সদ্য পদোন্নতি ও ডিজিএফআই-এর ডিজি পদে নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নি:সন্দেহে ২৯ বিএমএ লং কোর্সের একজন চৌকস অফিসার। কর্মজীবনে সামরিক ক্যারিয়ারে তিনি নিজ আর্মসের (আর্টিলারি) বেসিক কোর্স থেকে শুরু করে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের সিংহভাগ প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন।
মেজর জেনারেল কায়সার এতোটাই মেধাবি যে, তাকে একবার যা পড়তে দেয়া হয়, সেটা দ্বিতীয়বার বলতে হয়নি এবং তা অসাধারণভাবে উপস্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। অন্যদের মতো বারবার পড়তে বলতে হয় নি তাঁকে। মিলিটারি অপারেশনসের জটিল বিষয়গুলো তার কাছে কেন যেন সহজ মনে হতো। অন্যদিকে আবার বই পুস্তকের যে বিষয়গুলো মুখস্ত করতে হবে, তা তার একবারে মুখস্ত হয়ে যায় এবং তা হুবুহু একই ভাবে লিখতে পারতেন। বন্ধু মহলে তার মেমোরিকে বলা হতো ফটোজেনিক মেমোরি- ঠিক ফটোস্ট্যাট মেশিন যেভাবে একটা ডকুমেন্টকে রিপ্রডিউস করে।
মেজর জেনারেল কায়সার ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত জাতিসংঘের UNDPKO (United Nations Department of Peacekeeping Operations) এ "চীফ অফ ফোর্স জেনারেশন" হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশের জন্য জাতিসংঘে প্রচুর ভ্যাকেন্সি তৈরি করতে সক্ষম হয়। তাঁর দায়িত্বপালন কালীন সময়ে বাংলাদেশ সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী রাষ্ট্রের অবস্থানে পুনঃস্থাপিত হয় এবং এর মাধ্যমে রাষ্ট্রের রেমিট্যান্স আয় ব্যাপক বৃদ্ধি পায়। জেনারেল কায়সার দায়িত্ব শেষে প্রত্যাবর্তনের পর বাংলাদেশ জাতিসংঘে সেই অবস্থান আর ধরে রাখতে পারেনি। তিনি আপাদমস্তক, অর্থাৎ পায়ের বুট থেকে মাথার বেরেট পর্যন্ত একজন প্রফেশনাল অফিসার, যার কখনই কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। সহকর্মীরা মনে করতেন, তার জেনারেল হওয়া একটা সময়ের ব্যাপার মাত্র।
জেনারেল কায়সারের প্রফেশনাল কম্পিটেন্স নিয়ে তার বন্ধুরা গর্বিত। তার সততা, নিষ্ঠা, চারিত্রিক দৃঢ়তা, দেশপ্রেম, মেধা ও প্রজ্ঞা তার সিনিয়র- কোর্সমেট- জুনিয়র সর্বজন জ্ঞাত এবং সর্বত্র প্রশংসিত। অত্যন্ত দৃঢ়চেতা জেনারেল কায়সার সত্য বলতে কখনো পিছপা হননি। চাটুকারিতা আর মিথ্যা প্রশংসা করতে তাকে কখনো কেউ দেখেনি। নীতির প্রশ্নে আপোসহীন এই অফিসারের কাছ থেকে অন্যরা শতভাগ ভদ্রতা আর শিষ্টাচার বজায় রেখে কঠিন সত্য বলা শিখেছে। সম্প্রতি কায়সার মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে ডিজিএফআইয়ের ডিজি নিযুক্ত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তার মত অফিসার এই প্রতিষ্ঠানটিকে সংস্কারের জন্য সরকারের সর্বোত্তম সিদ্ধান্ত বলে তাঁর সমসাময়িক কর্মকর্তারা মনেপ্রাণে বিশ্বাস করেন।
তবে কোনো কোনো অবিবেচক, ফেসবুক- ইউটিউবে ভিউ ব্যবসায়ী অথবা বিদেশী স্বার্থ রক্ষাকারী গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জাতিসংঘের দায়িত্ব পালনকালে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের ছবি নিয়ে তাকে পলিটিক্যাল ট্যাগ দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। শুধু বিএনপি এখন ক্ষমতায় আছে বলে তাকে বিএনপি'র প্রথম সারির নেতা বলাটাই ফেসবুকে বাকী রয়েছে। অন্য রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে জীবিকা নির্বাহকারীরা সম্ভবত তাও বলার সুযোগ খুঁজছে! যে অনলাইন নিউজ পোর্টালগুলো বা ভিউ ব্যবসা করে জীবিকা নির্বাহকারীগণ এসব করে বেড়ান, তাদের দেশপ্রেম তো নেইই, ন্যুনতম আত্মসম্মানবোধও আছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই ঘৃণ্য কাজ কখনোই সফল হবে না। কারণ মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে সেনাবাহিনীতে সবাই ভালোভাবেই চেনে। প্রফেশনাল মিলিটারি অফিসাররা রাষ্ট্রের সম্পদ। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে তাদের ওপরে উঠতে হয় না। তছাড়া কায়সার রশিদ বাংলাদেশের সামরিক বাহিনীতে প্রফেশনাল অফিসার হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত। এই রাষ্ট্রীয় গুরুদায়িত্ব প্রাপ্ত হওয়ায় মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে অভিনন্দন! উজ্জ্বল সামরিক ক্যারিয়ারে সর্বত্র যেমন সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন। একইভাবে এই গুরু দায়িত্বেও সফল হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্য অসামান্য অবদান রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। লেখক : আহসান হাবীব কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক
