর্জাতিক পরিম-লের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চালকদের প্রস্তুত করা। বিআরটিএর প্রতিবেদন মতে, সরকারি পেশাদার ও বেসরকারি ও ব্যক্তিগত গাড়ির ড্রাইভার মিলিয়ে দেশে প্রায় ২ লাখ পেশাদার ভারী ও হাল্কা যানচালক আছেন। কিন্তু চাহিদা আরও বেশি। গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন হলে এটি বেকারত্ব হ্রাস, সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
